সিনেমা মুক্তির লাইনআপে গুরুত্বপূর্ণ পরিবর্তন এনেছে হলিউড স্টুডিও ওয়ার্নার ব্রস। এর মধ্যে রয়েছে পল থমাস অ্যান্ডারসন পরিচালিত ও লিওনার্দো ডিক্যাপ্রিও অভিনীত অতিপ্রতীক্ষিত ‘ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার’। খবর ভ্যারাইটি।
পল থমাস অ্যান্ডারসনের সিনেমাটির কাহিনী নিয়ে রহস্য বজায় থাকলেও শোনা যাচ্ছে এটি আমেরিকান ক্রাইম থ্রিলার ঘরানার। আগের নির্ধারিত ৮ আগস্ট থেকে সরে এখন এটি ২৬ সেপ্টেম্বর মুক্তি পাবে।
সিনেমাটি কারিগরি দিক থেকে কিছুটা উচ্চাভিলাষী। প্রেক্ষাগৃহে ভিস্তা ভিশন প্রজেকশন সিস্টেম ব্যবহার ‘ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার’ মুক্তি পেছানোর একটি কারণ। পরিচালক অ্যান্ডারসনের মতে, এ প্রযুক্তিতে প্রদর্শিত হলে সিনেমাটি যথাযথভাবে উপভোগ করতে পারবেন দর্শক।
এছাড়া আগস্ট থেকে সেপ্টেম্বরের শেষ দিকে স্থানান্তরিত হওয়ার অর্থ গ্রীষ্মকালীন বক্স অফিস সিজন থেকে বেরিয়ে এসে পুরস্কারের মৌসুমের কাছাকাছি চলে এল ‘ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার’।
এটিও পল থমাস অ্যান্ডারসনের সিনেমার জন্য প্রত্যাশিত। ইতিহাস বলে, এ সিজনে মুক্তি পাওয়া পুরস্কারজয়ী ‘গ্রাভিটি’ ও ‘আ স্টার ইজ বর্ন’ বক্স অফিসেও সফল।
‘ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার’ সিনেমায় ডিক্যাপ্রিওর সহশিল্পী হিসেবে আছেন শন পেন, বেনিসিও ডেল টোরো, রেজিনা হল ও তেয়ানা টেইলর।
ওয়ার্নার ব্রসের শিডিউল পরিবর্তনে আরেকটি গুরুত্বপূর্ণ সিনেমা হলো ম্যাগি জিলেনহাল পরিচালিত ‘দ্য ব্রাইড!’, যা সেপ্টেম্বর থেকে আগামী বছরের ৬ মার্চে সরিয়ে নেয়া হয়েছে।
এতে অভিনয় করেছে ক্রিশ্চিয়ান বেল ও জেসি বাকলি। এ সিনেমায় নতুন রূপে উঠে আসবে ফ্রাঙ্কেনস্টাইন ও তার স্ত্রীর গল্প। সূত্র জানাচ্ছে, মার্চে সাই-ফাই ফ্র্যাঞ্চাইজি ‘ডিউন’ ও লেজেন্ডারি মনস্টার সিনেমাগুলো ভালো ফলাফল করেছে।
এদিকে আগামী বছরের জানুয়ারিতে মুক্তির কথা থাকলেও জ্যাক ক্রেগারের পরবর্তী সিনেমা ‘ওয়েপনস’ চলে আসছে এ বছরের ৮ আগস্ট। এটি ছিল ‘ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার’ মুক্তির প্রাথমিক তারিখ। এ সিনেমায় অভিনয় করেছেন ডেভ ফ্রাঙ্কো ও অ্যালিসন ব্রি। এছাড়া অ্যান হ্যাথাওয়ে, ইয়ান মেকগ্রেগর ও মেসি স্টেলা অভিনীত ‘ফ্লাওয়ারভেল স্ট্রিট’ আগামী বছরের মার্চ থেকে পিছিয়ে ১৪ আগস্ট মুক্তি পাবে। এটি পরিচালনা করেছেন ডেভিড রবার্ট মিচেল।
সবশেষ যে সিনেমাটির কথা আসে, অ্যানিমেশন ‘দ্য ক্যাট ইন দ্য হ্যাট’। এটি পূর্বে নির্ধারিত সময়ের দুই সপ্তাহ আগে আগামী ২৭ ফেব্রুয়ারি মুক্তি পাবে।










