হলিউডের কিংবদন্তি অভিনেত্রী ও অস্কারজয়ী তারকা ডায়ান কিটন মারা গেছেন। তার বয়স হয়েছিল ৭৯ বছর। গত শনিবার ক্যালিফোর্নিয়ায় তার মৃত্যু হয় বলে পরিবার সূত্রে জানা গেছে। বিবিসি'র ইউএস পার্টনার সিবিএস নিউজকে তার মৃত্যুর খবর নিশ্চিত করেছেন ডায়ান কিটনের বন্ধু এবং প্রযোজক ডোরি র‍্যাথ।

লস অ্যাঞ্জেলসে জন্ম নেয়া কিটন ১৯৭০-এর দশকে ‘দ্য গডফাদার’ চলচ্চিত্রে কেই অ্যাডামস-কোরলিওনি চরিত্রে অভিনয়ের মাধ্যমে বিশ্বজুড়ে খ্যাতি পান। পরবর্তীতে ‘অ্যানি হল’, ‘ফাদার অব দ্য ব্রাইড’, ‘ফার্স্ট ওয়াইভস ক্লাব’–সহ একাধিক জনপ্রিয় চলচ্চিত্রে অভিনয় করেন।

keaton 2

অস্কার হাতে ডায়ান কিটন। ছবি- এপি

১৯৭৮ সালে ‘অ্যানি হল’ ছবির জন্য কিটন অ্যাকাডেমি অ্যাওয়ার্ড (অস্কার), গোল্ডেন গ্লোব, ও বাফটা—তিন পুরস্কারই জেতেন শ্রেষ্ঠ অভিনেত্রী বিভাগে।

পাঁচ দশকেরও বেশি দীর্ঘ ক্যারিয়ারে তিনি ‘দ্য ফ্যামিলি স্টোন’, ‘বিকজ আই সেইড সো’, ‘রেডস’, ও ‘ম্যানহাটন’ সহ বহু স্মরণীয় চরিত্রে অভিনয় করেছেন। তার সর্বশেষ চলচ্চিত্র ছিল ২০২৪ সালের কমেডি ‘সামার ক্যাম্প’।

অভিনয়ের পাশাপাশি কিটন পরিচালনাতেও যুক্ত ছিলেন। তার পরিচালিত প্রথম চলচ্চিত্র ছিল ১৯৮৭ সালের তথ্যচিত্র ‘হেভেন’। পরে তিনি ১৯৯৫ সালের কমেডি-ড্রামা ‘আনস্ট্রাং হিরোস’ পরিচালনা করেন, যা প্রদর্শিত হয় কান চলচ্চিত্র উৎসবে।

ডায়ান কিটন কখনো বিয়ে করেননি। তিনি দুটি সন্তান দত্তক নিয়েছিলেন—কন্যা ডেক্সটার ও পুত্র ডিউক।

woody allen

'অ্যানি হল' এর সেটে পরিচালক উডি অ্যালেনের সঙ্গে ডায়ান কিটন। ছবি- বেটম্যান আর্কাইভ

চলচ্চিত্রের চরিত্র এবং ব্যক্তিগত জীবনে কিটন তার পুরুষালী পোশাক ও চওড়া-পাড়ের হ্যাট সংবলিত অনন্য ফ্যাশন স্টাইলের জন্য পরিচিত ছিলেন।

তার মৃত্যুতে সহকর্মীরা গভীর শোক জানিয়েছেন। অভিনেত্রী বেট মিডলার ইনস্টাগ্রামে লিখেছেন, ‘অসাধারণ, মেধাবী, এবং একেবারে আলাদা ধাঁচের একজন মানুষ ছিলেন ডায়ান কিটন। তার মৃত্যু আমাদের জন্য অসহনীয় কষ্টের।‘

অভিনেতা বেন স্টিলার এক্স–এ লেখেন, ‘ডায়ান কিটন চলচ্চিত্র ইতিহাসের অন্যতম শ্রেষ্ঠ অভিনেত্রী। তিনি ছিলেন হাস্যরস, স্টাইল ও প্রতিভার প্রতীক।‘

নিজের আত্মজীবনী ‘দেন অ্যাগেইন’-এ কিটন লিখেছিলেন, ‘আমি যতক্ষণ প্রিয়জনদের হাসিমুখ দেখি, ততক্ষণ নিজেকে সুখী মনে হয়। এ ভালোবাসা হয়তো অন্য কেউ অনুভব করতে পারবে না।‘