অ্যাকশন, রোমান্স কিংবা পারিবারিক বিনোদন সব ধরনের সিনেমায়ই তিনি দর্শকের কাছে সমান জনপ্রিয়। তবে সম্প্রতি নিজের কাজের ধরন নিয়ে এমন এক তথ্য প্রকাশ করেছেন, যা ভক্তদের অনেককেই বিস্মিত করেছে।

সম্প্রতি এক সাক্ষাৎকারে সালমান খান জানান, জীবনে কখনো তিনি কোনো চিত্রনাট্য পড়ে কাজ নির্বাচন করেননি। বরং তিনি লেখক বা পরিচালকের মুখে গল্প শুনে চলচ্চিত্র বেছে নিতে স্বাচ্ছন্দ্যবোধ করেন। তার মতে, এভাবেই নির্মাতার আসল ভাবনা ও দৃষ্টিভঙ্গি বোঝা সম্ভব।

সালমান খান বলেন, ‘আমি জীবনে কখনো চিত্রনাট্য পড়িনি। তবে লিখেছি। আমি গল্প শুনতে পছন্দ করি। লেখক বা পরিচালক যখন গল্প বলেন তখন বুঝতে পারি, তিনি কী ধরনের চলচ্চিত্র বানাতে চান। যদি আমি নিজে পড়ে ফেলি তাহলে আমার নিজের ভাবনা তৈরি হয়ে যায়, যা পরিচালকের ভাবনার সঙ্গে মিল নাও থাকতে পারে।’

অভিনেতার এ মন্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। অনেকেই মনে করছেন, দীর্ঘ সফল ক্যারিয়ারের পরও সালমানের কাজের এ ধরন বেশ ব্যতিক্রমী। কারণ সাধারণত অভিনেতারা চরিত্র ও গল্প বিশ্লেষণের জন্য চিত্রনাট্য পড়েই সিদ্ধান্ত নেন। তবে সালমান বরাবরই চলচ্চিত্রের সৃজনশীল প্রক্রিয়ায় সরাসরি যুক্ত থেকেছেন। গল্পের বিকাশ ও চিত্রনাট্য নিয়ে মতামত দেয়ার ক্ষেত্রেও তার সক্রিয় ভূমিকা রয়েছে।

বর্তমানে সালমান তার নতুন চলচ্চিত্র ‘মাতৃভূমি: মে ওয়ার রেস্ট ইন পিস’ শীর্ষক সিনেমার প্রস্তুতি নিচ্ছেন। এটি পরিচালনা করছেন অপূর্ব লাখিয়া। পাশাপাশি প্রযোজক দিল রাজুর একটি নতুন সিনেমায়ও কাজ করবেন সালমান। সেখানে তার সঙ্গে প্রথমবার জুটি বাঁধবেন অভিনেত্রী নয়নতারা।

চিত্রনাট্য নিয়ে সালমান খানের মন্তব্য চলচ্চিত্র নির্মাণের এক ভিন্ন বাস্তবতাকেই সামনে আনে। সিনেমা শুধু লিখিত শব্দের শিল্প নয়, এটি অনুভূতি, কল্পনা ও নির্মাতার দৃষ্টিভঙ্গিরও শিল্প। সে কারণেই হয়তো চিত্রনাট্য না পড়েও গল্প শুনেই তিনি বছরের পর বছর দর্শকের জন্য তৈরি করে চলেছেন জনপ্রিয় সব চলচ্চিত্র।

সূত্র: বলিউড হাঙ্গামা