বাদ গেলেন না আয়ুষ্মান খুরানা, কঙ্গনা রানাওয়াতের সমালোচনার তীর এবার বিঁধল তার গায়ে। আয়ুষ্মান খুরানা বলিউডে ‘বহিরাগত’। কিন্তু তাকে তাহলে কেন আক্রমণ করল টিম কঙ্গনা?

আয়ুষ্মান খুরানাকে আক্রমণ করতে গিয়ে কঙ্গনা বেছে নিয়েছেন বলিউডের স্বঘোষিত ও বহুল বিতর্কিত কেআরকে বা কমল রশিদ খানকে। নেপোটিজম ইস্যুতে চুপ থাকার জন্য আয়ুষ্মানকে সমালোচনা করে কেআরকের দেয়া একটি পোস্ট শেয়ার করেছেন কঙ্গনা; সঙ্গে বহিরাগত আয়ুষ্মানকে ‘মুভি মাফিয়ার তোষামোদকারী’ আখ্যা দিয়েছেন।

কেআরকে তার টুইটে লেখেন, ‘তিনটি কারণের জন্য রিয়া ও ‘নেপো কিড’-দের পক্ষ নিচ্ছেন আয়ুষ্মান। তাকে বলিউডে টিকে থাকতে এবং তিনি ইয়াশ রাজের ব্যানারে অভিনয় করেন। তৃতীয়ত সুশান্ত ছিলেন তার প্রতিপক্ষ।’ সেই টুইট শেয়ার করে কঙ্গনা জাতীয় পুরস্কারপ্রাপ্ত অভিনেতা আয়ুষ্মান খুরানাকে মুভি মাফিয়ার বহিরাগত তোষামোদকারী আখ্যা দেন।

সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর থেকেই বলিউডে নেপোটিজম নিয়ে সোচ্চার হয়েছেন কঙ্গনা রানাওয়াত। আলিয়া ভাট, করণ জোহর, তাপসী পান্নু, স্বরা ভাস্করের মতো অনেকের বিরুদ্ধেই তোপ দেগেছেন কঙ্গনা। এবার তার সর্বশেষ নিশানায় বিদ্ধ হলেন আয়ুষ্মান খুরানা।

আয়ুষ্মানকে আক্রমণের আগে টুইটে কঙ্গনা রণবীর কাপুরকে ‘সিরিয়াল স্কার্ট চেজার’ আখ্যা দেন। বলেন, এর পরও তাকে কেউ ধর্ষক বলার সাহস করে না। ছাড়েননি দীপিকা পাড়ুকোনকে। একই টুইটে লেখেন, ‘দীপিকা স্বঘোষিত মানসিক রোগী, কিন্তু তাকে সাইকো বা ডাইনি বলা হয় না।’ এর আগে জেএনইউর শিক্ষার্থীদের আন্দোলনে সমর্থন দেয়ায় দীপিকাকে আক্রমণ করেছিলেন কঙ্গনা রানাওয়াত। অবশ্য কঙ্গনা রানাওয়াতের কোনো সমালোচনারই কখনো জবাব দেননি দীপিকা।

 

সূত্র: ডিএনএ