বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে শিক্ষকদের প্রতি শ্রদ্ধা জানাতে ‘হেলেন কেলার’ নাটকের বিশেষ মঞ্চায়ন করতে যাচ্ছে নাট্যসংগঠন স্বপ্নদল। ৫ অক্টোবর সন্ধ্যা ৭টায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির স্টুডিও থিয়েটারে নাটকটির ৬৬তম মঞ্চায়ন হবে।

‘বিশ্বের বিস্ময়’ হেলেন কেলারের জীবন, সংগ্রাম, স্বপ্ন ও দর্শন অবলম্বনে নাটকটি রচনা করেছেন অপূর্ব কুমার কুণ্ডু। নির্দেশনা দিয়েছেন জাহিদ রিপন। একক অভিনয়ে রয়েছেন জুয়েনা শবনম। বিশেষ প্রদর্শনীতে প্রধান অতিথি থাকবেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক প্রফেসর ড. খান মইনুদ্দিন আল মাহমুদ সোহেল।

দৃষ্টি, বাক ও শ্রবণপ্রতিবন্ধকতা জয় করে হেলেন কেলারের ঘুরে দাঁড়ানোর গল্পকে কেন্দ্র করে নির্মিত হয়েছে ‘হেলেন কেলার’। এতে তার শিক্ষয়িত্রী অ্যান স্যুলিভানের প্রতি কৃতজ্ঞতার পাশাপাশি হেলেন কেলারের মানবতাবাদ, নারীজাগরণ, যুদ্ধ ও সহিংসতার বিরোধিতা এবং রবীন্দ্রনাথ ঠাকুরের দর্শনের প্রভাবের বিভিন্ন দিক উঠে এসেছে।