নির্মাতা শিহাব শাহীনের ‘গোলাম মামুন’ ওয়েব সিরিজের নাম ভূমিকায় একজন পুলিশ কর্মকর্তার চরিত্রে অভিনয় করে পেয়েছিলেন দর্শকের প্রশংসা। দীর্ঘ দুই বছরের বিরতি কাটিয়ে আবারো ওটিটির পর্দায় ফিরছেন এ তারকা। তবে এবার আর পুলিশ নয়, তাকে দেখা যাবে একজন অনুসন্ধানী সাংবাদিকের চরিত্রে। সিরিজের নাম ‘হেডলাইন’। এটি নির্মাণ করেছেন সালেহ সোবহান অনীম।

ওটিটি প্লাটফর্ম হইচইয়ে ২৫ জুন মুক্তি পাবে প্রতীক্ষিত সিরিজটি। মুক্তির তারিখ ঘোষণার পাশাপাশি এরই মধ্যে প্রকাশ পেয়েছে এর টানটান উত্তেজনার ট্রেলার। ট্রেলারজুড়েই মিলল এক রহস্যের আভাস। এতে স্পষ্ট ফুটে উঠেছে সাংবাদিকতার মাঠের চ্যালেঞ্জ, সিস্টেমের ভেতরে ঘাপটি মেরে থাকা নানা অনিয়ম ও দুর্নীতির অন্ধকার দিক। পেশাগত এ লড়াইয়ের পাশাপাশি গল্পে সমান্তরালে উঠে আসবে পারিবারিক সম্পর্ক, ব্যক্তিগত সংকট ও মানবিক টানাপড়েনের এক দারুণ রসায়ন।

আট পর্বের এই থ্রিলার সিরিজে সাংবাদিক জহির চরিত্রে অভিনয় করেছেন অপূর্ব। চরিত্রটি নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করে এ অভিনেতা বলেন, ‘জহির চরিত্রটার একটা দারুণ গ্রাফ আছে। গল্পের বিভিন্ন পর্যায়ে তাকে ভিন্ন ভিন্ন রূপে দেখা যাবে। কখনো সে খুবই আবেগপ্রবণ, আবার কখনো বাস্তবতার কঠিন মুখোমুখি দাঁড়িয়ে শক্ত সিদ্ধান্ত নিতে বাধ্য হয়। একজন অভিনেতা হিসেবে এ ধরনের বহুস্তরীয় বা লেয়ারড চরিত্র সবসময়ই আমাকে দারুণভাবে আকৃষ্ট করে।’

এই সিরিজের আরেকটি বড় চমক হচ্ছে আফসান আরা বিন্দু। ‘হেডলাইন’-এর মাধ্যমে দীর্ঘ তিন বছর পর ওটিটির পর্দায় প্রত্যাবর্তন করছেন এই লাক্স তারকা। দীর্ঘ বিরতি কাটিয়ে ফিরেই এমন একটি শক্তিশালী প্রজেক্টে যুক্ত হতে পেরে বিন্দু ভীষণ উচ্ছ্বসিত এবং সিরিজটি নিয়ে দর্শকের প্রতিক্রিয়া দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন।

তারকাবহুল এই সিরিজে অপূর্ব ও বিন্দু ছাড়াও আরো অভিনয় করেছেন ইয়াশ রোহান, সারিকা সাবরিন, ফারহানা হামিদ, শ্যামল মাওলা, রাই রাজন্যা, অর্নিল বিরল, মনিরুল ইসলাম রুবেল, আমিনুর রহমান মুকুল, এ কে আজাদ সেতু, সাহানা রহমান সুমি, আরিফিন জিলানীসহ আরো অনেকে। সাংবাদিকতা আর অপরাধের এ জটিল সমীকরণ ওটিটি প্রেমীদের মাঝে নতুন এক উন্মাদনা তৈরি করবে বলেই ধারণা সংশ্লিষ্টদের।