দেয়ালজোড়া সবুজ। এ কারণেই প্রদর্শনীর নাম ‘সবুজের বৈভব’। চলছে আলিয়ঁস ফ্রঁসেজে। লা গ্যালারিতে শিল্পী সুবর্ণ চক্রবর্তীর এ একক চিত্র প্রদর্শনী শুরু হয়েছে ২২ সেপ্টেম্বর। চলবে ২৯ সেপ্টেম্বর পর্যন্ত।

সুবর্ণ চক্রবর্তী ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদ থেকে ২০২২ সালে বিএফএ এবং ২০২৪ সালে এমএফএ সম্পন্ন করেন। তার শিল্পচর্চায় প্রকৃতি, বিশেষ করে উদ্ভিদ ও পাতার আকৃতি ও রঙ গুরুত্ব পায়। চিত্রকলা, অঙ্কন ও গবেষণার পাশাপাশি তিনি তেলরঙ, অ্যাক্রিলিক, জলরঙ, পেন্সিলসহ বিভিন্ন মাধ্যমে কাজ করেন।

সবুজের বৈভব সুবর্ণ চক্রবর্তীর প্রথম একক চিত্র প্রদর্শনী। সুমন ওয়াহেদের কিউরেশনে আয়োজিত এ প্রদর্শনীতে পাতা, ফুল ও ঘাস থেকে অনুপ্রাণিত বিভিন্ন চিত্রকর্ম স্থান পেয়েছে। প্রকৃতির এসব উপাদানের বৈচিত্র্যময় আকৃতি, গঠন, রঙ ও সূক্ষ্ম ছন্দকে শিল্পকর্মগুলোর মাধ্যমে তুলে ধরা হয়েছে।

কভিড-১৯ মহামারীর সময় মানুষের চলাচল সীমিত হয়ে পড়লে শিল্পীর চারপাশের প্রকৃতিকে দেখার অভিজ্ঞতাও বদলে যায়। বিভিন্ন উদ্ভিদ ও পাতার স্বতন্ত্র বৈশিষ্ট্য তার দৃষ্টি আকর্ষণ করতে শুরু করে। সময়ের সঙ্গে সে আগ্রহ পাতাকে তার শিল্পচর্চার অন্যতম বিষয়ে পরিণত করে। 

সবুজের বৈভবের মাধ্যমে সুবর্ণ চক্রবর্তী প্রকৃতিকে নতুনভাবে দেখা ও উপলব্ধি করার একটি সুযোগ তৈরি করতে চান। চারপাশের অনেক সময় উপেক্ষিত থেকে যাওয়া সূক্ষ্ম বিষয়গুলোর প্রতি দৃষ্টি আকর্ষণের মধ্য দিয়ে প্রদর্শনীটি প্রকৃতির বৈচিত্র্য, গুরুত্ব ও পরিবেশের প্রতি আরো গভীর সচেতনতার আহ্বান জানায়।