এ সপ্তাহে চীনের বক্স অফিস মাৎ করেছে হ্যারি পটার অ্যান্ড দ্য ফিলোসফার’স স্টোন। চীনে সম্প্রতি সিনেমা হল খুলে দেয়া হয়েছে। তার পর থেকে হলিউডের অনেক ছবি পুনরায় মুক্তি দেয়া হয়েছে। থ্রিডি হ্যারি পটার অ্যান্ড দ্য ফিলোসফার’স স্টোন তেমনই একটি ছবি।

হ্যারি পটার অ্যান্ড দ্য ফিলোসফার’স স্টোন ওয়ার্নার ব্রসের এই বিলিয়ন ডলার ফ্র্যাঞ্চাইজির প্রথম ছবি। চীনের স্থানীয় বক্স অফিস কনসালট্যান্সি আর্টিজান গেটওয়ে জানিয়েছে, গত সপ্তাহে ছবিটি চীনে ১ কোটি ৩৪ লাখ ডলারের ব্যবসা করেছে। আর এটা ভূমিকা রেখেছে পুরো সপ্তাহে চীনের বক্স অফিসের সফল বাণিজ্যে। মহামারীর নিষেধাজ্ঞা কাটিয়ে সিনেমা হল খুলে দেয়ার পর চীনের বক্স অফিসে এটাই সবচেয়ে সফল সপ্তাহ।

করোনাভাইরাস মহামারীর পর চীনের সিনেমা হল খুলেছে এক মাস হলো। সেই জানুয়ারিতে লকডাউনের সময় থেকে বন্ধ ছিল চীনের সিনেমা হলগুলো। সিনেমা হলগুলোয় অবশ্য কঠোরভাবে স্বাস্থ্যবিধি মেনে চলার ব্যবস্থা নেয়া হয়েছে। স্ক্রিন সংখ্যা কমানো হয়েছে, সামাজিক দূরত্ব নিশ্চিত করারও ব্যবস্থা নেয়া হয়েছে।

নতুন করে থিয়েটার খুলে দেয়ার পর চীনের বক্স অফিসের সবচেয়ে ব্যবসাসফল দিন ছিল শনিবার। এর মূল কারিগর ছিল হ্যারি পটার অ্যান্ড দ্য ফিলোসফার’স স্টোন। জে কে রাউলিংয়ের বই অবলম্বনে তৈরি ছবিটি প্রথম মুক্তি পেয়েছিল ২০০১ সালে। মুক্তির প্রায় দুই দশক পর চীনে ছবিটি পুনরায় মুক্তি পেয়ে মহামারীর আতঙ্ক কাটিয়ে দর্শকদের আবারো হলমুখী করতে সাহায্য করেছে।

বক্সঅফিসে দ্বিতীয় স্থানে ছিল সনির বিলম্বিত রিলিজ ব্যাড বয়েজ ফর লাইফ। এ ছবির আয় ছিল ৩১ লাখ ডলার। চীনের হলগুলো স্বভাবতই হলিউডের নতুন ছবি দেখাতে পারছে না। হলিউডের কার্যক্রমই প্রায় বন্ধ হয়ে আছে। চীনে বক্স অফিসে তৃতীয় স্থানে ছিল স্থানীয় ওয়ার এপিক দি এইট হান্ড্রেড। ১৯৩৭ সালের চীন-জাপান যুদ্ধের একটি লড়াই নিয়ে এ ছবি।

 

সূত্র: হলিউড রিপোর্টার