অভিনয়ের পাশাপাশি নির্মাণেও নিজের গল্প বলার পথ তৈরি করছেন মোস্তাফিজুর নূর ইমরান। তার প্রথম নির্মাণ ‘জ্বীনের বাচ্চা’। এবার এ অভিনেতা নিয়ে আসছেন দ্বিতীয় ওয়েব কনটেন্ট জাদুকর। সাইকোলজিক্যাল হরর ঘরানার গল্পটির চিত্রনাট্য ও কাহিনী লিখেছেন রাজীব হোসেন।

গ্রামবাংলার এক জাদুকরকে কেন্দ্র করে এগিয়েছে জাদুকরের গল্প। এর মধ্য দিয়ে মনস্তাত্ত্বিক দ্বন্দ্বের একটি প্রেক্ষাপট তুলে ধরতে চেয়েছেন ইমরান। এরই মধ্যে কনটেন্টটির শুটিং শেষ হয়েছে। তৈরি হয়েছে পোস্টারও। তবে এখনো কোনো ওটিটি প্লাটফর্মের সঙ্গে চুক্তি হয়নি। ইমরান জানান, দেশের সব ওটিটি প্লাটফর্মের সঙ্গে আলাপ করবেন তিনি। যেখানে সবকিছু মনমতো হবে, সেখান থেকেই জাদুকর দর্শকের সামনে আসবে।

কনটেন্টটির নাম ভূমিকায় অভিনয় করেছেন শরীফ সিরাজ। জাদুকর চরিত্রে অভিনয়ের জন্য তাকে একজন পেশাদার জাদুকরের কাছ থেকে প্রশিক্ষণও নিতে হয়েছে। এছাড়া অভিনয় করেছেন শাওয়ানা, আনোয়ার হক, রশিদ হারুন, হোসাইন জীবন, ফারজানা জলি প্রমুখ।

নির্মাতা হিসেবে নিজের পছন্দের গল্প বলতেই আগ্রহী ইমরান। তিনি বলেন, ‘যেসব গল্প দীর্ঘদিন ধরে আমাকে ভাবাচ্ছে, সেগুলোই সামনে নিয়ে আসছি। আমার প্রথম গল্পের আগেই জাদুকরের গল্পটি নিয়ে কাজ শুরু করেছিলাম। প্রথমবার শোনার পরই এটি মনে দাগ কাটে। নানা কারণে প্রথম গল্প হিসেবে এটি শেষ পর্যন্ত নির্মাণ করা হয়নি। দীর্ঘদিন না বলা সে গল্পই এবার দর্শকের সামনে নিয়ে আসছি।’

অভিনেতা হিসেবে ইমরানকে সর্বশেষ দেখা গেছে মেজবাউর রহমান সুমনের ‘রইদ’-এ।