মুক্তির পর থেকেই প্রশংসা পাচ্ছে মুজিব: একটি জাতির রূপকার। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনী অবলম্বনে নির্মিত হয়েছে পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্রটি। বাংলাদেশ ও ভারতের যৌথ প্রযোজনায় সিনেমাটি পরিচালনা করেছেন ভারতের খ্যাতিমান নির্মাতা শ্যাম বেনেগাল। ১৩ অক্টোবর দেশজুড়ে দেড় শতাধিক প্রেক্ষাগৃহে মুক্তি পায় সিনেমাটি। মুক্তির তৃতীয় সপ্তাহেও দেশে বাড়ছে সিনেমাটির হল সংখ্যা। অন্যদিকে আজ ভারতে মুক্তি পেতে যাচ্ছে মুজিব: একটি জাতির রূপকার। ভারতে বাংলা ও হিন্দি ভাষায় মুক্তি পেতে চলেছে এ বায়োপিক। সিনেমাটিতে বঙ্গবন্ধুর চরিত্রে অভিনয় করেছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত চিত্রনায়ক আরিফিন শুভ। শেখ হাসিনা চরিত্রে অভিনয় করেছেন নুসরাত ফারিয়া ও বঙ্গবন্ধুর স্ত্রী ফজিলাতুন নেছা মুজিবের চরিত্রে নুসরাত ইমরোজ তিশা। সিনেমাটির মুক্তির আগে ভারতজুড়ে চলেছে জোর প্রচারণা।
এ সিনেমার প্রচারে অংশ নিতে মঙ্গলবার মুম্বাইয়ে গেছেন আরিফিন শুভ।
ভারতের বিভিন্ন প্রেক্ষাগৃহে ‘মুজিব’-এর পোস্টার লাগানো হয়েছে। সে স্থিরচিত্র শেয়ার করেছেন বলে আরিফিন শুভ জানিয়েছেন। এছাড়া আগামী ৩ নভেম্বর অস্ট্রেলিয়ায় মুক্তি পাচ্ছে সিনেমাটি। ভারতে মুক্তির আগে বুধবার মুম্বাইয়ের ন্যাশনাল মিউজিয়াম অব ইন্ডিয়ান সিনেমা মিলনায়তনে প্রথম প্রিমিয়ার শোর আয়োজন করা হয়। এতে উপস্থিত ছিলেন শ্যাম বেনেগাল। সেখানে তিনি সাংবাদিকদের মুখোমুখি হন। সাংবাদিকদের প্রশ্নের জবাবে শ্যাম বেনেগাল বলেন, ‘এ ছবির নির্মাণ পর্ব খুবই উপভোগ করেছি আমরা। শেখ মুজিবুর রহমানের মতো মহান একজন ব্যক্তির দুর্দান্ত জীবন আমরা পর্দায় তুলে ধরেছি। এখন পর্যন্ত ভারতের সবাই সিনেমাটার ট্রেলারই দেখেছে। পুরো সিনেমা দেখলে দর্শক বুঝতে পারবে, এটা কী ধরনের চলচ্চিত্র। আমার বিশ্বাস, সবাই পছন্দ করবে সিনেমাটি।’
জাতির পিতা বঙ্গবন্ধু চরিত্রে অভিনয় করে এরই মধ্যে দর্শকমহল থেকে সিনেমা সমালোচকসহ সবার প্রশংসা পাচ্ছেন আরিফিন শুভ। সিনেমাটি মুক্তির পরেও প্রচারণায় ব্যস্ত এ অভিনেতা। সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন সময় তুলে ধরছেন মুজিব সিনেমা নিয়ে তার অভিজ্ঞতা ও যাত্রা বিষয়ে। এ সিনেমা প্রসঙ্গে আরিফিন শুভ বলেন, ‘আমরা চেষ্টা করেছি সবাই চরিত্রটি ফুটিয়ে তুলতে। এমন একটি চরিত্রে অভিনয় করেছি, যেটা বাঙালির কাছে ভীষণ আবেগের। সিনেমাটি পর্যায়ক্রমে পরে সমগ্র বিশ্বে মুক্তি পাবে। সবাইকে হলে গিয়ে এটি দেখার আহ্বান জানাচ্ছি।’
অন্যদিকে নুসরাত ইমরোজ তিশা ফজিলাতুন নেছা মুজিব চরিত্রে অভিনয় করে দর্শকের মন জয় করে নিয়েছেন। সিনেমা প্রসঙ্গে তিশা বলেন, ‘দর্শকের ভালোবাসায় আমি মুগ্ধ। সিনেমাটি করার সময় অনেক পরিশ্রম করতে হয়েছে সবাইকে। আমরা এত পরিশ্রম করি আপনাদের কাছ থেকে এ প্রতিক্রিয়ার জন্য। কাজটি করার সময় অন্য রকম এক অনুভূতি কাজ করেছিল। আবার ভয়ও লেগেছে, দর্শক একে কীভাবে গ্রহণ করবে এই ভেবে। সিনেমাটি দর্শক গ্রহণ করেছে বলেই সব পরিশ্রম সার্থক হয়েছে।’
মুজিব: একটি জাতির রূপকার সিনেমায় নিজের চরিত্র প্রসঙ্গে এ অভিনেত্রী বলেন, ‘রেণু চরিত্রটি ফুটিয়ে তোলার জন্য নানা চেষ্টা ছিল। বিশেষ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ৩ ঘণ্টা তার পরিবার সম্পর্কে আমাদের অনেক না বলা কথা বলেন, তা মনোযোগ দিয়ে শুনেছি, যা বেশ কাজে দিয়েছে।’
এ সিনেমায় কিশোর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান চরিত্রে দিব্য জ্যোতি। ফজিলাতুন নেছা মুজিবের চরিত্রে রয়েছেন নুসরাত ইমরোজ তিশা, শেখ হাসিনার চরিত্রে নুসরাত ফারিয়া আর তাজউদ্দীন আহমদের চরিত্রে রিয়াজ আহমেদ। অন্যান্য চরিত্র করেছেন দিলারা জামান, চঞ্চল চৌধুরী, সিয়াম আহমেদ, জায়েদ খান, খায়রুল আলম সবুজ, ফেরদৌস আহমেদ, দীঘি, রাইসুল ইসলাম আসাদ, গাজী রাকায়েত, তৌকীর আহমেদ ও মিশা সওদাগরসহ দেশের শতাধিক অভিনয়শিল্পী।
বাংলাদেশের ৬০ শতাংশ ও ভারতের ৪০ শতাংশ ব্যয়ে নির্মিত এ বায়োপিকের শুটিং ভারতের মুম্বাই ফিল্ম সিটিতে শুরু হয়েছিল ২০২১ সালের ২২ জানুয়ারি। শেষ হয় একই বছরের ১৮ ডিসেম্বর বাংলাদেশে। গত বছরের ১৭ মার্চ বঙ্গবন্ধুর জন্মবার্ষিকীতে প্রথম পোস্টার, ৩ মে দ্বিতীয় পোস্টার ও ১৯ মে ৭৫তম কান চলচ্চিত্র উৎসবে সিনেমার ট্রেলার প্রকাশ হয়। চলতি বছরের ৩১ জুলাই সিনেমাটি বাংলাদেশে আনকাট সেন্সর ছাড়পত্র পায়। এছাড়া গত মাসের মাঝামাঝি কানাডার টরন্টো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে সিনেমাটির ওয়ার্ল্ড প্রিমিয়ার করা হয়েছিল।










