বলিউডের ‘ভাইজান’ সালমান খানের আসন্ন সিনেমা ‘মাতৃভূমি: মে ওয়ার রেস্ট ইন পিস’ ঘিরে দর্শকদের উন্মাদনার যেন শেষ নেই। সিনেমাটি মুক্তির আগেই ভক্তদের মধ্যে তৈরি হয়েছে ব্যাপক কৌতূহল ও আলোচনা। এবার সেই উত্তেজনার পারদ আরও কয়েকগুণ বাড়িয়ে দিল সিনেমাটির প্রথম রিভিউ।
রিভিউ সাধারণ কোনো সমালোচকের কাছ থেকে আসেনি, বরং বলিউডের শো-ম্যানখ্যাত প্রখ্যাত পরিচালক সুভাষ ঘাই এ সিনেমা নিয়ে কথা বলেছেন। ‘মাতৃভূমি’র বিশেষ স্ক্রিনিংয়ে উপস্থিত হয়ে সিনেমাটিকে ‘অবশ্যই দেখার মতো’ বা ‘মাস্ট ওয়াচ’ বলে আখ্যা দিয়েছেন তিনি।
সম্প্রতি মুম্বাইয়ের একটি ফুড স্কোয়ারে ইন্ডাস্ট্রির ঘনিষ্ঠ বন্ধু ও সহকর্মীদের জন্য সিনেমাটির একটি ‘রাফ কাট’ বা প্রাথমিক সম্পাদিত সংস্করণের বিশেষ প্রদর্শনীর আয়োজন করেন সালমান খান। সাধারণত সিনেমার মুক্তির আগে এমন ব্যক্তিগত স্ক্রিনিং খুব সীমিত পরিসরেই হয়ে থাকে, যেখানে নির্মাতা ও অভিনয়শিল্পীদের কাছের মানুষদের আমন্ত্রণ জানানো হয়। সেই বিশেষ আয়োজনে আমন্ত্রিত অতিথিদের তালিকায় ছিলেন সুভাষ ঘাইও।
সিনেমাটি দেখার পর নিজের উচ্ছ্বাস চেপে রাখতে পারেননি এ বর্ষীয়ান নির্মাতা। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে একটি ছবি শেয়ার করে তিনি নিজের অনুভূতি প্রকাশ করেন। পোস্টে তিনি লেখেন, ‘আজ ফুড স্কোয়ারে আমার প্রিয় পরিচালকদের একসঙ্গে দেখা সত্যিই দারুণ এক অভিজ্ঞতা। আমরা অপূর্ব লাখিয়ার “মাতৃভূমি” সিনেমার একটি রাফ কাট দেখলাম, যেখানে অভিনয় করেছেন সালমান খান। ভারত ও চীনের সৈন্যদের নিজ নিজ দেশ ও পরিবারের প্রতি আবেগের এক হৃদয়স্পর্শী গল্পের ওপর ভিত্তি করে নির্মিত সিনেমাটি অবশ্যই দেখার মতো।’
সুভাষ ঘাইয়ের এই মন্তব্য প্রকাশ্যে আসার পর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে সিনেমাটি নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। বিশেষ করে সালমান-ভক্তদের মধ্যে তৈরি হয়েছে বাড়তি উচ্ছ্বাস। কারণ, দীর্ঘ ক্যারিয়ারে অসংখ্য জনপ্রিয় সিনেমা নির্মাণ করা সুভাষ ঘাই খুব সহজে কোনো সিনেমার প্রশংসা করেন না বলেই ইন্ডাস্ট্রিতে পরিচিত। ফলে তার মতো একজন বর্ষীয়ান নির্মাতার কাছ থেকে এমন ইতিবাচক প্রতিক্রিয়া পাওয়া ‘মাতৃভূমি: মে ওয়ার রেস্ট ইন পিস’-এর জন্য বড় ধরনের ইতিবাচক বার্তা হিসেবেই দেখছেন অনেকে।
বিশেষ স্ক্রিনিংটি শুধু সিনেমা প্রদর্শনীতেই সীমাবদ্ধ ছিল না; এটি যেন রূপ নিয়েছিল সালমান খানের ক্যারিয়ারের সফলতম পরিচালকদের এক মহা-পুনর্মিলনীতে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সুরজ বারজাতিয়া, কবির খান ও ডেভিড ধাওয়ানের মতো জনপ্রিয় নির্মাতারা। সালমান খানের ক্যারিয়ারের একাধিক ব্লকবাস্টার সিনেমার সঙ্গে জড়িয়ে আছে এই পরিচালকদের নাম।
‘ম্যায়নে পেয়ার কিয়া’ ও ‘হাম আপকে হ্যায় কৌন’-এর মতো পারিবারিক সুপারহিট সিনেমা নির্মাণ করেছেন সুরজ বরজাত্যা। অন্যদিকে কবির খান পরিচালনা করেছেন ‘এক থা টাইগার’ ও ‘বাজরঙ্গি ভাইজান’-এর মতো ব্যবসাসফল ও প্রশংসিত সিনেমা। আর ডেভিড ধাওয়ানের সঙ্গে সালমান উপহার দিয়েছেন ‘জুড়ুয়া’ ও ‘পার্টনার’-এর মতো জনপ্রিয় কমেডি সিনেমা। ফলে এ স্ক্রিনিংয়ে তাদের উপস্থিতি অনুষ্ঠানটিকে আরো বিশেষ করে তোলে।
ভারত-চীন ‘গলওয়ান উপত্যকা সংঘর্ষ’ থেকে অনুপ্রাণিত হয়ে পরিচালক অপূর্ব লাখিয়া নির্মাণ করেছেন ‘মাতৃভূমি: মে ওয়ার রেস্ট ইন পিস’। সীমান্ত উত্তেজনা, দেশপ্রেম, পরিবার এবং সৈনিকদের ব্যক্তিগত আবেগ—সব মিলিয়ে সিনেমাটিকে একটি আবেগঘন যুদ্ধভিত্তিক ড্রামা হিসেবে তুলে ধরা হচ্ছে। সিনেমাটি ঘিরে দীর্ঘদিন ধরেই দর্শকদের মধ্যে আগ্রহ ছিল। একই সঙ্গে বিভিন্ন সময় গল্পের বিষয়বস্তু ও উপস্থাপনাকে ঘিরে কিছু বিতর্কও তৈরি হয়।
তবে সেই সব বিতর্কের মাঝেই সুভাষ ঘাইয়ের ইতিবাচক প্রতিক্রিয়া নিঃসন্দেহে সালমান-ভক্তদের অনেকটাই স্বস্তি দেবে। এখন দেখার বিষয়, বড় পর্দায় ভারত-চীন সীমান্তের এই আবেগঘন গল্প দর্শকদের হৃদয় কতটা ছুঁয়ে যেতে পারে এবং বক্স অফিসে সিনেমাটি কতটা সফলতা পায়।
ইন্ডিয়ান এক্সপ্রেস অবলম্বনে










