দীর্ঘ সময় পর ওয়েব সিরিজের মধ্য দিয়ে পর্দায় হাজির হচ্ছেন দেশের দুই জনপ্রিয় তারকা অপি করিম ও মাহফুজ আহমেদ। প্রথমবারের মতো ওয়েব সিরিজে দেখা যাবে জনপ্রিয় এ জুটিকে। ওয়েব সিরিজের নাম ‘অদৃশ্য’। এর আগে টিজারে নিজেদের উপস্থিতি দেখা দিলেও এবার ট্রেলারে চরিত্র আর গল্প নিয়ে দর্শক মহলে অালোচনা তুলেছেন মাহফুজ ও অপি। হাজারো প্রশ্ন নিয়ে এসেছে ট্রেলারটি। ওয়েব সিরিজটি নির্মাণ করেছেন জনপ্রিয় নির্মাতা শাফায়েত মনসুর রানা। অদৃশ্য ওয়েব সিরিজটির জন্য সাসপেন্স আর থ্রিলারের অসাধারণ কম্বিনেশনের ট্রেলার মুক্তির পর থেকেই দর্শকের মনে জেগেছে নানা প্রশ্ন। এসব প্রশ্নের উত্তর মিলবে ৫ অক্টোবর।
অদৃশ্য শাফায়েত মনসুর রানার প্রথম ওয়েব সিরিজ। এর আগে টিভি নাটক দিয়ে দর্শকের মনে জায়গা করে নিয়েছেন এ নির্মাতা। ভিন্নধারার কাজের জন্য প্রশংসা আছে তার। সিরিজটির গল্প নিয়ে রানা জানান, এ সিরিজের গল্প আবর্তিত হয় আনিস আহমেদকে নিয়ে। আনিস আহমেদ একজন স্বনামধন্য ব্যবসায়ী ও বিশিষ্ট রাজনীতিবিদ, যার জীবন হুট করে পালটে যায়, যখন সে নিজেকে বন্দি অবস্থায় আবিষ্কার করে একটি পরিত্যক্ত ঘরে। কিন্তু কে, কেন বা কী কারণে তাকে বন্দি করেছে তার কোনো হদিস পায় না আনিস আহমেদ। সিরিজটি দর্শককে সাসপেন্স, ড্রামা ও ষড়যন্ত্রের মাধ্যমে এমন এক রোমাঞ্চকর জার্নির মধ্য দিয়ে যাবে, যা দর্শককে পৌঁছে দেবে এক অনন্য অভিজ্ঞতায়। ট্রেলারে আনিস আহমেদের বন্দি দশার দেখা মেলে, সঙ্গে দেখা যায় তার স্ত্রীর উদ্বিগ্নতা। অদৃশ্য ওয়েব সিরিজে আনিস আহমেদ চরিত্রে অভিনয় করেছেন মাহফুজ আহমেদ এবং তার স্ত্রী রিজওয়ানা আহমেদের চরিত্রে রয়েছেন অপি করিম।
ওয়েব সিরিজটি নিয়ে মাহফুজ আহমেদ বলেন, ‘দর্শক আমাকে এ সিরিজে সম্পূর্ণ নতুন রূপে আবিষ্কার করবে। এমন চরিত্রে এর আগে আমার অভিনয় করা হয়নি। এ গল্পের জার্নিটা একদম আলাদা, বেঁচে থাকার জন্য বাহ্যিক শক্তির বিরুদ্ধে লড়াইয়ের পাশাপাশি নিজের মনের বিরুদ্ধেও লড়াই করতে হয়। আমি বিশ্বাস করি, এ সিরিজ দেখে দর্শক অনেক ধরনের বাস্তবতা নিয়ে প্রশ্ন করা শুরু করবে।’
ট্রেলার নিয়ে তিনি জানান, ট্রেলার প্রকাশের পর থেকে সিরিজটি নিয়ে প্রত্যাশা বেড়ে গেছে। এর ট্রেলারে গল্পের যে টুইস্ট আর টার্ন দেখানো হয়েছে, তা একটি ভিন্নধর্মী থ্রিলার গল্পের আভাস দিয়েছে, যা সিরিজটিকে দর্শকের প্রবল আগ্রহের কেন্দ্রবিন্দুতে নিয়ে গেছে। সে আগ্রহের ফলে দর্শক এক নিমিষেই দেখতে চাইবে আনিস আহমেদের সঙ্গে ঘটে যাওয়া ঘটনার শেষ পরিণতি।
অপি করিম বলেন, ‘দীর্ঘ সময় পর ওয়েব দুনিয়ায় ফিরতে পেরে আমি রোমাঞ্চিত। এ সিরিজে বেশ কয়েকজন প্রতিভাবান অভিনেতা রয়েছেন, যাদের আমি খুব পছন্দ করি। এটা নিঃসন্দেহে সম্মানের বিষয়। সিরিজটিতে কী ঘটতে চলেছে, ট্রেলারটি তার একটি ঝলক মাত্র। আমি আশা করি, দর্শক শেষ পর্যন্ত এটি বেশ ভালোভাবেই উপভোগ করবে। এখন শুধু সিরিজটি প্রকাশের অপেক্ষায় আছি।’
শাফায়েত মনসুর রানা জানান, ‘অদৃশ্য সিরিজ এমন একটি গল্প, যা মানুষের মনের গভীরতা নিয়ে এবং মানুষের মনের মধ্যে যে অন্ধকারের বাস, তার বাহ্যিক বহিঃপ্রকাশ কীভাবে আমাদের জীবনে প্রতিফলিত হয়ে সামনে দাঁড়ায়, সেটি দেখতে পারবে দর্শক। ট্রেলারে যে সাড়া পাওয়া গেছে তাতে আমি অত্যন্ত অভিভূত। এটি আমার প্রথম ওয়েব সিরিজ ও হইচইয়ের সঙ্গে আমি ওটিটিতে অভিষেক করতে পেরে সত্যি আনন্দিত।’
একসঙ্গে দেশের একঝাঁক গুণী অভিনয়শিল্পীর উপস্থিতি থাকছে এ সিরিজে। এতে তানিয়া আহমেদ, শাহাদাত হোসেন, শম্পা রেজা, সুমন আনোয়ার, আহমেদ রেজা রুবেল, শহীদুজ্জামান সেলিম, নিশাত প্রিয়ম, পার্থ শেখ, গিয়াসউদ্দিন সেলিমসহ আরো অনেকেই অভিনয় করেছেন। প্রযোজনা প্রতিষ্ঠান আলফা-আই সিরিজটি প্রযোজনা করেছে। অদৃশ্য ওয়েব সিরিজের মধ্য দিয়ে পাঁচ বছর পর একসঙ্গে অভিনয় করলেন মাহফুজ ও অপি। সাগর জাহানের পরিচালনায় একক নাটক ‘নীল গ্রহ’-তে সর্বশেষ জুটি হিসেবে দেখা গিয়েছিল মাহফুজ-অপিকে।










