স্বামীর মৃত্যুর পর সন্তানকে নিয়ে এক নারীর টিকে থাকার লড়াইয়ের গল্প নিয়ে নির্মিত হচ্ছে চিত্রনায়িকা পরীমনির নতুন সিনেমা ‘ফারজানা’। এতে এক ক্রাইম রিপোর্টারের স্ত্রীর চরিত্রে অভিনয় করছেন তিনি। সিনেমাটি পরিচালনা করছেন তারেক রহমান। আগামী রোজার ঈদে এটি মুক্তি দেয়ার পরিকল্পনা রয়েছে নির্মাতার।

ফারজানায় পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে স্বামীর মৃত্যুর পর সন্তানকে নিয়ে নানা সংকটের মুখোমুখি হতে হয় পরীমনির চরিত্রটিকে। সমাজের কঠিন বাস্তবতায় এসব প্রতিকূলতার মধ্যে কীভাবে টিকে থাকে এবং জীবনযাপনের নানা সমস্যার সমাধান খুঁজে নেয়, সে গল্পই উঠে আসবে সিনেমাটিতে।

একাধিক নাটক নির্মাণ করলেও ফারজানা তারেক রহমানের প্রথম সিনেমা। গণমাধ্যমকে নির্মাতা বলেন, ‘পরীমনি দুর্দান্ত অভিনেত্রী। তাকে সঠিকভাবে ব্যবহার করা হয়নি। ফারজানায় সে কাজটিই করছি। আমার বিশ্বাস, দর্শকের কাছে অভিনেত্রী হিসেবে সে নতুনভাবে পরিচিতি পাবে। এরই মধ্যে ৮০ পারসেন্ট শুটিং সম্পন্ন করেছি। আগামী রোজার ঈদে সিনেমাটি মুক্তি দেব।’

পরীমনি জানান, ফারজানার পরিকল্পনা বেশ আগে থেকেই ছিল। প্রায় ছয় মাস আগে সিনেমাটির লুক নির্ধারণ করা হয়। পরে বিস্তারিত কাজ শুরু করতে গিয়ে নানা সমস্যার মুখে পড়তে হয়। বিশেষ করে শিডিউল জটিলতার কারণে শুটিং এগিয়ে নেয়া সম্ভব হচ্ছিল না।

এ প্রসঙ্গে তিনি বলেন, ‘প্রায় ছয় মাস আগে লুক সেট করেছিলাম। তার পরে ডিটেইলসে আমরা যখন কাজে যাচ্ছিলাম, নানা ধরনের সমস্যা দেখা দিচ্ছিল। শিডিউলসহ সবকিছু মিলে শুটিংয়ে ওভাবে যাওয়া হচ্ছিল না।’

এতদিন সিনেমাটি নিয়ে প্রকাশ্যে কথা না বললেও এবার কাজটি জানানোর উপযুক্ত সময় বলে মনে হয়েছে পরীমনির। তিনি বলেন, ‘এবার মনে হয় এটাই অনেক সুন্দর একটা সময়, যেখানে আমি একটা সুন্দর কাজ নিয়েও কথা বলতে পারি।’

গত শনিবার ছিল পরীমনির জন্মদিন। রাজধানীর পূর্বাচলের একটি রেস্তোরাঁয় আয়োজিত অনুষ্ঠানে ফারজানার ঘোষণা দেন তিনি। অনুষ্ঠানে সিনেমাটির পোস্টারও উন্মোচন করা হয়। তবে জন্মদিনের আয়োজনে কেক কাটেননি পরীমনি। তিনি জানান, তার নানা মারা যাওয়ার পর থেকে জন্মদিনে আর কেক কাটেন না। এ প্রসঙ্গে পরীমনি বলেন, ‘আমি যে মানুষটার হাত ধরে কেক কাটতাম, সে মানুষটা ছাড়া আমি আসলে কেক কাটা ভুলে গেছি।’