নেটফ্লিক্সে ১৫ মে মুক্তি পেতে যাচ্ছে এই ক্রাইম ড্রামা। রেড চিলিজ এন্টারটেইনমেন্টের ব্যানারে সিনেমাটির যৌথ প্রযোজনায় রয়েছেন বলিউড বাদশাহ শাহরুখ খান ও তার স্ত্রী গৌরী খান। পরিচালনা করেছেন পুলকিত।

সম্প্রতি প্রকাশিত ট্রেলারে দেখা গেছে এক অন্ধকার, জটিল ও সংঘাতপূর্ণ বাস্তবতা। যেখানে দুর্নীতি, নৈতিক দ্বন্দ্ব ও ব্যক্তিগত ক্ষতির গল্প একসঙ্গে এগিয়েছে। সিনেমায় সাইফ আলী খান অভিনয় করেছেন পবন নামের এক পুলিশ কর্মকর্তার চরিত্রে। তার নিরাপত্তা দায়িত্বে থাকাকালীন গুলিবিদ্ধ হওয়া এক সাংবাদিককে রক্ষা করতে ব্যর্থ হন পবন। ফলে তীব্র সমালোচনার মুখে পড়েন তিনি। ঊর্ধ্বতন কর্মকর্তাদের চাপ বাড়তে থাকায় পবন একটি ঝুঁকিপূর্ণ অভিযান শুরু করেন। এ ঘটনায় তার নিজের জীবনও তছনছ হয়ে যায়। তদন্ত করতে গিয়ে তিনি এমন এক বিপজ্জনক জালে জড়িয়ে পড়েন, যেখানে ক্ষমতা, প্রভাব ও দুর্নীতির গভীর সম্পর্ক উন্মোচিত হয়। ধীরে ধীরে তদন্তকাজটি ব্যক্তিগত হয়ে ওঠে। তার পরিবারও এ ঘটনায় জড়িয়ে পড়ে এবং হুমকির মুখে পড়ে যায়। ফলে পবনকে একদিকে দায়িত্ব, অন্যদিকে পরিবার—এ দুইয়ের মধ্যে কঠিন সিদ্ধান্ত নিতে হয়।

এ নিয়ে সাইফ আলী খান বলেন, ‘পবন এমন এক চরিত্র, যে নিজের বিশ্বাস, দায়িত্ব ও পরিবারকে রক্ষার লড়াইয়ে প্রতিনিয়ত দ্বিধায় ভোগে। এ গল্প দর্শককে সহজ কোনো উত্তর দেয় না, বরং প্রতিটি সিদ্ধান্তের মূল্য বোঝায়।’

সিনেমাটি সম্পর্কে সহপ্রযোজক আশিস সিং বলেন, ‘চিত্রনাট্য চূড়ান্ত হওয়ার দিন থেকেই গৌরী খান পুরো প্রক্রিয়ার সঙ্গে যুক্ত ছিলেন। শাহরুখ খান ও গৌরী খান নিয়মিত মতামত দেন, তবে তারা কখনই পরিচালকের স্বাধীনতায় বাধা হয়ে দাঁড়াননি। পরিচালক তার নিজের সিদ্ধান্ত নেয়ার পূর্ণ স্বাধীনতা পান।’

তিনি আরো বলেন, ‘শুটিং, বাজেট ও নির্মাণ প্রক্রিয়ার প্রতিটি ধাপে তারা নজর রাখেন। তবে কাজ শেষ হওয়ার পর শাহরুখ খানের বিপণন দক্ষতা সিনেমাটিকে দর্শকের কাছে পৌঁছে দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।’

‘কর্তব্য’ একজন মানুষের পেশাগত দায়িত্ব ও ব্যক্তিগত জীবনের সংঘাতকে ঘিরে নির্মিত একটি মানসিক টানাপড়েনের গল্প। শক্তিশালী নির্মাণশৈলী ও শাহরুখ খান-গৌরী খানের প্রযোজনায় নির্মিত এ সিনেমা নেটফ্লিক্সে দর্শকদের মাঝে ব্যাপক সাড়া ফেলবে বলে ধারণা করছেন সংশ্লিষ্টরা।

সূত্র: হিন্দুস্তান টাইমস