ব্যবসায়িক বাস্তবতায় বড় ধরনের চাপে পড়েছেন অভিনেতা ও প্রযোজক অনন্ত জলিল। গার্মেন্টস ব্যবসায় সংকটের কারণে আপাতত সিনেমা থেকে নিজেকে সরিয়ে নেয়ার সিদ্ধান্ত নিয়েছেন তিনি। তার মতে, এ মুহূর্তে ব্যবসার পরিস্থিতি সামাল দেওয়াই সবচেয়ে জরুরি।

রাজধানীর সাভারে অবস্থিত অনন্ত জলিলের ফ্যাক্টরিতে একসময় প্রায় ১২ হাজার কর্মী কাজ করতেন। বর্তমানে সেই সংখ্যা কমে দাঁড়িয়েছে প্রায় ৪ হাজারে। এই অবস্থায় সিনেমা নিয়ে ভাবার সুযোগ নেই বলে জানান তিনি। পেন্ডিং থাকা সিনেমার কাজও শেষ করতে পারছেন না বলেও উল্লেখ করেন।

ব্যবসা প্রসঙ্গে অনন্ত জলিলের মত অনুযায়ী, তিনি কখনোই সিনেমাকে কেন্দ্র করে সবকিছু ছেড়ে দেননি। ব্যবসায়ী মানসিকতার কারণে শুটিংয়ের ফাঁকেও নিয়মিত ব্যবসার খোঁজখবর রাখতেন। ব্যবসা স্বাভাবিক অবস্থায় না ফেরা পর্যন্ত সিনেমায় ফেরাকে তিনি সঠিক সিদ্ধান্ত মনে করছেন না।

তিনি আরও জানান, কোনো কাজে সংকট দেখা দিলে সেটি কাটিয়ে ওঠার দিকেই তিনি পুরো মনোযোগ দেন। তাঁর ধারণা, এই কঠিন সময়ে ব্যবসাকে উপেক্ষা করে সিনেমা নিয়ে ব্যস্ত থাকলে ভবিষ্যতে আরও বড় সমস্যায় পড়তে হতে পারে।

২০০৮ সালে প্রযোজনা ও অভিনয়ের মাধ্যমে চলচ্চিত্রে যাত্রা শুরু করেন অনন্ত জলিল। তখন থেকেই তাঁর প্রতিটি সিনেমায় স্ত্রী বর্ষা তাঁর সঙ্গে যুক্ত ছিলেন। এ বিষয়ে তিনি বলেন, ‘যখন সিনেমা করব আবার একসঙ্গে করব, না করলে দুজনের কেউই করব না। এটা তো আমাদের পেশা না, আমরা শখে কাজ করি।’

বর্তমানে অনন্ত জলিলের নেত্রী দ্য লিডার ও অপারেশন জ্যাকপট সিনেমা দুটি শুটিং পর্যায়ে ছিল। পাশাপাশি জাজ মাল্টিমিডিয়ার ব্যানারে মাসুদ রানা সিরিজের চিতা সিনেমার মহরত হলেও শুটিং শুরু হয়নি। এসব ছবির ভবিষ্যৎ নিয়ে তাঁর বক্তব্য অনুযায়ী, পরিস্থিতি ভালো হলে কাজ করবেন, নাহলে এগিয়ে যাওয়ার পরিকল্পনা নেই।