গত বছর জানুয়ারির দ্বিতীয় সপ্তাহ থেকেই নতুন সিনেমা মুক্তি পেয়েছে। চলতি বছর ঘিরে এরই মধ্যে ব্যস্ত সময় পার করছেন নির্মাতা ও তারকারা। সিনেমা নির্মাণ এবং প্রচারণায় ব্যস্ত আছেন অনেকেই। এরই মধ্যে অনেক নির্মাতা তাদের সিনেমা মুক্তির বিষয়ে জানিয়েছেন। কয়েকটি সিনেমার টিজার ও গান সামনে এসেছে। চলতি বছরের মুক্তির তালিকায় থাকা সিনেমাগুলোর মধ্যে কয়েকটি এরই মধ্যে আলোচনায় আছে। এর মধ্যে রয়েছে ‘কাজলরেখা’, ‘দরদ’, ‘দম’ ‘পেয়ারার সুবাস’, ‘শেষ বাজি’ ‘বলী’, ‘তুফান’ ‘এশা মার্ডার: কর্মফল’ ‘রাজকুমার’, ‘ওমর’। 

শেষ বাজি: চলতি বছর মুক্তিপ্রাপ্ত প্রথম ঢাকাই সিনেমা হতে যাচ্ছে ‘শেষ বাজি’। সাইমন সাদিক অভিনীত সিনেমাটি পরিচালনা করেছেন মেহেদী হাসান। সিনেমাটি মুক্তি পেতে যাচ্ছে ১৯ জানুয়ারি। এরই মধ্যে সিনেমাটির পোস্টার ও ট্রেলার মুক্তি পেয়েছে, যেখানে নজর কেড়েছেন সাইমন সাদিক। ১ জানুয়ারি নতুন বছর উপলক্ষে অন্তর্জালে প্রকাশ পেয়েছিল শেষ বাজি সিনেমার পোস্টার। নির্মাতা জানান, এটি থ্রিলার ঘরানার সিনেমা। শেষ বাজির কাহিনী ও সংলাপ লিখেছেন পারভেজ সুমন।

সাইমন সাদিক সিনেমাটি নিয়ে বলেন, ‘এখন তো সিনেমার গল্পের সময় বদলেছে। দর্শক পর্দায় ভিন্ন আভাস চায়। এই সিনেমার গল্পটিও তেমন। কাজটি যত্ন ও সময় নিয়ে করেছি। বছরের শুরুতে মুক্তি পাওয়া সিনেমাটি দর্শকদের ভালো লাগবে আশা করি।’ সিনেমাটির বিভিন্ন চরিত্রে আরো অভিনয় করেছেন শিরিন শিলা, বড়দা মিঠু, রাশেদ মামুন অপু, সিলভি, সাবেরী আলম প্রমুখ।

কাজলরেখা :

মৈমনসিংহ গীতিকার কাজলরেখা অবলম্বনে ‘কাজলরেখা’ সিনেমা নির্মাণ করেছেন গিয়াস উদ্দিন সেলিম। সিনেমাটির নির্মাণ শেষ বছরের শুরুতেই মুক্তি পেতে যাচ্ছে কাজলরেখা। সিনেমাটির মুক্তি প্রসঙ্গে নির্মাতা বলেন, ‘কাজলরেখা মুক্তির অপেক্ষায় আছি আমরা। কাজলরেখা অনুদানের সিনেমা, তাই অনুদান কমিটি আগে সিনেমাটা দেখবে, এরপর এটি সেন্সরে যাবে। আমরা আগামী ফেব্রুয়ারিতেই সিনেমাটা মুক্তির প্রস্তুতি নিচ্ছি। দেশের মানুষকে কাজলরেখা দেখানোর অপেক্ষায় আছি আমি।’ এরই মধ্যে কাজলরেখার চরিত্রগুলোর লুক প্রকাশ পেয়েছে। সিনেমাটির ‘কইন্ন্যা আঁকে গো আলপনা’ গানটি মুক্তির পর প্রশংসা পাচ্ছে। এ সিনেমায় কাজলরেখা চরিত্রে অভিনয় করেছেন মন্দিরা চক্রবর্তী, কঙ্কণ দাসী চরিত্রে মিথিলা আর সুচ কুমার চরিত্রে শরিফুল রাজ। বিভিন্ন চরিত্রে আরো রয়েছেন ইরেশ যাকের, আজাদ আবুল কালাম, খায়রুল বাসার, সাদিয়া আয়মানসহ অনেকে। কাজলরেখা মুক্তির আগে থেকেই আলোচনায় আছে। মুক্তির পর জানা যাবে প্রেক্ষাগৃহে সিনেমাটি কেমন করে। 

পেয়ারার সুবাস:

চলতি বছর মুক্তির অপেক্ষায় আছে জয়া আহসান অভিনীত সিনেমা ‘পেয়ারার সুবাস’। গুণী নির্মাতা নুরুল আলম আতিক সিনেমাটি নির্মাণ করেছেন। সেন্সরের ছাড়পত্র হাতে পেয়ে নির্মাতা জানিয়েছিলেন চলতি বছরের শুরুতেই মুক্তি পেতে যাচ্ছে পেয়ারার সুবাস। সিনেমাটির মুক্তি প্রসঙ্গে জানতে চাইলে নুরুল আলম আতিক বলেন, ‘‌আমাদের সিনেমাটা দীর্ঘ নির্মাণ প্রক্রিয়ার মধ্য দিয়ে গেছে। এরপর সেন্সর পেলাম, এটা অবশ্যই আমাদের জন্য অনেক আনন্দের। আশা করছি, আগামী বছরের শুরুতেই আমরা সিনেমাটা প্রেক্ষাগৃহে মুক্তি দেব। তবে এখনো সিনেমা মুক্তির তারিখ নির্ধারণ হয়নি। শিগগিরই এ নিয়ে সংবাদ সম্মেলন করে জানিয়ে দেয়া হবে।’ সিনেমাটিতে মূল চরিত্রে আছেন জয়া আহসান। এতে তিনি এক গ্রাম্য নারীর চরিত্রে অভিনয় করেছেন। অন্যান্য চরিত্রে রয়েছেন তারিক আনাম খান, আহমেদ রুবেল, সুষমা সরকার, নূর ইমরান মিঠু, মাহমুদ আলমসহ আরো অনেকে।

‘এশা মার্ডার: কর্মফল’: চলতি বছরের ঈদে চমক নিয়ে হাজির হচ্ছেন দেশের বিনোদন অঙ্গনের জনপ্রিয় মুখ আজমেরি হক বাঁধন। ‘এশা মার্ডার: কর্মফল’ সিনেমাটিতে অভিনয় করবেন তিনি। সানী সানোয়ার সিনেমাটি পরিচালনা করছেন। ‘এশা মার্ডার: কর্মফল’ সিনেমায় নারী পুলিশ কর্মকর্তা চরিত্রে দেখা যাবে বাঁধনকে। এশা মার্ডার: কর্মফল সিনেমাটির গল্প নিয়ে নির্মাতা জানান, সিনেমাটি হতে যাচ্ছে সত্য ঘটনা কেন্দ্র করে। ২০০৯ সালে আজিমপুরে ঘটে যাওয়া একটি খুনের ঘটনা ঘিরে এ সিনেমার গল্প। কপ ক্রিয়েশন ও বিঞ্জের যৌথ প্রযোজনায় আগামী বছর ঈদুল ফিতরে সিনেমাটি মুক্তির বিষয়ে জানিয়েছেন নির্মাতা।

দরদ: ২০২৪ সাল শাকিব খান শুরু করতে যাচ্ছেন ‘দরদ’ সিনেমাটির মধ্য দিয়ে। কাস্টিংয়ের শুরু থেকেই সিনেমাটি আলোচনায় আছে। কারণ অনন্য মামুন পরিচালিত শাকিব খানের প্রথম প্যান ইন্ডিয়ান সিনেমা ‘দরদ’। এ সিনেমায় শাকিবের বিপরীতে আছে বলিউড অভিনেত্রী সোনাল চৌহান। এছাড়া অভিনয় করেছেন পায়েল সরকার, বিশ্বজিৎ চক্রবর্তী ও রাহুল দেব, এলিনা শাম্মীসহ অনেকেই। নির্মাতা জানিয়েছেন চলতি বছরের শুরুতেই মুক্তি পাবে দরদ।

তুফান:

শাকিব খান অভিনীত ‘তুফান’ চলতি বছর ঈদুল আজহায় মুক্তির ঘোষণা দেয়া হয়েছে। রায়হান রাফী সিনেমাটি নির্মাণ করতে যাচ্ছেন। পুরোপুরি অ্যাকশন ধাঁচের এ সিনেমার ঘোষণা দেয়া হয় গত ডিসেম্বর। সিনেমাটা বড় পরিসরে নির্মাণের ঘোষণা দিয়েছে বাংলাদেশ ও ভারতের তিনটি প্রযোজনা সংস্থা। এর মধ্যে আছে চরকি, আলফা আই ও এসভিএফ। এরই মধ্যে সিনেমাটির নির্মাণ পর্ব শুরু হয়েছে বলে জানান রায়হান রাফী। ভারত ও বাংলাদেশে সিনেমাটি দর্শক টানবে বলে প্রত্যাশা শাকিব খান ও নির্মাতার। 

ওমর: নির্মাতা মুহাম্মদ মোস্তফা কামাল রাজ পরিচালিত সিনেমা ‘ওমর’ মুক্তি পেতে যাচ্ছে এ বছর। প্রচারণার অংশ হিসেবে এরই মধ্যে প্রকাশ পেয়েছে সিনেমাটির ফার্স্ট লুক পোস্টার। অভিনেতা শরিফুল রাজের দেখা মিলেছে ওমরের পোস্টারে। এই সিনেমায় নাম ভূমিকার থাকছেন শরিফুল রাজ। শরিফুল রাজ ছাড়াও এতে আরো অভিনয় করছেন শহীদুজ্জামান সেলিম, ফজলুর রহমান বাবু, নাসিরউদ্দিন খান, এরফান মৃধা শিবলু, রোজী সিদ্দিকী, আবু হুরায়রা তানভীর প্রমুখ। নির্মাতা জানান, সবকিছু ঠিক থাকলে আগামী ঈদুল ফিতরে সিনেমা হলে ‘ওমর’ মুক্তি পাবে ।

চলতি বছরের একাধিক সিনেমা রয়েছে মুক্তির অপেক্ষায়। আর প্রায় সব সিনেমা নিয়েই দর্শকের আগ্রহ নজরে আসছে। তাই অনেক নির্মাতাই ভাবছেন সব মিলিয়ে ২০২৪ সাল ঢাকাই সিনেমার জন্য ইতিবাচক কিছু আনতে যাচ্ছে।