আলিয়ঁস ফ্রঁসেজ দো ঢাকার লা গ্যালারিতে চলছে বিশ্বখ্যাত আলোকচিত্রশিল্পী মাক্ রিবুর ‘বাংলাদেশ ১৯৭১: শোক ও সকাল’ শীর্ষক একক আলোকচিত্র প্রদর্শনীর। ১৪ অক্টোবর প্রদর্শনীর উদ্বোধনে প্রধান অতিথি ছিলেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এমপি। এছাড়া বাংলাদেশে নিযুক্ত ইউরোপিয়ান ইউনিয়নের চার্জ দ্য অ্যাফেয়ার্স ব্যার্ন্ড স্প্যানিয়ের এবং বাংলাদেশে নিযুক্ত ফরাসি দূতাবাসের চার্জ ডি অ্যাফেয়ার্স গিয়ম অড্রেন দে কেরড্রেল উপস্থিত ছিলেন সম্মানিত অতিথি হিসেবে।

‘লা সেসিও লেসামি দ্য মাক্ রিবু’ ও গিমে মিউজিয়ামের সহযোগিতায় আয়োজিত বাংলাদেশের মুক্তিযুদ্ধকালে তোলা আলোকচিত্র নিয়ে এ প্রদর্শনী, যেখানে থাকছে একগুচ্ছ আলোকচিত্র।

প্রথম প্রজন্মের ম্যাগনাম আলোকচিত্রীদের অন্যতম ফরাসি বিদগ্ধ আলোকচিত্রশিল্পী মাক্ রিবুর জন্ম লিঁওর কাছাকাছি, সাঁ-জেনি-লাভালে ১৯২৩ সালে। ১৯৫৩ সালে রিবুর তোলা আইফেল টাওয়ারের ওপর কাজে ব্যস্ত একজন রঙমিস্ত্রির ছবি লাইফ ম্যাগাজিনে প্রকাশিত হয়। এটাই ছিল তার প্রথম প্রকাশিত আলোকচিত্র। ভিয়েতনাম যুদ্ধের প্রতিবাদে পেন্টাগনের সামনে আন্দোলন চলাকালীন তার তোলা ‘ফুল হাতে একজন তরুণী’র ছবি শান্তির আন্তর্জাতিক প্রতীকে পরিণত হয়। বাংলাদেশের স্বাধীনতা সংগ্রাম তার দৃষ্টি আকর্ষণ করে এবং তিনি ১৯৭১ সালের নভেম্বরের শেষদিকে কলকাতায় আসেন। তিনি শরণার্থী শিবির ও মুক্তাঞ্চলে ঘুরে দেখেন। ডিসেম্বরে তিনি অগ্রসরমাণ ভারতীয় সেনাবাহিনীর সঙ্গে উত্তর-পূর্ব সীমান্ত দিয়ে বাংলাদেশে প্রবেশ করেন। তার অভিযাত্রা শুরু হয় জামালপুর-শেরপুর থেকে, আর তারপর প্রমত্ত ব্রহ্মপুত্র নদ পার হয়ে, তিনি প্রত্যক্ষ করেন জামালপুরের বিজয়সূচক যুদ্ধ, যা তিনি বিস্তৃতভাবে ক্যামেরাবন্দি করেন। তিনি ছিলেন প্রথম সাংবাদিকদের অন্যতম, যারা ঢাকায় প্রবেশ করে এ নগরীর মুক্তিকে ক্যামেরায় ধারণ করেছেন। এসব ছবির অধিকাংশই আজ পর্যন্ত অপ্রকাশিত রয়ে গিয়েছে।  প্রদর্শনীটি যৌথভাবে আয়োজন করেছে আলিয়ঁস ফ্রঁসেজ দো ঢাকা ও মুক্তিযুদ্ধ জাদুঘর। ৩১ অক্টোবর পর্যন্ত চলবে ‘বাংলাদেশ ১৯৭১: শোক ও সকাল’ শীর্ষক একক আলোকচিত্র প্রদর্শনীটি। সোমবার-শনিবার বেলা ৩টা থেকে রাত ৯টা পর্যন্ত প্রদর্শনীটি সবার জন্য উন্মুক্ত।