প্রতি বছরের মতো এবারও ঘোষণা করা হয়েছে ফজলুল হক স্মৃতি পুরস্কার-২০২৫। দেশের প্রখ্যাত কথাসাহিত্যিক রাবেয়া খাতুন প্রবর্তিত এই পুরস্কার পেয়েছেন চলচ্চিত্র পরিচালনায় রায়হান রাফী এবং চলচ্চিত্র সাংবাদিকতায় আলীমুজ্জামান।
পুরস্কারটি প্রদান করা হয় দেশের প্রথম চলচ্চিত্র বিষয়ক পত্রিকা ‘সিনেমা’ এর সম্পাদক এবং শিশুতোষ চলচ্চিত্র ‘প্রেসিডেন্ট’ এর নির্মাতা প্রয়াত ফজলুল হক-এর স্মরণে। গত ২১ বছর ধরে এই পুরস্কারটি চলচ্চিত্র ও সাংবাদিকতা জগতে গুরুত্বপূর্ণ অবদানের জন্য প্রদানের মধ্য দিয়ে নতুন প্রজন্মকে উৎসাহিত করে আসছে।
এবারের পুরস্কার হস্তান্তর অনুষ্ঠান হবে আগামী ২৬ অক্টোবর, ফজলুল হক-এর প্রয়াণ দিবসে। অনুষ্ঠানে চলচ্চিত্র ও সাংবাদিকতা জগতে তাদের অসাধারণ অবদানের জন্য রায়হান রাফী ও আলীমুজ্জামানকে সম্মান জানানো হবে।
আয়োজকরা আশা প্রকাশ করেছেন, এই পুরস্কার ভবিষ্যতের প্রতিভা উদ্দীপ্ত করতে এবং চলচ্চিত্র ও সাংবাদিকতার মান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।










