ছোট পর্দার নিয়মিত অভিনেত্রী সাদিয়া আয়মান। বর্তমানে অপেক্ষায় আছেন বড় পর্দায় অভিষেকের জন্য। এছাড়া ওয়েব মাধ্যমেও নিয়মিত অভিনয় করছেন তিনি। আজ ওটিটি প্লাটফর্ম চরকিতে আসছে অরিজিনাল সিরিজ ‘প্রচলিত’র চতুর্থ গল্প ‘কলিংবেল’। এবারের গল্পে দেখা যাবে এ অভিনেত্রীকে। কলিংবেলে সাদিয়া আয়মান ছাড়াও দেখা যাবে বায়েজিদ হক জোয়ার্দার, শাহানা রহমান সুমিসহ আরো অনেককে। আজ রাত ৮টায় স্ট্রিমিং শুরু হবে এবারের গল্পের।
নাটক-সিনেমার পাশাপাশি ওয়েব মাধ্যমের কনটেন্টের দর্শকসংখ্যা বাড়ছে বিশ্বব্যাপী। তাই হাল আমলে এসে দর্শকের কথা ভেবে অনেক সিনেমা প্রেক্ষাগৃহে মুক্তির পাশাপাশি মুক্তি পাচ্ছে ওটিটি প্লাটফর্ম বা ওয়েব মাধ্যমে। এছাড়া ভিন্নধর্মী কনটেন্টের জন্য বিশ্বব্যাপী কদর বাড়ছে ওটিটির। দর্শকের কথা ভেবেই হ্যালোইনের মাসজুড়ে দেশের ওটিটি প্লাটফর্ম চরকিতে বিশেষ আয়োজন করা হয়েছে। চরকি অরিজিনাল সিরিজ প্রচলিতর পাঁচটি শর্টফিল্ম। পাঁচ গল্প নিয়ে পাঁচটি পর্বের অ্যান্থোলজি সিরিজের আজকের গল্প ‘কলিংবেল’। ওয়েব সিরিজটিতে কাজের অভিজ্ঞতা জানিয়ে সাদিয়া আয়মান বলেন, ‘কলিংবেলের গল্প শুনেই ভালো লেগেছিল, তাই কাজটি করেছি। এর আগে এমন কাজের কোনো অভিজ্ঞতা ছিল না। গল্পটা একটু ডিফারেন্ট। গল্পের শুরুতে রোমান্টিক কিছু মোমেন্ট ছিল আবার ভয়েরও কিছু দৃশ্য ছিল। সব মিলিয়ে গল্পের গ্রাফটা আমার খুব ভালো লেগেছে।’
বর্তমান সময়ে দেশের অনেক অভিনেতা-অভিনেত্রীই ওয়েবমাধ্যমে নিয়মিত কাজ করছেন। তাদের দলে আসেন সাদিয়াও। প্রথম ওয়েব ফিল্ম মায়াশালিক দিয়েই দর্শকের মন জয় করেছেন। এরপর আরো কয়েকটি ওয়েব কনটেন্টে অভিনয় করেছেন তিনি। চরিত্রের ভিন্নতা রাখার চেষ্টা করছেন এ অভিনেত্রী। কলিংবেল গল্পে নিজের চরিত্র নিয়ে বলতে গিয়ে সাদিয়া বলেন, ‘কাজের আগে নিজের মতো করে কিছুটা প্রস্তুতি নিয়েছিলাম। আমার চরিত্রের মধ্যে একটু ডিটেকটিভ ভাবের দরকার ছিল। সেটার জন্য শার্লক হোমস ও কিছু ডিটেকটিভ সিরিজ দেখেছিলাম। আমার লুকটাও বেশ ভিন্ন ছিল। আমি চাই গল্পটা দেখুক সবাই। আশা করি সবার ভালো লাগবে।’
অ্যান্থোলজিতে আছে পাঁচটি পর্ব। প্রতি বৃহস্পতিবার মুক্তি পাচ্ছে একটি করে নতুন পর্ব। এরই মধ্যে ‘রিংটোন’, ‘বিলাই’ ও ‘বেওয়ারিশ’ তিনটি গল্প মুক্তি পেয়েছে। আজকের গল্প কলিংবেল নিয়ে নির্মাতা আবিদ মল্লিক বলেন, ‘কাজের প্রয়োজনেই দেশের বিভিন্ন জায়গায় যেতে হয়। প্রচলিতর গল্পগুলোর ভাবনা এভাবেই হাঁটতে, চলতে, কখনো মানুষের মুখে, কখনো পড়ে, কিছু শৈশব থেকে ভাবনায় গেঁথে গেছে। সে ভাবনাগুলোকেই সমসাময়িকতার চাদরে জড়িয়ে চেষ্টা করেছি এ সময়কে প্রতিফলিত করার।’
কলিংবেল সিরিজের গল্প নিয়ে জানতে চাইলে নির্মাতা বলেন, ‘সদ্য বিবাহিত দম্পতি অ্যানা ও রিচার্ড একটি ফ্ল্যাট ভাড়া নেয়। ফ্ল্যাটের কলিংবেল প্রতিদিন একই সময় বেজে ওঠে। কিন্তু দরজা খুলে কাউকে দেখা যায় না। কারণ অনুসন্ধান করতে গিয়ে প্রকাশ পায় অপ্রত্যাশিত কিছু সত্য। আর এটা জানতে আজ দর্শককে অপেক্ষা করতে হবে রাত ৮টা পর্যন্ত। গল্পটা দর্শকের ভালো লাগবে বলে মনে করি।’
সমাজে প্রচলিত বা প্রবাদ বাক্য অর্থাৎ যেসব কথা লোকমুখে প্রচলিত, সেগুলো নিয়ে এগিয়েছে অ্যান্থোলজি সিরিজ প্রচলিতর কাহিনী। হ্যালোইনকে সামনে রেখে এ ওয়েব সিরিজ নির্মাণের কারণে গল্পগুলোয় ভয়ের সঙ্গে মানুষের জীবনবোধ ও জীবনযাত্রার সঙ্গে মিশে থাকা প্রচলিত গল্পগুলোই দেখানো হচ্ছে। চলতি বছরের জুলাই-আগস্টে সিরিজটির শুটিং হয়েছে ঢাকা, মানিকগঞ্জ ও সাভারের বিভিন্ন লোকেশনে।










