অভিনেত্রী জয়া আহসান মনে করেন, মানুষের প্রকৃতি ও সমাজের সঙ্গে সংযোগ গড়ে তোলার পথে সবচেয়ে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে মোবাইল ফোন। তার মতে, প্রয়োজন না থাকলে ফোন ব্যবহার না করার অভ্যাস গড়ে তোলা জরুরি।
সম্প্রতি একটি পডকাস্টে অংশ নিয়ে এ বিষয়ে নিজের ভাবনার কথা জানান জয়া। সেখানে তিনি বলেন, শুটিং সেটে তিনি যতটা সম্ভব ফোন ব্যবহার এড়িয়ে চলেন। তার ধারণা, বাসা থেকে বের হওয়ার পর মানুষ চারপাশে তাকানোর বদলে ফোনেই বেশি মনোযোগ দেয়। ফলে গাছ, মানুষ, রাস্তার জীবন, রিকশাওয়ালার চলাফেরা কিংবা দৈনন্দিন ছোট ছোট দৃশ্য চোখ এড়িয়ে যায়। জয়ার মতে, এসব দেখা ও অনুভব করা না গেলে একজন শিল্পীর পক্ষে অভিনয়ের গভীরে পৌঁছানো কঠিন হয়ে পড়ে।
অভিনেত্রী জানান, আশপাশের পরিবেশ মন দিয়ে পর্যবেক্ষণ করলে মানুষের ইন্দ্রিয়গুলো আরও সক্রিয় হয়, যা শিল্পীদের জন্য এক ধরনের থেরাপির মতো কাজ করে। তার ভাষায়, স্পর্শ, দেখা, শোনা ও ঘ্রাণ—এই সব অনুভূতির চর্চা হয় প্রকৃতি ও সমাজের সংস্পর্শ থেকেই।
জয়ার মতে, প্রকৃতির সঙ্গে সংযোগ মানসিক স্বাস্থ্যের জন্যও অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি মনে করেন, ভোরের হাওয়া কিংবা পাখির ডাক মানুষের মনে স্বস্তি এনে দেয়, কিন্তু মোবাইল ফোন এই স্বাভাবিক সংযোগে বড় ধরনের বিঘ্ন সৃষ্টি করছে। তাই মাঝে মাঝে ফোন ব্যবহার থেকে বিরতি নেওয়ার প্রয়োজন আছে বলে তিনি মনে করেন।
ওই পডকাস্টে জয়া আহসান নিজের নামের গল্প, ফিল্মফেয়ার পুরস্কারের অভিজ্ঞতা, প্লাস্টিক সার্জারি নিয়ে আলোচনা এবং কলকাতায় কাজের নানা স্মৃতিও ভাগ করেন।
উল্লেখ্য, আগামী ৬ ফেব্রুয়ারি পশ্চিমবঙ্গের প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে জয়া আহসানের নতুন সিনেমা ‘ওসিডি’।










