দর্শকের কথা মাথায় রেখে ওটিটি প্লাটফর্মগুলো ভিন্নধারার কনটেন্ট নির্মাণ করছে। দেশের অনেক জনপ্রিয় নির্মাতাই ওটিটি প্লাটফর্মে কনটেন্ট নিয়ে আসছেন। এ তালিকায় আছেন দেশের গুণী নির্মাতা শিহাব শাহীন। ছোট ও বড় পর্দার পাশাপাশি ওয়েব মাধ্যমেও দর্শক টানছেন এ নির্মাতা। সম্প্রতি ওটিটি প্লাটফর্ম বিঞ্জে স্ট্রিমিং শুরু হয়েছে শিহাব শাহীনের ‘‘বাবা, সামওয়ান’স ফলোয়িং মি’’। বাবা আর মেয়ের গল্প নিয়ে নির্মিত হয়েছে ওয়েব ফিল্মটি। এতে মেয়ের চরিত্রে অভিনয় করেছেন তাসনিয়া ফারিণ, আর বাবার চরিত্রে শহীদুজ্জামান সেলিম। আরো অভিনয় করেছেন ইরফান সাজ্জাদ, সোহেল মণ্ডল প্রমুখ। ওয়েব ফিল্মটি প্রচার শুরু হওয়ার পর থেকেই দর্শকের প্রশংসা পাচ্ছেন এর কলাকুশলীরা।
ওয়েব ফিল্মটির গল্প প্রসঙ্গে শিহাব শাহীন জানান, ওয়েব ফিল্মটি নির্মাণ হবে তার সঙ্গে ঘটে যাওয়া একটা ঘটনাকে কেন্দ্র করে। শিহাব শাহীনের মেয়ে অস্ট্রেলিয়ায় পড়াশোনার পাশাপাশি চাকরি করে। হঠাৎ এক রাতে অস্ট্রেলিয়া থেকে মেয়ে ফোন দেয় বাবাকে। এ সময়ে শিহাব শাহীনের মেয়ে তাকে বলেন, ‘বাবা, সামওয়ান’স ফলোয়িং মি। তুমি আমার সঙ্গে কথা বলতে থাকো।’ এ ঘটনাকে কেন্দ্র করেই ওয়েব ফিল্মটি। শিহাব শাহীন ঘটনার বর্ণনা দিয়ে বলেন, ‘আমি কথা বলতে থাকলাম। ওই রাতে এত দূরের দেশে মেয়ের জন্য কার কাছে সাহায্য চাইব আমি ঠিক করে বুঝতে পারছিলাম না। খুব দুশ্চিন্তায় পড়েছিলাম। সে ঘটনাটা নিয়েই এ ওয়েব ছবি নির্মাণ করলাম।’
ওয়েব ফিল্মটির প্রচারের অংশ হিসেবে ট্রেলার প্রকাশের পর থেকেই দর্শক মহলে আলোচনায় আসে। ফিল্মে সমাজের বিভিন্ন বিষয় দেখানো হয়, যার মধ্যে ছিল বর্ণবৈষম্য। এ বিষয়ে জানতে চাইলে শিহাব শাহীন বলেন, ‘যারা ভিনদেশে থাকেন, তাদের নিয়ে আমরা একটা ধারণা তৈরি করে রেখেছি যে তারা সেখানে স্বর্গ সুখে আছেন। ইউরোপ, আমেরিকা কিংবা অস্ট্রেলিয়ায় আমরা যারা এশিয়ানরা থাকি, তারা যে বর্ণবৈষম্যের শিকার হই—বিষয়টার কিছু এখানে দেখানোর চেষ্টা করেছি। তবে পুরো গল্প কী এটা নিয়ে, নাকি অন্যদিকে মোড় নেয়—সেটা জানার জন্য কনটেন্ট দেখতে হবে।’
ওয়েব ফিল্মটি নিয়ে তাসনিয়া ফারিণ বলেন, ‘শিহাব শাহীন নির্মিত বিঞ্জ অরিজিনাল থ্রিলার ওয়েব ফিল্ম ‘‘বাবা, সামওয়ান’স ফলোয়িং মি’’। ওয়েব ফিল্মটিতে আমি বিজু চরিত্রে অভিনয় করেছি। এর বেশি এখন বলব না। দর্শকের কাছ থেকে ইতিবাচক মনোভাব পাচ্ছি, যেটা অনেক বেশি ভালো লাগছে। কাজটা করতে গিয়ে অন্যরকম ভালো লাগা কাজ করেছে আর এখন দর্শকের রেসপন্স আরো ভালো লাগছে।’
গত ২৭ আগস্ট বাবা, সামওয়ান’স ফলোয়িং মির শুটিং শুরু হয় অস্ট্রেলিয়ায়। বাংলাদেশ ও অস্ট্রেলিয়া দুই দেশেই ওয়েব ফিল্মটির শুটিং হয়েছে। প্রথমে ফিল্মটিতে বাবার চরিত্রে আফজাল হোসেনের কথা থাকলেও অসুস্থতার কারণে তিনি সেটি করতে পারেননি। এরপর তার চরিত্রে অভিনয় করেন শহীদুজ্জামান সেলিম।
গত বৃহস্পতিবার অনলাইন প্লাটফর্ম বিঞ্জ অ্যাপে মুক্তি পায় ওয়েব ফিল্মটি। এছাড়া একই দিন সন্ধ্যা সাড়ে ৬টায় স্টার সিনেপ্লেক্সের মহাখালী শাখায় হয় ওয়েব ফিল্মটির প্রিমিয়ার। এ সময় ওয়েব ফিল্মটির কলাকুশলীরা ছাড়াও উপস্থিত ছিলেন দেশের বিনোদন অঙ্গনের অনেক তারকা। সম্প্রতি ওয়েব ফিল্ম ও সিরিজ নির্মাণ করে প্রশংসা পাচ্ছেন শিহাব শাহীন। এর মধ্যে ‘সিন্ডিকেট’, ‘মায়াশালিক’ ‘মাইশেলফ অ্যালেন স্বপন’ ও ‘নীল জলের কাব্য’ অন্যতম। আর এবার এর সঙ্গে যুক্ত হলো তার নতুন ওয়েব ফিল্মটি।










