বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের দর্শকের কাছে জয়া আহসান কেবল একজন সফল অভিনেত্রী নন, বরং সময়ের গুরুত্বপূর্ণ চরিত্রগুলোকে শক্তভাবে তুলে ধরার এক নির্ভরযোগ্য মুখ। গেল বছর ‘তাণ্ডব’, ‘উৎসব’, ‘পুতুলনাচের ইতিকথা’, ‘ফেরেশতে’, ‘জয়া আর শারমিন’ ও ‘ডিয়ার মা’ সিনেমায় অভিনয়ের মাধ্যমে দুই বাংলার রূপালি পর্দায় নিজের অবস্থান আরও দৃঢ় করেন তিনি। সেই ধারাবাহিকতায় নতুন বছরে যুক্ত হলো জয়ার আরও একটি ভিন্নধর্মী ও চ্যালেঞ্জিং কাজ, সিনেমার নাম ‘ওসিডি’।
সৌকর্য ঘোষাল পরিচালিত ও জয়া আহসান অভিনীত এই সিনেমাটি আগামী ৬ ফেব্রুয়ারি পশ্চিমবঙ্গের প্রেক্ষাগৃহে মুক্তি পেতে যাচ্ছে। সম্প্রতি প্রকাশ পেয়েছে সিনেমাটির ট্রেলার। সামাজিক মাধ্যমে ট্রেলারটি শেয়ার করে এক বাক্যে গল্পের ইঙ্গিত দেন জয়া। তার ভাষায়, পরিচ্ছন্নতার নেশা কীভাবে নিখুঁত প্রতিশোধের নীলনকশায় রূপ নিতে পারে, সেটিই এই সিনেমার মূল ভাবনা।
ট্রেলার দেখে স্পষ্ট বোঝা যায়, শিশু নির্যাতনের দীর্ঘমেয়াদি মানসিক প্রভাবই ‘ওসিডি’ সিনেমার প্রধান উপজীব্য। শৈশবে ঘটে যাওয়া নির্যাতনের অভিজ্ঞতা কীভাবে একজন মানুষের পুরো জীবনকে বিপর্যস্ত করে দিতে পারে এবং সেই স্মৃতি কীভাবে ধীরে ধীরে প্রতিশোধস্পৃহ বা অপরাধপ্রবণতার দিকে ঠেলে দেয়, সেটিই ফুটে উঠেছে ট্রেলারের প্রতিটি দৃশ্যে।
এই সিনেমায় জয়া আহসান অভিনয় করেছেন শ্বেতা নামের এক চিকিৎসকের চরিত্রে। তার জীবনজুড়ে লেগে আছে অতীতের ধূসর ছায়া। শৈশবের তিক্ত অভিজ্ঞতা মনের গভীরে অন্ধকার হয়ে জমে থাকে এবং তাকে প্রতিনিয়ত তাড়া করে বেড়ায়। এক পর্যায়ে তার অতীত সম্পর্কে এক রোগী জেনে যাওয়ার পর শ্বেতার জীবনে নেমে আসে ভয়াবহ পরিণতি। আশপাশের মানুষজন এবং যারা তার বিরোধিতা করে, তাদের প্রতি ক্রমশ বিতৃষ্ণ হয়ে ওঠে সে। শেষ পর্যন্ত শ্বেতার পরিণতি কী হয়, তার উত্তর মিলবে সিনেমার পর্দায়।
সিনেমাটি নিয়ে পরিচালক সৌকর্য ঘোষালের মতে, ‘ওসিডি’ মূলত একটি সাইকোলজিক্যাল ড্রামা। এটি শুধু থ্রিলার হিসেবেই সীমাবদ্ধ নয়, বরং সমাজে শিশু নির্যাতনের বিরুদ্ধে এক ধরনের প্রতিবাদও। তার মতে, বহু শিশু নির্যাতনের শিকার হলেও ভয়, অবিশ্বাস বা পারিবারিক নীরবতার কারণে মুখ খুলতে পারে না। ফলে অপরাধীরা পার পেয়ে যায়, আর সেই শিশুরা সারাজীবন বয়ে বেড়ায় এক অসমাপ্ত আর্তনাদ।
২০২১ সালে ‘ওসিডি’ সিনেমার দৃশ্যধারণ শুরু হয়। ২০২২ সালে কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে ছবিটির ওয়ার্ল্ড প্রিমিয়ার অনুষ্ঠিত হয়। এরপর একাধিক আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হয়েছে ছবিটি। দীর্ঘদিন মুক্তির অপেক্ষার পর অবশেষে এটি প্রেক্ষাগৃহে আসতে যাচ্ছে।
‘ওসিডি’ সিনেমাটি জয়া আহসান ও সৌকর্য ঘোষালের দ্বিতীয় কাজ। এর আগে ‘ভূতপরী’ সিনেমাতে একসঙ্গে কাজ করেছিলেন তারা। সংশ্লিষ্টদের মতে, এই সিনেমায় তাদের শিল্পী ও পরিচালকের সম্পর্ক আরও গভীরতায় পৌঁছেছে।
জয়া আহসান ছাড়াও সিনেমাটিতে অভিনয় করেছেন কৌশিক সেন, ফজলুর রহমান বাবু, অনসূয়া মজুমদার, কনীনিকা বন্দ্যোপাধ্যায়সহ আরও অনেকে।










