প্রান্তিক, ক্ষুদ্র ও অন্যান্য কৃষকদের জন্য কৃষিঋণ সর্বোচ্চ ৭৫ হাজার রুপি মওকুফের ঘোষণা দিয়েছেন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী ও সুপারস্টার থালাপতি বিজয়। ভারতের বিধানসভায় ১১০ নম্বর বিধির আওতায় নতুন এ ঘোষণা দেন মুখ্যমন্ত্রী। এদিনই তার নেতৃত্বাধীন জোট সরকারের ১০০ দিন পূর্ণ হয়েছে। খবর দ্য হিন্দু ও হিন্দুস্তান টাইমস।

তিনি বলেন, নতুন সিদ্ধান্তের ফলে যেসব কৃষক এরই মধ্যে ঋণ মওকুফের সুবিধা পেয়েছেন, তাদের অনেকেই অতিরিক্ত সর্বোচ্চ ৪০ হাজার রুপি পর্যন্ত মওকুফ পাওয়ার সুযোগ পাবেন। ৭৫ হাজার থেকে ১ লাখ রুপি পর্যন্ত কৃষিঋণ নেয়া ২ লাখ ৩৮ হাজার ২৬৪ জন কৃষক এই সুবিধা পাবেন। তারা এরই মধ্যে পাওয়া মওকুফের অতিরিক্ত সর্বোচ্চ ৪০ হাজার রুপি পর্যন্ত মওকুফ পাবেন। এ অতিরিক্ত ঋণ মওকুফ বাস্তবায়নে সরকারের প্রায় ৯৫৩ কোটি ৬ লাখ রুপি অতিরিক্ত ব্যয় হবে।

বিজয় জানান, আগে কৃষিঋণ মওকুফের অর্থ সমবায় ব্যাংকগুলোকে কয়েক বছর ধরে পরিশোধ করা হতো। ২০২১ সালের কৃষিঋণ মওকুফের অর্থও ২০২১ থেকে ২০২৬ সালের মধ্যে ১২ কিস্তিতে সমবায় ব্যাংকগুলোকে দেয়া হয়েছে। তবে ভারতের রিজার্ভ ব্যাংকের ২০২৫ সালের নির্দেশনা অনুযায়ী, এখন সরকারকে ঋণ মওকুফের পুরো অর্থ ৪৫ থেকে ৬০ দিনের মধ্যে সমবায় ব্যাংকগুলোকে পরিশোধ করতে হবে। সব মিলিয়ে প্রায় ১৪ লাখ ৪৪ হাজার কৃষককে এ কৃষিঋণ মওকুফের আওতায় আনা হয়েছে। তাদের জন্য তামিলনাড়ু সরকারের মোট ব্যয় হবে ৬ হাজার ২২০ কোটি রুপি।