তরুণ নির্মাতা সাকিব ফাহাদের পরিচালনায় নির্মিত হচ্ছে নতুন চলচ্চিত্র ‘সোলজার’। এতে যুক্ত হয়েছেন গুণী অভিনেতা তৌকীর আহমেদ। দীর্ঘ বিরতির পর বড় পর্দায় ফিরছেন তিনি। চরিত্রের বিস্তারিত না জানালেও তৌকীর বলেন, ‘দুই–তিন বছর পর সিনেমায় ফিরছি। চরিত্রটি আমার ভালো লেগেছে, তাই কাজটির সঙ্গে যুক্ত হয়েছি।’ গত রোববার থেকেই তিনি শুটিংয়ে অংশ নিয়েছেন।

সিনেমার মূল চরিত্রে রয়েছেন শাকিব খান, আর তার বিপরীতে অভিনয় করছেন তানজিন তিশা। আরো অভিনয় করছেন তারিক আনাম খান, জান্নাতুল ফেরদৌস ঐশীসহ অনেকে। সিনেমাটির সিনেমাটোগ্রাফি করছেন কামরুল হাসান।

সিনেমার বিষয়বস্তু প্রসঙ্গে নির্মাতা ফাহাদ বলেন, ‘আমরা দেশপ্রেম নিয়ে একটি গল্প করতে চেয়েছি। বর্তমান সমাজের বাস্তবতা ও ভাবনার প্রতিফলনই থাকবে এতে।’ তিনি আরো জানান, ঈদকেন্দ্রিক মুক্তির ধারা ভেঙে, অন্য সময় সিনেমাটি মুক্তির পরিকল্পনা করা হয়েছে—যাতে সারা বছরই ভালো সিনেমা মুক্তি পায় এবং প্রযোজক-পরিবেশক সবাই উপকৃত হন।

এদিকে, শাকিব খান সম্প্রতি সান মিউজিক অ্যান্ড মোশন পিকচার্স লিমিটেডের সঙ্গে দুটি সিনেমার চুক্তি করেছেন। এ প্রতিষ্ঠানের ব্যানারেই তৈরি হচ্ছে ‘সোলজার’। অপর সিনেমার নাম শিগগিরই ঘোষণা করা হবে।

চুক্তি প্রসঙ্গে শাকিব খান বলেন, ‘দেশের বাইরে যেভাবে বড় উদ্যোক্তারা মূলধারার সিনেমায় বিনিয়োগ করেন, আমাদের দেশেও এখন সেই ধারা শুরু হলো। এটি চলচ্চিত্র ইন্ডাস্ট্রিতে নতুন দিগন্তের সূচনা করবে।’

সান মিউজিক অ্যান্ড মোশন পিকচার্স লিমিটেডের চেয়ারম্যান অঞ্জন চৌধুরী বলেন, ‘শাকিব খান বাংলা চলচ্চিত্রের এক উজ্জ্বল নাম। তিনি ২৬ বছরের বেশি সময় ধরে ইন্ডাস্ট্রির জন্য কাজ করে যাচ্ছেন। তার সঙ্গে আমাদের এই যাত্রা নতুন সম্ভাবনা সৃষ্টি করবে।’