বাংলা নাটকের দর্শকপ্রিয় জুটি নিলয় ও হিমি। এ জুটির অসংখ্য নাটক দর্শকের পছন্দের তালিকায় জায়গা করে নিয়েছে। ভিউয়ের দিক থেকেও তাদের নাটক রয়েছে এগিয়ে। এবার নতুন এক গল্পে হাজির হচ্ছেন তারা। করপোরেট দুনিয়ার দ্বন্দ্ব, প্রেম, পারিবারিক রহস্য ও অতীতের প্রতিশোধের গল্প নিয়ে ‘প্রথম প্রেমের গল্প’ নামে নতুন ইউটিউব সিরিজ নির্মাণ করছেন তানভীর তন্ময়। সিরিজটিতে নিলয় ও হিমিকে ভিন্নভাবে উপস্থাপনের পরিকল্পনা করেছেন নির্মাতা।
সিরিজে শিল্পপতি ফাইয়াজ চৌধুরী চরিত্রে অভিনয় করছেন নিলয়। চরিত্রটির প্রয়োজনে তার লুকেও পরিবর্তন আনা হয়েছে। এ প্রসঙ্গে তানভীর তন্ময় বলেন, ‘তাদের চেনা ইমেজে রাখতে চাইনি। নিলয় ভাইকে ভিন্নভাবে উপস্থাপনের পরিকল্পনা করি। দর্শক তাকে সাধারণত ক্লিন শেভ লুকে এবং কমেডি বা হাস্যরসাত্মক চরিত্রে দেখে অভ্যস্ত। আমরা এবার তাকে সেই জায়গা থেকে বের করে আনতে চেয়েছি। ফাইয়াজ চৌধুরী নামে এক শিল্পপতি চরিত্রে তাকে দেখা যাবে। চরিত্রের প্রয়োজনে তাকে স্টাইলিশ দাড়িতে দেখা যাবে।’
নিলয়ের নতুন লুক প্রসঙ্গে নির্মাতা বলেন, ‘আমি যখন স্ক্রিপ্ট ও লুক নিয়ে নিলয় ভাইয়ের সঙ্গে কথা বলি, তখন তিনি আমেরিকায় ছিলেন। প্রস্তাবটা শোনার পর নিজেই দাড়ি রাখা শুরু করেন। পরে আমেরিকা থেকে নতুন গেটআপের ছবি তুলে পাঠান। ছবিগুলো দেখার পর মনে হলো, আমি ফাইয়াজ চৌধুরীকে যেভাবে কল্পনা করেছিলাম, নিলয় ভাইয়ের এ লুক ঠিক সে রকমই হয়েছে। কস্টিউম ডিজাইনারের সঙ্গে কাজ করে তাদের পোশাক, হেয়ারস্টাইল ও গেটআপে এক্সপেরিমেন্ট করেছি। পুরো উপস্থাপনাটাই একটু অন্য রকম রাখার চেষ্টা করেছি।’
সিরিজটিতে মধ্যবিত্ত পরিবারের মেয়ে মেহনাজ কবির চরিত্রে অভিনয় করেছেন হিমি। নিলয় ও হিমি ছাড়াও এতে অভিনয় করেছেন ফারিন খান, আলীরাজ, সুজাতা, শতাব্দী ওয়াদুদ, ফারজানা চুমকি ও টাইগার রবি। বর্তমানে উত্তরায় সিরিজটির শুটিং চলছে। চলতি মাসেই নাজ এন্টারটেইনমেন্টের ইউটিউব চ্যানেলে সিরিজটি প্রকাশের পরিকল্পনা রয়েছে।










