শিশু-কিশোরদের প্রিয় গোয়েন্দা চরিত্র ‘ছোটকাকু’। বইয়ের পাতা পেরিয়ে ১৫ বছর ধরে টেলিভিশনের পর্দায়ও দর্শকদের আনন্দ দিয়ে আসছে চরিত্রটি। এবার ছোটকাকুকে ঘিরেই আয়োজন করা হয়েছে দুদিনব্যাপী ‘ছোটকাকু উৎসব ২০২৬’। আগামী ২৮ ও ২৯ সেপ্টেম্বর রাজধানীর আলোকিতে আয়োজিত হবে উৎসবটি।
এ নিয়ে গতকাল শনিবার দুপুরে চ্যানেল আই প্রাঙ্গণে অনুষ্ঠিত হয় ‘সাংবাদিক সমীপে ছোটকাকু উৎসব’ শীর্ষক সংবাদ সম্মেলন। সেখানে উপস্থিত ছিলেন ছোটকাকুর চরিত্রটির স্রষ্টা ফরিদুর রেজা সাগর, চ্যানেল আইয়ের পরিচালক ও বার্তা প্রধান শাইখ সিরাজ; গুণী অভিনেতা, নির্মাতা ও চিত্রশিল্পী আফজাল হোসেন, অভিনেতা ও নাট্য নির্দেশক তারিক আনাম খানসহ ছোটকাকুর সঙ্গে সংশ্লিষ্ট অনেকে।
সংবাদ সম্মেলনে জাননো হয়, দুদিনের আয়োজনে থাকছে মজাদার প্রতিযোগিতা, পুরস্কার, আড্ডা, আলোচনা ও বিনোদনমূলক নানা অনুষ্ঠান। আয়োজনটি নিয়ে ‘ছোটকাকু উৎসব’-এর অন্যতম আয়োজক সানাউল আরেফিন বলেন, ‘বাচ্চাদের কথা বিবেচনা করে আমরা দুদিনের পুরো আয়োজনটি রেখেছি। তারা যেন খুব সুন্দর কিছু নিয়ে ঘরে ফিরতে পারে।’
ছোটকাকুর ১৫ বছরের টেলিভিশন যাত্রার কথা তুলে ধরে তারিক আনাম খান বলেন, ‘১৫ বছর ধরে ‘‘ছোটকাকু’’ নাটক হিসেবে প্রচারিত হচ্ছে, এটা অবশ্যই অনেক দারুণ খবর। দুদিনব্যাপী ‘ছোটকাকু উৎসব’ নিয়ে যে আয়োজন রাখা হয়েছে, সেখানে সবাই শিশু-কিশোরদের নিয়ে আসুন, তাদের এই সাংস্কৃতিক কর্মকাণ্ডে যুক্ত করুন।’
বইয়ের পাতার ছোটকাকুকে পর্দায় প্রাণ দিয়েছেন গুণী অভিনেতা আফজাল হোসেন। ১৫ বছর ধরে চরিত্রটির সঙ্গে তার পথচলা। সংবাদ সম্মেলনে ছোটকাকুর সঙ্গে যুক্ত হওয়ার গল্প বলতে গিয়ে তিনি বলেন, ‘ছোটকাকু চরিত্রে আমি ১৫ বছর ধরে অভিনয় করছি, আর আমি অভিনয় করি চল্লিশ বছর ধরে। ছোটকাকু চরিত্রে যখন অভিনয় শুরু করি, তখন অভিনয় থেকে আমি প্রায় বাইরে চলে গেছি। আমাকে অভিনয় আর তখন আকর্ষণ করছিল না। আমরা বলেছি যে সবাই ছোটদের সাহিত্য করতে করতে বড় হয়েছি, মনে হয়েছে আমাদের এই পর্যায়ে এসে ছোটদের জন্য আমরা কিছুই করছি না। সেই দায় থেকেই ১৫ বছর ধরে ‘ছোটকাকু’ করে চলেছি।’
‘ছোটকাকু উৎসব’ নিয়ে কথা বলতে গিয়ে ফরিদুর রেজা সাগরের অন্যতম সৃষ্টি ছোটকাকুর প্রশংসা করেন চ্যানেল আইয়ের পরিচালক ও বার্তা প্রধান শাইখ সিরাজ। সিরিজটি নিয়ে তিনি বলেন, ‘ছোটকাকুর আবেদন এখন শুধু শহরের শিশুদের মধ্যে সীমাবদ্ধ নেই, প্রান্তিক অঞ্চলেও পৌঁছে গেছে। বিশেষ করে আমি যখন কৃষকের ঈদ আনন্দ করতে যাই, সেখানে অসংখ্য দর্শক থাকে, তার মধ্যে ছোট ছোট কিছু দর্শক থাকে। তাদেরও খেলা থাকে। আমি প্রায়শই সাগরের কাছ থেকে শিশুদের জন্য ছোটকাকুর যে স্কুল ব্যাগ, সেগুলো শিশুদের সেগমেন্টের জন্য নিয়ে যাই। তখন দেখি, ছোটকাকুর এই ব্যাগের জন্য কাড়াকাড়ি লেগে যায়। তার মানে বোঝাই যায়, তৃণমূল পর্যন্ত ছোটকাকু নাটকটির আবেদন তৈরি হয়েছে।’
১৫ বছর পূর্তিকে সামনে রেখে ছোটকাকু সিরিজের ১৪টি বই প্রকাশ হলো নতুন মোড়কে, নতুন আঙ্গিকে। ১০টি মোড়কের প্রতিটিতে ২টি করে ২০টি রহস্য কাহিনী রয়েছে। একটি বইতে দুটি প্রচ্ছদে প্রকাশিত হলো এই গ্রন্থগুলো। এছাড়াও ৪টি অনুবাদ গ্রন্থও প্রকাশিত হয়েছে।










