ক্যান্সার বাসা বেঁধেছে শরীরে। শুধু বাসা বাঁধা নয়, সঞ্জয় দত্ত এখন ফুসফুস ক্যান্সারের স্টেজ ফোরে আছেন। বলাই বাহুল্য, এটা মানুষকে মৃত্যুর মুখে ঠেলে দিতে পারে। চিকিৎসার জন্য কাজ থেকে ছুটি নিচ্ছেন সঞ্জয় দত্ত। সে কথা নিজে সোস্যাল মিডিয়া পোস্টে জানিয়েছেন। তবে চিকিৎসার জন্য বিদেশে যাওয়ার আগে এক সপ্তাহের মধ্যে সড়ক টু ছবির ডাবিংয়ের কাজ শেষ করবেন ‘সঞ্জু বাবা’।

সংবাদ সংস্থা পিটিআইকে এ খবর নিশ্চিত করেছেন সড়ক টু ছবির প্রযোজক সংস্থা বিশেষ ফিল্মসের এক কর্মকর্তা। এরই মধ্যে ছবির ট্রেলার মুক্তি পেয়েছে। ট্রেলার মুক্তির পর ইউটিউবে ডিজলাইক পাওয়ার রেকর্ড গড়েছে সড়ক টু। তৈরি হয়েছে সিনেমার প্যারোডি পোস্টার। হ্যাশট্যাগে ছবিটি বর্জনের আহ্বান ছড়িয়ে পড়েছে। সূত্র জানিয়েছে, এ নিয়ে সঞ্জয় দত্ত বেশ মর্মাহত হয়েছে। তিনি আশা করেন, দর্শকরা এ ঘৃণা থেকে বের হয়ে গল্প আর অভিনয় দিয়ে ছবিটি মূল্যায়ন করবেন।

চিকিৎসার জন্য সঞ্জয় দত্তের গন্তব্য নিয়ে জটিলতার কথা জানা গেছে। চিকিৎসার জন্য মার্কিন যুক্তরাষ্ট্রে যাওয়ার অনুমতি চেয়েছেন এ অভিনেতা। কিন্তু তার জন্য মার্কিন মুলুকের ভিসা পাওয়ার ক্ষেত্রে বেশকিছু জটিলতা রয়েছে। মুম্বাই ব্লাস্টের সঙ্গে যুক্ত থাকার অভিযোগে পাঁচ বছর কারাগারে কাটিয়েছেন সঞ্জয় দত্ত। এ কারণে তার মার্কিন ভিসা পাওয়া নিয়ে জটিলতা তৈরি হয়েছে বলে খবর প্রকাশ করেছে ভারতীয় গণমাধ্যম। সেক্ষেত্রে চিকিৎসার জন্য তিনি সিঙ্গাপুরে যেতে পারেন বলে ধারণা করা হচ্ছে।

অন্যদিকে সঞ্জয়ের স্ত্রী মান্যতা আনুষ্ঠানিক বিবৃতিতে কোনো রকম জল্পনা-কল্পনা না করার অনুরোধ জানিয়েছেন। তিনি বলেছেন, ‘আমি সঞ্জুর ভক্তদের বলতে চাই, দয়া করে কোনো রকম জল্পনা বা ভুয়া খবরে কান দেবেন না। তবে আমাদের জন্য ভালোবাসা, উষ্ণতা ও সমর্থন অব্যাহত রাখুন। সঞ্জু বরাবর একজন ফাইটার এবং আমাদের পরিবারও। ঈশ্বর আবার আমাদের পরীক্ষার সিদ্ধান্ত নিয়েছেন। এ চ্যালেঞ্জে আমার জয়ী হতে হবে।’

আপতত সরাসরি ওটিটি প্লাটফর্মে মুক্তির অপেক্ষায় রয়েছে সঞ্জয় দত্ত অভিনীত সড়ক টু। এছাড়া ভুজ: দ্য প্রাইড অব ইন্ডিয়া ছবিতেও দেখা যাবে তাকে। দুটি ছবিই মুক্তি পাবে ডিজনি প্লাস হটস্টারে। ২৮ আগস্ট সড়ক টু মুক্তি পাওয়ার কথা রয়েছে। এছাড়া কেজিএফ: চ্যাপ্টার টু, শমশেরা ও তোরবাজের মতো বিগ বাজেটের ছবিতে যুক্ত আছেন সঞ্জয় দত্ত। সঞ্জয়ের ক্যান্সার ধরা পড়ার পর এ ছবিগুলোর প্রযোজকরা দুশ্চিন্তায় পড়েছেন।

 

সূত্র: দ্য ট্রিবিউন ইন্ডিয়া