সুলতানা কামাল ছিলেন দেশের স্বনামধন্য ক্রীড়াবিদ। ষাট ও সত্তরের দশকে লং জাম্প ও ১০০ মিটার হার্ডলসে তিনি ছিলেন সবার সেরা। ক্রীড়াঙ্গনের উজ্জ্বল নক্ষত্র মনে করা হয় তাকে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠ পুত্র শেখ কামালের সঙ্গে বিয়ে হয়েছিল সুলতানা কামালের। ১৯৭৫ সালের ১৫ আগস্ট শেখ মুজিবুর রহমানের পরিবারের অন্য সদস্যদের সঙ্গে তাকেও হত্যা করে ঘাতকরা। ক্ষণজন্মা এ নক্ষত্রকে নিয়ে নির্মাণ হচ্ছে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র অ্যাথলেট সুলতানা কামাল। সরকারি অনুদানে নির্মিত চলচ্চিত্রটি পরিচালনা করেছেন রিয়াজুল হক ইমরান। এতে সুলতানা কামালের ভূমিকায় অভিনয় করেছেন কলকাতার রিয়া ঘোষ।
দেশের অন্যতম ক্রীড়াবিদ সুলতানা কামালকে নিয়ে নির্মিত চলচ্চিত্রটি নিয়ে রিয়াজুল হক ইমরান বলেন, ‘মাত্র ২৩ বছরের জীবন ছিল সুলতানা কামালের। খুব অল্প সময়ের মধ্যে তিনি অ্যাথলেটিক জগতে জনপ্রিয় হয়েছিলেন। ১০০ মিটার হার্ডলস, হাই জাম্প ও ব্রড জাম্পে তিনি ছিলেন সেরা। ষাট থেকে সত্তরের দশকে অ্যাথলেটিকস নিয়ে মানুষের ভেতর আগ্রহ ছিল। সুলতানা কামাল মাত্র ১৬ বছর বয়সে তৎকালীন পাকিস্তান অলিম্পিকে নতুন রেকর্ড স্থাপন করে স্বর্ণপদক জয় করেছিলেন। সে সময় নারী অ্যাথলেটদের জার্নি খুব সহজ ছিল না আর সেখানে সুলতানা কামাল একের পর এক অর্জন করে গেছেন। তার যাত্রা নিয়েই এ শর্ট ফিল্ম।’
অ্যাথলেট সুলতানা কামালের নির্মাণ ও মুক্তি প্রসঙ্গে নির্মাতা আরো বলেন, ‘আমরা স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রের শুটিং চলতি বছরেই করেছি। সিনেমাটির পোস্ট প্রডাকশনের কাজ প্রায় শেষ করেই ফেলেছি। আশা করছি, আগামী বছরের শুরুতে অ্যাথলেট সুলতানা কামাল সিনেমাটা মুক্তি দিতে পারব।’
কলকাতার মডেল রিয়া ঘোষ বর্তমানে ঢাকা বিশ্ববিদ্যালয়ে চারুকলায় মাস্টার্স করছেন। অ্যাথলেট সুলতানা কামাল স্বল্পদৈর্ঘ্যে অভিনয় প্রসঙ্গে রিয়া ঘোষ বলেন, ‘সুলতানা কামালের চরিত্রে অভিনয় করার জার্নিটা খুব সুন্দর, এটা আমাকে বলতেই হবে। আমি বাংলাদেশে এসেছিলাম পড়াশোনা করতে আর এসে এমন একটা কাজ করতে পারা আনন্দের। ওই সময় সুলতানা কামাল নারী হিসেবে স্পোর্টে যে অর্জন করেছেন, সেটা আমাকে টেনেছে। একজন অ্যাথলেট তিনি তার নিজের দেশকে তুলে ধরেছেন, এ বিষয়ও আমাকে অনেক অনুপ্রাণিত করেছে।’ স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রটির সঙ্গে যুক্ত হওয়া প্রসঙ্গে রিয়া বলেন, ‘আমি ঢাকা ইউনিভার্সিটিতে পড়াশোনা করি, তাই ঢাকা ফিল্ম চলচ্চিত্র সংসদের সঙ্গে আমি যুক্ত। কাজের প্রস্তাবটা এসেছিল সেখান থেকেই। আমি অডিশন দিই, এরপর সুযোগ হয়। আমাদের প্রযোজক সকাল ভাই ও নির্মাতা ইমরান ভাইকে ধন্যবাদ আমাকে কাজটা করার সুযোগ করে দেয়ার জন্য। আর এটার মেন্টর অমিতাভ রেজা ভাই ছিলেন। এ মানুষগুলোর কাছে আমি খুব কৃতজ্ঞ। আমি খুব এক্সাইটেড অ্যাথলেট সুলতানা কামাল শর্টফিল্মটির মুক্তি নিয়ে।’
ডিজিটাল শ্যাডো প্রডাকশনের ব্যানারে নির্মিত হচ্ছে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র অ্যাথলেট সুলতানা কামাল। এটি প্রযোজনা করছেন নেহরিন মোস্তফা ও আসাদুজ্জামান সকাল, আর মেন্টর হিসেবে আছেন নির্মাতা অমিতাভ রেজা চৌধুরী। প্রযোজক সকাল বলেন, ‘আমরা খুব সৌভাগ্যবান, সুলতানা কামালকে নিয়ে প্রথমবারের মতো ভিজুয়াল কাজ করছি। তার পরিবারের পক্ষ থেকে আমরা অনেক সহযোগিতা পেয়েছি এ কাজ করতে গিয়ে। সুলতানা কামালের দুই ভাই ও বড় বোন নানাভাবে আমাদের তথ্য দিয়েছেন। এছাড়া সংবাদপত্র, টেলিভিশন ন্যাশনাল আর্কাইভ বিভিন্ন জায়গা থেকে তথ্য নিয়ে যাচাই করে আমরা সুলতানা কামালের এ বায়োগ্রাফিটার শুটিং করি। নেহরিন মোস্তফা সুলতানা কামালের ভাইয়ের মেয়ে, তিনি প্রথম আমাদের বলেন গল্পটা নিয়ে তাদের কাজ করার আগ্রহের কথা। অমিতাভ রেজা ভাই প্রথম দিন থেকে মেন্টর হিসেবে ছিলেন। এখন আমাদের ইচ্ছা যত তাড়াতাড়ি সম্ভব এ স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রটি মুক্তি দেয়ার, যাতে দেশের মানুষ সুলতানা কামালকে নিয়ে জানতে পারে।’










