অস্কারের মঞ্চে এ বছর বাংলাদেশের প্রতিনিধিত্ব করবে লিসা গাজী পরিচালিত ‘বাড়ির নাম শাহানা’ সিনেমাটি। একাডেমি অব মোশন পিকচার আর্টস অ্যান্ড সায়েন্সেস (এএমপিএএস) আয়োজিত ৯৮তম একাডেমি অ্যাওয়ার্ডসের (অস্কার) আন্তর্জাতিক ফিচার ফিল্ম বিভাগে (বিদেশী ভাষার চলচ্চিত্র) প্রতিযোগিতা করবে সিনেমাটি।

বাংলাদেশ থেকে অস্কারে পাঠানোর জন্য এবার জমা পড়েছে পাঁচটি সিনেমা। এর মধ্য থেকে লিসা গাজীর ‘বাড়ির নাম শাহানা’কে চূড়ান্ত করা হয়েছে। বাংলাদেশ ফেডারেশন অব ফিল্ম সোসাইটিজের তত্ত্বাবধানে গঠিত অস্কার বাংলাদেশ কমিটি আজ (শনিবার) এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দিয়েছে।

৯৮তম অস্কারে আন্তর্জাতিক ফিচার ফিল্ম বিভাগে পাঠানোর জন্য চলতি মাসের শুরুর দিকে ছবি আহ্বান করা হয়। ১৬ সেপ্টেম্বর ছিল সিনেমা জমা দেয়ার শেষ তারিখ। নির্ধারিত সময়ে জমা পড়ে পাঁচটি সিনেমা-‘সাবা’, ‘বাড়ির নাম শাহানা’, ‘নকশিকাঁথার জমিন’, ‘প্রিয় মালতী’ ও ‘ময়না’।

এর মধ্যে বিচ্ছেদের পরও নিজের মত করে বাঁচতে চাওয়া এক নারীর অদম্য লড়াইয়ের সত্য কাহিনী অবলম্বনে নির্মিত ‘বাড়ির নাম শাহানা’ গত ১৯ সেপ্টেম্বর দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পায়। এতে দীপা চরিত্রে অভিনয় করেছেন আনান সিদ্দিকা। অন্য চরিত্রে রয়েছেন লুৎফর রহমান জর্জ, ইরেশ যাকের, কাজী রুমা ও কামরুন্নাহার মুন্নীসহ আরো অনেকে। এর আগে লন্ডন, শিকাগো, মেলবোর্ন, বার্মিংহাম, রোম, মুম্বাইয়ে প্রদর্শিত হয়েছে সিনেমাটি। এটি প্রযোজনা করেছে গুপী বাঘা প্রোডাকশন্স লিমিটেড ও কমলা কালেক্টিভ।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন অস্কার কমিটির সদস্য, আবেদন করা চলচ্চিত্রের প্রতিনিধির, সাংবাদিক ও চলচ্চিত্র সংশ্লিষ্টরা।