মুক্তির আগেই আন্তর্জাতিক মহলে সাড়া ফেলেছিল ‘পায়ের তলায় মাটি নাই’। এবারে হচ্ছে সিনেমাটির নতুন যাত্রা। অস্কারের ৯৬তম আসরে ‘বেস্ট ইন্টারন্যাশনাল ফিচার ফিল্ম’ বিভাগে বাংলাদেশ থেকে লড়বে মোহাম্মদ রাব্বি মৃধার পায়ের তলায় মাটি নাই। বিষয়টি নিশ্চিত করেছেন নির্মাতা।
অস্কারে বেস্ট ইন্টারন্যাশনাল ফিচার ফিল্ম বিভাগে সিনেমা মনোনয়নে বাংলাদেশের চলচ্চিত্র আহ্বান করা হলে মোহাম্মদ রাব্বি মৃধার প্রথম চলচ্চিত্র ‘পায়ের তলায় মাটি নাই’ ও মাশরুর পারভেজ পরিচালিত ‘গোয়িং হোম’ ছবি দুটি জমা পড়ে। শনিবার সিনেমা দুটি দেখার পর মোহাম্মদ রাব্বি মৃধার প্রথম চলচ্চিত্র পায়ের তলায় মাটি নাই চূড়ান্ত করে ৯৬তম অস্কার বাংলাদেশ কমিটি।
আবু শাহেদ ইমনের প্রযোজনায় পায়ের তলায় মাটি নাই ছবির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার বিজয়ী অভিনেত্রী দীপান্বিতা মার্টিন, মোস্তফা মনওয়ার, প্রিয়াম অর্চি প্রমুখ।
মোহাম্মদ রাব্বি মৃধা পরিচালিত প্রথম সিনেমা এটি। সিনেমাটির চিত্রনাট্যও তার লেখা। পায়ের তলায় মাটি নাই সিনেমাটিতে জলবায়ু পরিবর্তনের প্রভাবে একজন মানুষের জীবনের টানাপড়েনের গল্প দেখানো হয়েছে। সিনেমার গল্প মূলত সাইফুল নামের এক সাধারণ ব্যক্তিকে নিয়ে। তিনি একজন দরিদ্র অ্যাম্বুলেন্স চালক। তাকে তার দুই স্ত্রী, পরিবার, কাজ, নৈতিকতা ও সামাজিকতার নানা দ্বন্দ্বের ভেতর দিয়ে যেতে হয়। সাইফুল চরিত্রে অভিনয় করেছেন মোস্তফা মনওয়ার। অন্যদিকে, প্রথম স্ত্রী মিনার চরিত্রে প্রিয়াম অর্চি ও দীপান্বিতা মার্টিনকে দেখা যাবে দ্বিতীয় স্ত্রীর ভূমিকায়। ঈদ উপলক্ষে সিনেমাটির টিভি প্রিমিয়ার হয়েছিল। তবে এখনো প্রেক্ষাগৃহে মুক্তির অপেক্ষায় পায়ের তলায় মাটি নাই।
মোহাম্মদ রাব্বি মৃধা সিনেমাটি নিয়ে বলেন, ‘এটা আমাদের জন্য নতুন একটি অর্জন। বাংলাদেশ থেকে একটা সিনেমা অস্কারে যাচ্ছে আর সেটা আমার সিনেমা আমি খুব খুশি এটা নিয়ে। আমরা পায়ের তলায় মাটি নাই পুরো টিম আনন্দিত। আমার প্রথম সিনেমা অস্কারে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবে এটাই অনেক বড় ব্যাপার আমার জন্য। এছাড়া আমি দর্শককে বলতে চাই সিনেমাটা শিগগির হলে মুক্তি দেয়া হবে। আমি দর্শকের সঙ্গে বসে সিনেমাটা দেখতে চাই।’
সিনেমাটি নিয়ে দীপান্বিতা মার্টিন বলেন, ‘একাডেমি অ্যাওয়ার্ডস অস্কারের ৯৬তম আসরের বেস্ট ইন্টারন্যাশনাল ফিল্ম ক্যাটাগরিতে প্রতিযোগিতার জন্য বাংলাদেশ থেকে নির্বাচিত হয়েছে আমাদের পায়ের তলায় মাটি নাই সিনেমাটি। অস্কারের এবারের আয়োজনে বাংলাদেশকে রিপ্রেজেন্ট করবে সিনেমাটি। এ আনন্দ ভাগ করে নিতে চাই।’
এর আগে বণিক বার্তাকে দেয়া এক সাক্ষাৎকারে দীপান্বিতা মার্টিন বলেন, ‘এটা আমার প্রাণের সিনেমা। সত্যি বলতে এটা আমার খুব ভালোবাসার সিনেমা। এতে আমি যে চরিত্রটা করেছি সেটা আমার খুব পছন্দের। এটা করতে গিয়ে খুব তৃপ্তি পেয়েছি। আমার কাছে মনে হয়েছে মনের মতো একটা চরিত্র পেলাম। এখন আমি আমার মতো করে কাজ করতে পারব। সম্পূর্ণ ভিন্ন চরিত্র করেছি, তাই আলাদা মজা পেয়েছি। কাজটা করতে গিয়ে এমন কনফিডেন্স তৈরি হয়েছে।’
মোস্তফা মনওয়ার পায়ের তলায় মাটি নাই সিনেমায় তার চরিত্র নিয়ে বণিক বার্তাকে বলেন, ‘এ সিনেমার গল্প যখন শুনি, তখন আমার অনেক ভালো লেগেছিল। সাইফুল চরিত্রটি আমি করেছি, যে ঢাকা শহরে মাইক্রো চালায়। বিভিন্ন যাত্রী আসে। প্রতিটা যাত্রীরই আলাদা গল্প থাকে। সাইফুলের একজন স্ত্রী আছে গ্রামে। সে যত গ্রামে ফিরে যেতে চায়, শহরে আরো আটকে পড়ে। একের পর এক অদ্ভুত ঘটনা ঘটে তার জীবনে। শহরেও একপর্যায়ে সে বিয়ে করে ফেলে। ঢাকা শহর, এখানকার বউ, চাকরি সব মিলিয়ে শহরে আটকে যেতে থাকে।’
কোনো রকমের সংশোধন ছাড়াই গত বছরের সেপ্টেম্বরে বাংলাদেশ চলচ্চিত্র সেন্সর বোর্ড থেকে সেন্সর পায় পায়ের তলায় মাটি নাই। চলতি বছরে বুসান (কোরিয়া), ইন্ডিয়ার বেঙ্গালুরু, পুনেসহ শ্রীলংকা, জাপান, নেপাল, অস্ট্রিয়া, লন্ডন, কানাডা, অস্ট্রেলিয়াসহ বিশ্বের জনপ্রিয় ১৪টি চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হয়েছে পায়ের তলায় মাটি নাই। গত বছরে কলকাতায় অনুষ্ঠিত হয় ওয়ার্ল্ড ফিল্ম ফেস্টিভ্যাল। এ চলচ্চিত্র উৎসবে ডেব্যু ফিল্ম হিসেবে ফিপ্রেসকি-ইন্ডিয়া সমালোচক পুরস্কার জিতে নেয় বাংলাদেশের সিনেমা পায়ের তলায় মাটি নাই। এর আগে ‘নেপাল আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব’-এর পঞ্চম আসরে সেরা পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্রের ক্যাটাগরিতে ‘গৌতম বুদ্ধ অ্যাওয়ার্ড’ জিতেছিল সিনেমাটি। শ্রীলংকার জাফনা চলচ্চিত্র উৎসবে বিশেষ সমালোচক পুরস্কার জিতেছিল। বিশ্বের বিভিন্ন উৎসবে প্রদর্শিত হয়ে সুনাম কুড়িয়েছে।
একাডেমি অব মোশন পিকচার আর্টস অ্যান্ড সায়েন্সেসের আয়োজনে ২০২৪ সালের ১০ মার্চ অনুষ্ঠিত হবে ৯৬তম অস্কার অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠান। যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে ক্যালিফোর্নিয়ার ডলবি থিয়েটারে ২৪টি শাখায় দেয়া হবে পুরস্কার। বেস্ট ইন্টারন্যাশনাল ফিচার ফিল্ম সেগুলোরই একটি।
প্রতি বছরই বাংলাদেশ থেকে অস্কারের জন্য সিনেমা পাঠানো হয়। এর আগে মেজবাউর রহমান সুমন ‘হাওয়া’ অস্কারের ৯৫তম আসরের ‘বিদেশী ভাষার চলচ্চিত্র’ বিভাগে অংশ নিয়েছিল। এছাড়া ৯৪তম অস্কারের বাংলাদেশ থেকে পাঠানো হয়েছিল দুটি সিনেমা। এর মধ্যে একটি ছিল ‘দ্য গ্রেভ’, অন্যটি ‘রেহানা মরিয়ম নূর’। এর মধ্যে ৯৪তম অস্কারের মনোনয়নের জন্য সংক্ষিপ্ত তালিকায় জায়গা করে নিয়েছে গাজী রাকায়েতের সিনেমা দ্য গ্রেভ। এবার দেখার পালা পায়ের তলায় মাটি নাই সিনেমাটি অস্কারের মনোনয়নের জন্য সংক্ষিপ্ত তালিকায় স্থান পায় কিনা।










