বাংলা গানকে ছড়িয়ে দিতে গত বছরের শুরুতে বাংলাদেশে যাত্রা করেছিল মিউজিক্যাল ফ্র্যাঞ্চাইজি ‘কোক স্টুডিও’। এরই মধ্যে দুটি সিজন হয়েছে কোক স্টুডিও বাংলার। প্রথম সিজন ফেব্রুয়ারির মাঝামাঝিতে শুরু হয়েছিল। চলতি বছরের ভালোবাসা দিবসে শুরু হয়েছিল কোক স্টুডিও বাংলার দ্বিতীয় সিজন, যেটা গত সেপ্টেম্বরে শেষ হয়ে যায়। এবার অপেক্ষা তৃতীয় সিজনের। কোক স্টুডিও ভক্তদের প্রশ্ন কবে আসবে কোক স্টুডিও বাংলার তৃতীয় আসর। এ প্রসঙ্গে শায়ান চৌধুরী অর্ণব বলেন, ‘‌আমাদের সময় লাগবে সিজন থ্রি নিয়ে আসতে। সবে তো দ্বিতীয় আসর শেষ করলাম। এর মধ্যে দুটো কনসার্টের প্রস্তুতি নিতে হলো।’

প্রতি সিজন শেষেই মেগা কনসার্টের আয়োজন করে কোক স্টুডিও বাংলা। দুই আসরের গান দিয়ে এটি সংগীতপ্রেমীদের মন জয় করেছে। শ্রোতাপ্রিয় সেসব গান দিয়েই গত শুক্রবার আর্মি স্টেডিয়াম মাতিয়েছিল কোক স্টুডিও বাংলার দুই আসরের শিল্পীরা। এবার কোক স্টুডিও বাংলার শিল্পীরা কনসার্ট করছে কলকাতায়। আজ ও আগামীকাল কলকাতার অ্যাকোয়াটিকা মাঠে অনুষ্ঠিত হচ্ছে কোকাকোলা ফুড অ্যান্ড মিউজিক ফেস্টিভ্যাল। এ আসরেই দর্শক মাতাবে কোক স্টুডিও বাংলা। এ কনসার্টে আরো গান গাইবেন ভারতের জনপ্রিয় গায়ক অমিত ত্রিবেদী, থাকছে ফসিলস্, লক্ষ্মীছাড়া, দ্য ইয়েলো ডায়েরি, ইউফোরিয়াসহ বেশকিছু ব্যান্ড। কনসার্টকে কেন্দ্র করে এরই মধ্যে বুধবার ঢাকা ছেড়েছেন কোক স্টুডিও বাংলার সংগীতশিল্পীরা, বিষয়টি নিশ্চিত করেছেন শায়ান চৌধুরী অর্ণব। বাংলা গান বিশ্বের মঞ্চে ছড়িয়ে দেয়া প্রসঙ্গে বলতে গিয়ে অর্ণব বলেন, ‘আমরা মাত্র শুরু করেছি। আমাদের পরিকল্পনা আছে দুই বাংলার গান কোলাবরেশন করার। কোক স্টুডিও বাংলার গান নিয়ে আমরা কলকাতা পারফর্ম করতে এসেছি। কেবল দুই বাংলা নয়, আমরা অন্যান্য দেশের আর্টিস্টদের সঙ্গেও কোলাবরেশন করতে চাই। আমাদের চেষ্টা হচ্ছে আমাদের গান বিশ্বের কাছে আরো ছড়িয়ে দেয়া। এটাই আমাদের মূল লক্ষ্য।’ 

কোক স্টুডিও বাংলার দুই আসরে সব মিলিয়ে ২২টি গান এসেছে। সংগীতের এ যাত্রা নিয়ে জানতে চাইলে অর্ণব বলেন, ‘‌একটা সময় আমি হতাশ হয়ে যাচ্ছিলাম স্টুডিওতে বসে কম্পিউটারে গান কম্পোজ করতে গিয়ে। এরপর আমার কাছে যখন কোক স্টুডিও আসে, আমার মনে হয়েছিল এখন অনেক মানুষের সঙ্গে কানেক্ট হয়ে গান করা যাবে। আমার মনে হয় কানেক্টিংটা খুব দরকার। ‌এমন একটা পরিবেশ থাকবে যেখানে সব ধরনের মিউজিশিয়ান আসতে পারবে। সেটা ফোক, রক, জ্যাজ কিংবা পপ মিউজিশিয়ান যেটাই হোক না কেন, সবাই একসঙ্গে গাওয়ার সুযোগ পাব।’