বিশেষ দিনকে সামনে রেখে ওটিটি প্লাটফর্মগুলোয় থাকে বিশেষ আয়োজন। আর কিছুদিন পরই হ্যালোইন। দিনটিকে ঘিরে আন্তর্জাতিক বিনোদনমাধ্যমগুলোয় থাকে বিশেষ আয়োজন। আমাদের দেশের ওটিটিতেও থাকছে হ্যালোইনের আয়োজন। হ্যালোইনের মাসজুড়ে দেশের ওটিটি প্লাটফর্ম চরকিতে বিশেষ আয়োজন করা হয়েছে। সে ধারাবাহিকতায় চরকি অরিজিনাল সিরিজ ‘প্রচলিত’র পাঁচটি শর্টফিল্ম। পাঁচটি গল্প নিয়ে পাঁচ পর্বের অ্যান্থোলজিটি সিরিজের দ্বিতীয় গল্প ‘বিলাই’ মুক্তি পেয়েছে বৃহস্পতিবার রাতে। আবিদ মল্লিকের পরিচালনায় এ পর্বের মূল চরিত্রে অভিনয় করেছেন আব্দুল্লাহ আল সেন্টু। এ পর্বে অভিনয়ের জন্য বেশ প্রশংসা পাচ্ছেন সেন্টু।
করোনার সময়ে মানবতার গল্প উঠে এসেছে এ পর্বে। করোনাকালে দীর্ঘদিন লকডাউন ছিল সারা বিশ্বে। বাংলাদেশেও লকডাউন ছিল একটানা কয়েক মাস। ওই সময়ে মানুষের স্বাভাবিক জীবনে এসেছে আমূল পরিবর্তন। অনেকেই এ সময়ে চাকরি হারিয়ে চার দেয়ালের মাঝে সময় পার করেছেন। অর্থকষ্টের পাশাপাশি তিনবেলা খাবারের ব্যবস্থা করতে হিমশিম খেতে হয়েছে অনেককে। করোনার দুঃসময়ে অনেক অসহায় মানুষ আর পশুদের পাশে দাঁড়িয়ে মানবতার নতুন গল্প তৈরি করেছেন অনেকে। যার একটা উঠে এসেছে অ্যান্থোলজি সিরিজ প্রচলিতর দ্বিতীয় গল্প ‘বিলাই’তে। এতে উত্তম চরিত্রে অভিনয় করেছেন আব্দুল্লাহ আল সেন্টু। ২৩ মিনিটের ‘বিলাই’-তে সেন্টুর সঙ্গী ছিল একটি বিড়াল। আর একটি বিশেষ চরিত্রে ছিলেন ফারিণ খান। স্বল্প সংলাপের নিখুঁত অভিনয় নিয়ে দর্শকের মন জয় করেছেন তরুণ অভিনেতা সেন্টু। সামাজিক যোগাযোগমাধ্যমে সেন্টুকে নিয়েও অনেক দর্শক বলছে ইতিবাচক কথা।
এ সিরিজে সেন্টু তার কাজের অভিজ্ঞতা নিয়ে বলেন, ‘গল্পের নাম বিলাই শুনেই ভালো লেগেছিল। ছোটবেলায় শোনা নানা ভৌতিক ও অলৌকিক গল্পের মতো একটা গল্প এটা। জীবনের ক্রাইসিসের মুহূর্ত একটা ভিন্ন ওয়েতে তুলে ধরা হয়েছে এ গল্পে।’ সহশিল্পী হিসেবে বিড়ালের সঙ্গে কাজ করা কেমন চ্যালেঞ্জের ছিল তা জানিয়ে সেন্টু বলেন, ‘অন্যান্য প্রাণীর চেয়ে বিড়ালের সঙ্গে বন্ধুত্ব করাটা একটু কঠিন ও সময় সাপেক্ষ। বিড়ালের সঙ্গে কাজ করতে গিয়ে কামড় ও খামচি খেয়েছি। তবে শেষ পর্যন্ত কাজটা খুব ভালোভাবে ও আনন্দ নিয়ে শেষ করতে পেরেছি।’
সিরিজটির গল্প জানতে চাইলে নির্মাতা জানান, করোনা মহামারী চলা সময়ে নিম্নবিত্ত মানুষেরা বিধিনিষেধের শৃঙ্খল থেকে কীভাবে উত্তরণ পায় তা কল্প-কাহিনীর চেয়ে কোনো অংশে কম ছিল না। পুরো শহরে লকডাউন...ঘরে নেই খাবার। এমন একটি পরিস্থিতিতে পড়ে উত্তম। সেখানেই জানা যাবে, উত্তম ও তার বিড়ালের বিধিনিষেধের সময় বেঁচে থাকার এবং মানবতাকে বাঁচিয়ে রাখার গল্প। সিরিজটি নিয়ে নির্মাতা আবিদ মল্লিক বলেন, ‘কাজের প্রয়োজনেই দেশের বিভিন্ন জায়গায় যেতে হয়। প্রচলিত গল্পগুলোর ভাবনা এভাবেই হাঁটতে, চলতে, কখনো মানুষের মুখে, কখনো পড়ে, কিছু শৈশব থেকে ভাবনায় গেঁথে গেছে। সেই ভাবনাগুলোকেই সমসাময়িকতার চাদরে জড়িয়ে চেষ্টা করেছি এ সময়কে প্রতিফলিত করার।’
অভিনয়শিল্পীদের সঙ্গে কাজের অভিজ্ঞতা কেমন ছিল জানিয়ে পরিচালক বলেন, ‘সবাই খুব আন্তরিক ছিলেন। সব অভিনয়শিল্পী ও কলাকুশলী তাদের গণ্ডির বাইরে গিয়ে নিরবচ্ছিন্নভাবে আমাদের সর্বোচ্চটা দিয়েছেন।’
চরকির প্রধান নির্বাহী কর্মকর্তা রেদওয়ান রনি বলেন, ‘চরকি সবসময় ভিন্ন ধরনের ও ভিন্ন রকমের কনটেন্ট দর্শককে উপহার দিয়েছে। পেট কাটা ষ-এর পর আবারো মিস্ট্রি বা সুপারন্যাচারাল ঘরানার নতুন পাঁচটি গল্প নিয়ে সিরিজ প্রচলিত চরকিতে মুক্তি দেয়া হচ্ছে। সিরিজটি দেখে দর্শক পছন্দ করবে আমার বিশ্বাস।’
চলতি বছরের জুলাই-আগস্টে সিরিজটির শুটিং হয়েছে ঢাকা, মানিকগঞ্জ ও সাভারের বিভিন্ন লোকেশনে। সিরিজটিতে মোট পাঁচটি পর্ব প্রতি বৃহস্পতিবার মুক্তি পাচ্ছে। এরই মধ্যে মুক্তি পেয়েছে সিরিজের প্রথম গল্প ‘রিংটোন’। সম্প্রতি মুক্তি পেয়েছে দ্বিতীয় গল্প ‘বিলাই’। ‘বেওয়ারিশ’, ‘কলিংবেল’ ও ‘হাতবদল’ চরকিতে প্রচারিত হবে আগামী ২, ৯ ও ১৬ নভেম্বর। সমাজে প্রচলিত বা প্রবাদ বাক্য অর্থাৎ যেসব কথা লোকমুখে প্রচারিত, সেগুলো নিয়ে এগিয়েছে সিরিজটির কাহিনী। সিরিজটিতে অভিনয় করেছেন মোস্তফা মনওয়ার, ইয়াশ রোহান, সাদিয়া আয়মান, বায়োজিদ হক জোয়ার্দার, রফিউল কাদের রুবেল, মাহমুদ আলম, তনয় বিশ্বাস, রাফায়েতুল্লাহ সোহান, শাহানা রহমান সুমি, খালিদ হাসান রুমি, আশরাফুল আশীষ, অশোক বেপারীসহ আরো অনেকে।










