ভারতে আনলকের চতুর্থ পর্যায়ে খুলতে পারে সিনেমা হল। কেন্দ্রীয় সরকারের এমন পরিকল্পনার কথা জানিয়েছে দেশটির গণমাধ্যম। মাসখানেক আগে তথ্য সম্প্রচার মন্ত্রণালয় আগস্টেই সিনেমা হল খুলে দেয়ার জন্য আবেদন জানিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে। সে সময় তা কার্যকর হয়নি। ভারতীয় গণমাধ্যমগুলো বলছে, এবার জিম, রেস্তরাঁ, শপিং মলের পর ‘আনলক ৪’-এ সামাজিক দূরত্ব বিধি মেনে ভারতে সিঙ্গেল স্ক্রিন সিনেমা হলগুলো খোলার সিদ্ধান্ত নেয়া হয়েছে।

মহামারীতে ভারতের সিনেমা হল মালিকরা বড় আর্থিক ক্ষতির সম্মুখীন হয়েছেন। প্রযোজকরা অনলাইন প্লাটফর্মে কাজ চালিয়ে গেলেও হল মালিক ও সংশ্লিষ্টরা বেকার বসেছিলেন। শুটিংয়ের ছাড়পত্র মিললেও থিয়েটার, সিনেমা হলের দরজা এখনো বন্ধ! ভারতের বেশকিছু রাজ্যে সংক্রমণের হার বাড়ছে। ওটিটি প্লাটফর্মেই তাই স্বাচ্ছন্দ্য বোধ করছেন প্রযোজক-পরিচালকরা। থিয়েটার, মাল্টিপ্লেক্স, হল মালিকরা আছেন বিপদে। প্রায় সাড়ে পাঁচ মাস ধরে ভারতে সিনেমা হল বন্ধ। সিনেমা হল মালিকদের কথা বিবেচনায় নিয়ে ভারতের তথ্য সম্প্রচার মন্ত্রণালয় আগস্টে থিয়েটার, মাল্টিপ্লেক্স খোলার আবেদন জানায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে। কিন্তু ভারতের মহামারী পরিস্থিতির সংকট বিবেচনায় হল খোলা হয়নি।

উল্লেখ্য, সিনেমা হল খুললেও দর্শকদের বসার ক্ষেত্রে সামাজিক দূরত্ব বজায় রাখতে হবে। কর্তৃপক্ষ চাইছে দুটো সারির মাঝখানে একটা সারি ফাঁকা রেখেই দর্শক বসানো হোক। শুধু তাই নয়, দুজন দর্শকের মাঝে অন্তত তিন মিটার দূরত্ব বজায় রেখে বসানোর কথাও বলা হয়েছে। এসব সতর্কতামূলক ব্যবস্থার ভিত্তিতেই সিনেমা হল খোলার সিদ্ধান্তে সবুজ সংকেত দিয়েছে প্রশাসন। হলে মাস্ক পরা বাধ্যতামূলক হবে। জনসচেতনতার বার্তা দেয়া হবে সিনেমার বিরতিতে। হলের তাপমাত্রা রাখতে হবে ২৪ ডিগ্রি কিংবা তার বেশি।

 

সূত্র: ডিএনএ