মার্ভেল সিনেমাটিক ইউনিভার্সের সবচেয়ে ব্যবসাসফল কাজ ছিল অ্যাভেঞ্জার্স। পাশাপাশি জনপ্রিয়ও বটে। সুপারহিরোদের একত্র করে অ্যাভেঞ্জার্স প্রথম আসে ২০১২ সালে। অ্যাভেঞ্জার্সের এখন পর্যন্ত শেষ সিনেমাটি মুক্তি পায় ২০১৯ সালে, ‘অ্যাভেঞ্জার্স: এন্ডগেম’। বক্স অফিসে বহু রেকর্ড ভেঙেছিল এ সিনেমা। সাত বছর পর আসছে ‘অ্যাভেঞ্জার্স: ডুমসডে’। সিনেমাটি মুক্তির আগে এ মাসে পুনরায় থিয়েটারে মুক্তি দেয়া হলো অ্যাভেঞ্জার্স: এন্ডগেম, এবার নাম ‘অ্যাভেঞ্জার্স: এন্ডগেম এনকোর’। ৩ হাজার ৬০টি স্ক্রিনে মুক্তি পেয়ে গত শুক্রবার সিনেমাটি আয় করেছে ১ কোটি ১২ লাখ ডলার। টিকিট বিক্রি থেকে ধারণা করা হচ্ছে এটি তিনদিনে আয় করবে ২ কোটি ৬০ লাখ ডলারের মতো। নতুন মুক্তি পাওয়া কোনো সিনেমার জন্যও এ আয় সন্তোষজনক। সাত বছর পর পুনরায় মুক্তি পেয়ে এন্ডগেম প্রমাণ করল অ্যাভেঞ্জার্স এখনো জনপ্রিয়।