নির্মাতা এমডি ইকবালের ‘গুলশানের চামেলী’ সিনেমায় একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয়ের জন্য চুক্তিবদ্ধ হয়েছেন তিনি।
সিনেমাটির প্রযোজক জাহাঙ্গীর সিকদার বাপ্পারাজের যুক্ত হওয়ার খবর নিশ্চিত করেছেন। তবে চরিত্রটি নিয়ে এখনই মুখ খুলতে রাজি নন পরিচালক। এমডি ইকবাল বলেন, ‘চরিত্রটি নিয়ে এ মুহূর্তে বিস্তারিত বলতে চাই না। গল্প ও চরিত্র দুটোই বাপ্পারাজের পছন্দ হয়েছে। তিনি কাজটি করার বিষয়ে সম্মতি দিয়েছেন। তার মতো অভিজ্ঞ একজন শিল্পী আমাদের সিনেমায় যুক্ত হওয়ায় আমরা আনন্দিত।’
গল্পে বাপ্পারাজের চরিত্রটির বিশেষ গুরুত্ব রয়েছে বলেও জানান পরিচালক। তিনি বলেন, ‘আমরা গল্পের প্রয়োজন অনুযায়ী অভিনয়শিল্পী নির্বাচন করছি। বাপ্পারাজ যে চরিত্রটি করবেন, সেটির সিনেমায় গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। তার দীর্ঘদিনের অভিজ্ঞতা ও অভিনয় দক্ষতা চরিত্রটিকে আরো শক্তিশালী করবে।’
শুটিং শুরুর আগে প্রি-প্রডাকশনের কাজ এগিয়ে নিচ্ছেন নির্মাতা ও প্রযোজনা-সংশ্লিষ্টরা। শিল্পীদের সঙ্গে আলোচনা, লোকেশন বাছাইসহ নানা প্রস্তুতি চলছে। পরিকল্পনা অনুযায়ী আগামী ডিসেম্বরে শুটিংয়ে যাওয়ার কথা রয়েছে।
উল্লেখ্য, ২ আগস্ট রাজধানীর একটি হোটেলে ‘গুলশানের চামেলী’র মহরত অনুষ্ঠিত হয়। এর মধ্য দিয়ে সিনেমাটির আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়। বাংলাদেশ ও কলকাতার শিল্পীদের সমন্বয়ে সাজানো হয়েছে সিনেমাটির কাস্ট। বাপ্পারাজের সঙ্গে অভিনয় করবেন কলকাতার অভিনেত্রী মধুমিতা সরকার। এছাড়া বাংলাদেশের শিল্পীদের মধ্যে থাকছেন আজমেরী হক বাঁধন, ওমর সানী, মিশা সওদাগর, রোজিনা ও আশীষ খন্দকারসহ আরো অনেকে। নব্বইয়ের দশকে একাধিক জনপ্রিয় সিনেমায় অভিনয় করেছেন বাপ্পারাজ। পরবর্তী সময়ে অভিনয়ের পাশাপাশি চলচ্চিত্রের অন্যান্য কর্মকাণ্ডেও যুক্ত ছিলেন। নতুন এ সিনেমার মধ্য দিয়ে আবারো অভিনয়ে সক্রিয় হচ্ছেন তিনি।










