কে বলবে আইন-অপরাধ নিয়ে কাজ করা ব্যক্তির মনেও একজন গায়ক, চিত্রকর বা সিনেমাটোগ্রাফারের বাস হতে পারে! সেই ব্যতিক্রম উদাহরণেরই নাম মেহযেব চৌধুরী। আন্তর্জাতিক পরিমণ্ডলে তিনি বিশেষভাবে পরিচিত তার ‘মাবমাট’র জন্য। মার্স রোভারের অনুকরণে মাবমাট রোবট তৈরি করেছিলেন বাংলাদেশের তরুণ মেহযেব। উদ্দেশ্য ছিল অপরাধস্থল বিশ্লেষণ। এটি আমেরিকান বার অ্যাসোসিয়েশন, দ্য ন্যাশনাল অ্যারোনটিকস অ্যান্ড স্পেস অ্যাডমিনিস্ট্রেশনের (নাসা) প্রশংসাও পেয়েছে। এ রোবট তাকে বিশ্ব দরবারে এনে দেয় পরিচিতি।
মেহযেব চৌধুরী একাধারে উদ্ভাবক, প্রশিক্ষক, অপরাধ বিশেষজ্ঞ ও ফৌজদারি আইনের আইনজীবী। বর্তমানে নর্দামব্রিয়া ইউনিভার্সিটিতে সোশ্যাল সায়েন্স বিভাগে সহকারী অধ্যাপক হিসেবে কর্মরত এ বাংলাদেশী যুক্তরাজ্যে বসবাস করছেন। ২০টি দেশে আটটি ভাষায় প্রকাশ হয়েছে ড. মেহযেব চৌধুরীর গবেষণা। তবে এসব কিছুকে পাশে রেখে তিনি একজন সিনেমাটোগ্রাফার, চিত্রনাট্যকার ও আঁকিয়ে।
ডুরহাম ইউনিভার্সিটিতে পিএইচডি করার সময় সিনেমা তৈরিতে হাত দেন মেহযেব। সেখানে একটি খুব ভালো ফিল্ম সোসাইটিও পেয়ে যান তিনি। সে সময়ে কিছু শর্ট ফিল্ম বানান, যা ফিল্ম ফেস্টিভ্যালগুলোয় বেশ ভালো সাড়া পায়। সুযোগ পান সানড্যান্স কোলাব ও সানড্যান্স টিভির মতো কিছু সম্মানজন ফিল্ম ফেস্টিভ্যালে অংশ নেয়ারও। তারপর ব্রিটিশ একাডেমি অব ফিল্ম অ্যান্ড টেলিভিশন আর্টস, বাফটার একটি প্রোগ্রামে অংশ নেয়ার আবেদন করেন। সেখানে মেন্টর হিসেবে পান ‘লা লা ল্যান্ড’
এবং ‘ফার্স্ট ম্যান’
সিনেমার সিনেমাটোগ্রাফার লাইনাস স্যান্ডগ্রিনকে।
২০১৭ সালে এডওয়ার্ড কলিয়ারের পরিচালিত সিনেমা ‘রিডেম্পশন’-এ সিনেমাটোগ্রাফার ছিলেন মেহযেব। এর পরই তিনি বাফটার নজর কাড়েন। সেটা দিয়েই ২০১৯-২০ সালের ক্রু ডিরেক্টরিতে অংশ নেয়া উত্তর-পূর্বের একমাত্র সিনেমাটোগ্রাফারও হন। বর্তমানে ব্রিটিশ ফিল্ম একাডেমিতে সিনেমাটোগ্রাফার ও স্ক্রিনরাইটার হিসেবে অবদান রাখার জন্য তাকে বাফটা কানেক্ট প্রোগ্রামে গ্রহণ করা হয়।
২০২১ সালে চিত্রনাট্য লেখা শুরু করেন মেহযেব চৌধুরী। তারই কিছু প্রজেক্ট রেইনড্যান্স ফিল্ম ফেস্টিভ্যালে প্রিমিয়ার হয়। তার চিত্রনাট্যে ‘রিমাইন্ড মি ইয়েস্টারডে’
বার্লিন ফিল্ম ফেস্টিভ্যালে সেরা সাই-ফাই মুভির তকমা জেতে, আর রেইনড্যান্স ফেস্টিভ্যালে পায় দ্বিতীয় স্থান। সিনেমাটি পরিচালনা করেছিলেন আলেক্সান্দ্রা জেনজেক। পরিচালক মাইকেলা মইরের ‘ডাউনটাইম’
সিনেমার চিত্রনাট্যকার তিনি। সেটাও পরে দেখানো হয় বেশি কিছু ফেস্টিভ্যালে।
এসবের পাশাপাশি একটি সংগঠনও করছেন মেহযেব চৌধুরী। বাফটা ক্রু মেম্বারের দুই সহকর্মী হারেশ প্যাটেল ও শাওন বশিরের সঙ্গে গড়ে তুলেছেন
সাউথ এশিয়ান ফিল্ম টেলিভিশন অ্যান্ড কালেক্টিভ (সাফটাক)। সংগঠনটি দক্ষিণ এশিয়ার ক্রিয়েটিভ কাজগুলো যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যে উন্মোচিত করে। প্রতিষ্ঠানটির সদস্য প্রায় ১০০০ জন।
যা কিছু করেছেন, তাতেই সাফল্য পেয়েছেন মেহযেব। তার নিজের একটি ব্যান্ডও আছে। আইরিশ বন্ধু অ্যালেক্স ম্যাকডোনেলের সঙ্গে তিনি এটি প্রতিষ্ঠা করেন। এখন তার আগ্রহ তৈরি হয়েছে পেইন্টিং নিয়ে। বেশকিছু বার্তাও পাচ্ছেন সেগুলো কেনার জন্য। চিত্রকর্ম দিয়েও সমাজকে কিছু বার্তা দিতে চান মেহযেব।










