পুষ্পা: দ্য রাইজের ব্যাপক জনপ্রিয়তার পরে সিনেমাপ্রেমীরা প্রতীক্ষা করছেন পুষ্পা টু: দ্য রুল মুক্তির। তেলেগু সুপারস্টারের সিনেমাটি দর্শকদের ক্ষুধা আরো বেশি তীব্র করে তুলবে বলেই ধারণা করা হচ্ছে। আশা করা হচ্ছে, আগের সিনেমাকে ছাড়িয়ে যাবে নতুন এ সিনেমা।

পুষ্পার সিকুয়েলে শুধু যে বড় প্রডাকশন ভ্যালু থাকবে তা-ই নয় বরং প্রথম পার্টে যে পরিমাণ খরচ হয়েছে এবার সিনেমার বাজেট তার দ্বিগুণ। আবার এখন শোনা যাচ্ছে, পুষ্পা টু সিনেমায় একজন বলিউড অভিনেতাও থাকবেন। হিন্দি সিনেমাজগতের প্রথম সারির একজন অভিনেতা এ সিনেমায় আল্লু অর্জুনের সঙ্গে যুক্ত হবেন।

হায়দরাবাদের একটি সূত্র নিশ্চিত করেছে, অনেকেই বলছিলেন পুষ্পা টু সিনেমায় খলনায়কের চরিত্রে অভিনয় করবেন বলিউড তারকা অর্জুন কাপুর। আদতে সেসব ভিত্তিহীন গুজব। এ সিনেমায় খলনায়কের চরিত্রে থাকবেন ফাহাদ ফাসিল। তবে এটা ঠিক যে প্রথম সারির একজন বলিউড অভিনেতাকে পুষ্পা টু সিনেমায় দেখা যাবে।

সূত্র এও নিশ্চিত করেছে, চিরঞ্জীবীর সাম্প্রতিক সিনেমা গডফাদারে যেমন সালমান খানকে দেখা গিয়েছে, তেমনই বিস্তৃত ক্যামিও চরিত্রে বলিউড অভিনেতার অংশগ্রহণ থাকবে। ফলে পুষ্পা টু-তে সালমান খানের উপিস্থতির সম্ভাবনাও উড়িয়ে দেয়া যাচ্ছে না।

সুকুমার পরিচালিত অ্যাকশন-ড্রামা সিনেমা পুষ্পা: দ্য রাইজ মুক্তি পায় ২০২১ সালের ১৭ ডিসেম্বর। তারপর থেকেই ভক্তরা দ্বিতীয় পার্টের জন্য অপেক্ষা করছে। পুষ্পা টু সিনেমায়ও আগের কিছু অভিনয়শিল্পী থাকবেন। যেমন রাশমিকা মন্দানা থাকবেন কেন্দ্রীয় চরিত্রে। 

এরই মধ্যে সিনেমার তিনটি গানের শুটিংও শেষ হয়েছে বলে ইন্ডিয়ান এক্সপ্রেসকে জানিয়েছেন সংগীত পরিচালক দেবী শ্রী প্রসাদ। প্রথম পার্ট করার সময়ই অনেকটা কাজ এগিয়ে রাখা ছিল। তবে কবে পুষ্পা টু মুক্তি পাবে, তা এখনো নিশ্চিত করা হয়নি।

 

সূত্র: বলিউড হাঙ্গামা