এটি অবলম্বনে চলচ্চিত্র নির্মাণ করতে যাচ্ছে ইউরোপীয় চলচ্চিত্র প্রযোজনা ও বিতরণকারী শীর্ষ প্রতিষ্ঠান স্টুডিওক্যানাল। প্রতিযোগিতামূলক নিলামের মাধ্যমে উপন্যাসটির চলচ্চিত্র স্বত্ব কিনে নিয়েছে প্রতিষ্ঠানটি। সিনেমাটি যৌথভাবে প্রযোজনায় থাকবে ওয়ার্কিং টাইটেল ফিল্মস। বর্তমানে সিনেমাটির প্রাথমিক উন্নয়ন পর্যায়ে রয়েছে। ২৬ মে দ্য ডিভোর্স বইটি প্রকাশিত হওয়ার কথা রয়েছে। তারপর শুরু হবে সিনেমার কাজ।
থ্রিলারটির গল্পের কেন্দ্রে রয়েছে নাওমি নামের এক নারী, যার সাজানো সংসার হঠাৎ করেই ভেঙে পড়ে। তার স্বামী কোনো পূর্বাভাস ছাড়াই তাকে বাড়ি থেকে বের করে দেয়। যৌথ ব্যাংক হিসাবের অর্থ সরিয়ে নেয় এবং এক তরুণীর সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়ে। প্রথমে সবকিছু মেনে নিয়ে নতুন জীবন শুরুর চেষ্টা করলেও ধীরে ধীরে নাওমি স্বামীর নতুন প্রেমিকাকে ঘিরে সন্দেহে আচ্ছন্ন হয়ে পড়ে। তাকে অনুসরণ করতে গিয়ে একের পর এক অন্ধকার গোপন তথ্যের সন্ধান পায় সে। প্রকাশকের ভাষ্যানুযায়ী, এটি এমন এক মনস্তাত্ত্বিক থ্রিলার, যেখানে ভালোবাসা ধীরে ধীরে প্রতিশোধে রূপ নেয় এবং টিকে থাকাই হয়ে ওঠে সবচেয়ে বিপজ্জনক খেলা।
চুক্তির বিষয়ে ফ্রিডা ম্যাকফ্যাডেন বলেন, ‘স্টুডিওক্যানাল ও ওয়ার্কিং টাইটেল ফিল্মসের দলের সঙ্গে কাজ করতে পেরে আমি ভীষণ আনন্দিত। শুরু থেকেই তারা অসাধারণ উৎসাহ ও শক্তিশালী পরিকল্পনা নিয়ে এগিয়েছে। বড় পর্দায় গল্পটি কীভাবে রূপ নেয়, তা দেখার জন্য আমি অধীর অপেক্ষায় আছি।’
স্টুডিওক্যানালের প্রধান নির্বাহী কর্মকর্তা আনা মার্শ বলেন, ‘প্রথম পৃষ্ঠা থেকেই গল্পটি ছিল ভীষণ আকর্ষণীয়। ফ্রিডা ম্যাকফ্যাডেন পাঠককে নিরাপদ অনুভূতির মধ্যে নিয়ে গিয়ে হঠাৎ করেই সবকিছু বদলে দেয়ার অসাধারণ ক্ষমতা রাখেন। দ্য ডিভোর্স উচ্চাভিলাষী, আকর্ষণীয় ও থ্রিলার গল্পের এক অনন্য উদাহরণ। এ চুক্তি স্টুডিওক্যানাল স্টরিসের জন্য নতুন অধ্যায়ের সূচনা। ২০২৪ সালে চালু হওয়া বিশেষ শাখাটি সাহিত্যকর্মকে চলচ্চিত্র ও টিভি সিরিজে রূপান্তরে কাজ করছে।’
সিনেমাটির পুরো অর্থায়ন করছে স্টুডিওক্যানাল। প্রতিষ্ঠানটি যুক্তরাজ্য, ফ্রান্স, জার্মানি, ইতালি, পোল্যান্ড, অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডসহ বিভিন্ন দেশে সিনেমাটি মুক্তি দেবে।
উল্লেখ্য, ম্যাকফ্যাডেনের আগের উপন্যাস অবলম্বনে নির্মিত দ্য হাউজমেইড বিশ্বব্যাপী প্রায় ৪০ কোটি ডলার আয় করে। সিডনি সুইনি ও অ্যামেন্ডা সেইফ্রেড অভিনীত সিনেমাটি পরিচালনা করেন পল ফেইগ। এছাড়া ম্যাকফ্যাডেনের সিরিজের পরবর্তী বই ‘দ্য হাউজমেইডস সিক্রেট’-এর চলচ্চিত্র সংস্করণও ২০২৭ সালে মুক্তির কথা রয়েছে।
সূত্র ও ছবি: ভ্যারাইটি










