ব্যাটম্যান সিরিজে বেন অ্যাফ্লেককে রীতিমতো কিংবদন্তি বিবেচনা করা হয়। আবারো তাকে দেখা যাবে ব্যাটম্যানের ভূমিকায়। ডিসি কমিকসের দ্য ফ্ল্যাশ চরিত্রটিকে নিয়ে নির্মাণ হতে যাওয়া ছবিতে বেনকে পাওয়া যাবে ব্যাটম্যান হিসেবে। দ্য ফ্ল্যাশ নামে সুপারহিরো টিভি সিরিজটিরই বড় পর্দার সংস্করণ তৈরি হবে।
বেন অ্যাফ্লেককে বড় পর্দায় আবার ব্যাটম্যান চরিত্রে দেখা যাওয়ার খবর ভক্তদের মধ্যে আলোড়ন তুলেছে। কারণ এর আগে বেন জানিয়েছিলেন তিনি আর ব্যাটম্যানের ছবিতে কাজ করতে চান না। কারণ তিনি জানিয়েছিলেন ব্যাটম্যানের একটি ছবি লেখা, অভিনয় ও পরিচালনা করাটা ভয়ানক পরিশ্রমের। এ ছবিতে কাজ করতে গেলে তাকে স্বাস্থ্য নিয়ে বিশেষ নজর রাখতে হয়।
শুধু বেন অ্যাফ্লেক নন, ব্যাটম্যান রিটার্নসে কাজ করা মাইকেল কিটনকেও দেখা যাবে দ্য ফ্ল্যাশ-এ। পরিচালক অ্যান্ডি মাশিয়েত্তি ভ্যারাইটির কাছে এসব খবর নিশ্চিত করেছেন। তিনি জানিয়েছেন ছবিটা হবে ফ্ল্যাশপয়েন্টের অ্যাডাপটেশন। তিনি ইঙ্গিত দিয়েছেন দ্য ফ্ল্যাশে ব্যাটম্যানকে দেখা যাবে।
দ্য ফ্ল্যাশ ২০২২ সালে গ্রীষ্মে মুক্তি দেয়ার পরিকল্পনার কথা জানানো হয়েছে। ফ্ল্যাশ বা ব্যারি অ্যালেনের ভূমিকায় অভিনয় করবেন এজরা মিলার। ফ্ল্যাশ নামের সুপারহিরো পদার্থবিজ্ঞানের সূত্র তুচ্ছ করে সে অণুর কম্পন নিয়ন্ত্রণ করতে পারে। তার চলার গতিও অবিশ্বাস্য। ফ্ল্যাশপয়েন্ট সিরিজের ২০১১ সালের কমিকস থেকে ছবিটি নির্মিত হবে।
উল্লেখ্য, পরিচালক অ্যান্ডি মাশিয়েত্তি স্টিফেন কিং এর ইট এবং ইট চ্যাপ্টার টু নির্মাণ করেছেন। অ্যান্ডি এক সাক্ষাত্কারে বলেছেন, ‘তার (বেন অ্যাফ্লেক) ব্যাটম্যান বৈপরীত্যে ভরা। একদিকে সে দারুণ পৌরুষদীপ্ত, শক্তিশালী; কিন্তু অন্যদিকে আবার ভীষণ ভঙ্গুর। তার দরকার শুধু একটা গল্পের, যেখানে সে এই বৈপরীত্যটা ফুটিয়ে তুলতে পারবে।’
দু্ই সপ্তাহ আগে দ্য ফ্ল্যাশের চিত্রনাট্য দেয়া হয়েছিল বেন অ্যাফ্লেককে। এক সপ্তাহ পর তিনি আবার ব্যাটম্যানের পোশাক গায়ে চরাতে রাজি হয়েছেন।
স্বভাবতই বেন অ্যাফ্লেক রাজি হওয়ায় অ্যান্ডি বেশ খুশি। সে কথা জানাতেও ভোলেননি তিনি। ‘এমন কারো সঙ্গে কাজ করাটা আনন্দের যে ক্যামেরার সামনে কিংবা পেছনে উভয় জায়গাতেই দক্ষ।’
সূত্র: ভ্যানিটি ফেয়ার










