বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির ২০২৬-২৮ মেয়াদের দ্বিবার্ষিক নির্বাচনে সভাপতি নির্বাচিত হয়েছেন অভিনেতা শিবা শানু, আর সাধারণ সম্পাদক পদে জয়লাভ করেছেন জয় চৌধুরী। একই প্যানেল থেকে জয়লাভ করেছেন তারা দুজন। গতকাল ভোরে আনুষ্ঠানিকভাবে নির্বাচনের ফল জানিয়ে দেয় নির্বাচন কমিশন।

গত শুক্রবার বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশন (বিএফডিসি) প্রাঙ্গণে সকাল সাড়ে ৯টায় শুরু হওয়া ভোটগ্রহণ চলে সন্ধ্যা ৬টা পর্যন্ত। মোট ৫৭৩ ভোটারের মধ্যে ভোট দেন ৪৮০ জন। গণনা শেষে ১৭টি ব্যালট বাতিল বলে ঘোষণা করে নির্বাচন কমিশন।

ফলাফলে দেখা যায়, সভাপতি পদে শিবা শানু পেয়েছেন ২৪৩ ভোট, তার প্রতিদ্বন্দ্বী ফাইট ডিরেক্টর ও অভিনেতা আরমানের ঝুলিতে জমা পড়ে ১৭৩ ভোট। সাধারণ সম্পাদক পদে জয় চৌধুরী পান ২৩৭ ভোট। সেখানে প্রতিদ্বন্দ্বী রুমানা ইসলাম মুক্তি পান ১৭৯ ভোট।

সহসভাপতি পদে জয়ী হয়েছেন ডিএ তায়েব ও ইলিয়াস কোবরা। এ লড়াইয়ে হেরেছেন দুই বর্ষীয়ান অভিনেত্রী নূতন ও রোজিনা। সহসাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন সুব্রত, পরাজিত হয়েছেন রিনা খান।

কমিটির অন্য পদগুলোয়ও ফলাফল ঘোষণা করা হয়েছে। সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হয়েছেন সনি রহমান, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক পদে পারভেজ চৌধুরী আবির, দপ্তর ও প্রচার সম্পাদক পদে জ্যাকি আলমগীর, সাংস্কৃতিক ও ক্রীড়া সম্পাদক পদে মারুফ আকিব এবং কোষাধ্যক্ষ পদে কামরুজ্জামান কমল নির্বাচিত হয়েছেন। এছাড়া কার্যনির্বাহী সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন আলী রাজ, কাবিলা, কায়েস আরজু, জেসমিন, নাসরিন, ফরহাদ, শিপন মিত্র, রাকা, চিকন আলী, শিরিন শিলা ও সুশান্ত—মোট ১১ জন।

উল্লেখ্য, নির্বাচনকে ঘিরে গত কয়েক সপ্তাহ বিএফডিসি প্রাঙ্গণে ছিল উৎসবের আমেজ। দুটি পূর্ণাঙ্গ প্যানেলের মধ্যে মূল প্রতিদ্বন্দ্বিতা হয়—একদিকে আরমান-মুক্তি পরিষদ, অন্যদিকে শিবা শানু-জয় চৌধুরী পরিষদ।