ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়িকা পরীমনি এবার হাজির হচ্ছেন কাহিনিকার রূপে। তার কাহিনি অবলম্বনে নির্মিত হচ্ছে অডিও-ভিজ্যুয়াল কনটেন্ট।
তবে এ বিষয়ে বিস্তারিত জানতে অপেক্ষা করতে হবে আগামীকাল সোমবার ‘স্বপ্নজাল’ নায়িকার জম্মদিন পর্যন্ত।
মূলত জন্মদিনের বিশেষ উপহার হিসেবেই নায়িকার কাহিনিতে চমকপ্রদ একটি ঘোষণা আসছে। প্রজেক্টটির নাম ‘নতুন জন্মের গল্প’, যার চিত্রনাট্য রচনা ও পরিচালনার ভার কাঁধে তুলে নিয়েছেন রুদ্র হক।
নিজের ফেসবুক অ্যাকাউন্টে তিনটি ছবি পোস্ট করে খবরটি জানিয়েছেন রুদ্র। রয়েছে চিত্রনাট্যের কভার পৃষ্ঠার ছবি, যেখানে বড় অক্ষরে লেখা ‘নতুন জন্মের গল্প’। কাহিনিকার হিসেবে আছেন শামসুন্নাহার স্মৃতি, যার পর্দা নাম পরীমনি।
এ নিয়ে রুদ্র হক বণিক বার্তাকে বলেন, আমাদের দেখা জীবনের বাইরে ও ভেতরে অনেক গল্প থাকে। একই জন্মের ভেতর আমাদের অনেক নতুন জন্ম ঘটে। তেমনি একটা গল্প নিয়ে ‘নতুন জন্মের গল্প’।
পরিচালক জানালেন, কনটেন্টটির নির্মাণও প্রায় শেষ। তবে পূর্ণ্যদৈর্ঘ্য নাকি নাটক, প্রামাণ্যচিত্র নাকি তথ্যচিত্র তা নিয়ে কিছুই বললেন না রুদ্র।
প্রতি জম্মদিনে কোনো না কোনো চমক নিয়ে হাজির হন পরীমনি। চমকের ব্যতিক্রম ঘটল না এবারও। এখন দেখার পালা, কাহিনিকার পরী কী গল্প বুনেছেন!










