সারা বছরই বিনোদন পাড়ায় তারকাদের ব্যস্ততা চলতে থাকে। নতুন সিনেমা কিংবা কনটেন্ট নির্মাণেই ব্যস্ত থাকেন তারা। সম্প্রতি নতুন সিনেমার শুটিং করছেন সাইমন সাদিক ও নায়িকা শবনম বুবলী। কয়েকদিন ধরেই রাজধানীর উত্তরার একটি শুটিং হাউজে জসীম উদ্দিন জাকিরের কাহিনী, সংলাপ, চিত্রনাট্য ও পরিচালনায় ‘মায়া-দ্য লাভ’ সিনেমার শুটিং করছেন তারা। এ সিনেমায় সাইমনকে দেখা যাবে আরিফ চরিত্রে এবং বুবলী অভিনয় করছেন মাধু চরিত্রে। 

সিনেমাটিতে অভিনয় প্রসঙ্গে সাইমন সাদিক বলেন, ‘জসীম উদ্দিন জাকির ভাইয়ের নির্দেশনায় আমার প্রথম কাজ। তিনি সত্যিই অসাধারণ অভিনয় করেন। আমি তার নির্দেশনায় এক কথায় মুগ্ধ। শট নিয়ে এবং সিনেমার খুঁটিনাটি প্রত্যেকটা বিষয় নিয়ে তিনি যেভাবে ভাবেন, এটা আসলেই চোখে পড়ার মতো। আর বুবলীর সঙ্গে আমার রাজু ভাইয়ের একটি সিনেমার কাজ শেষ করেছি। নিঃসন্দেহে বুবলী একজন অসাধারণ অভিনেত্রী। আগামী ১০ ডিসেম্বর পর্যন্ত এ সিনেমার কাজেই ব্যস্ত থাকব। আশা করছি এর কাজ বেশ ভালোভাবে শেষ হয়ে দ্রুত মুক্তি দেয়া হবে। কারণ ছবিটি দেখার জন্য দর্শক অধীর আগ্রহে অপেক্ষা করছে।’ এ নিয়ে বুবলী বলেন, ‘বর্তমান সময়ের প্রেক্ষাপটে যদি বলি এ সিনেমা অনেক বড় পরিসরের। এটি জসীম ভাইয়ের সঙ্গে আমার প্রথম কাজ। গল্প অনুযায়ী যখন যেখানে যে বিষয় প্রয়োজন তিনি ঠিক তাই করছেন, কোথাও আপস করছেন না। তিনি যেভাবে শ্রম দিচ্ছেন, আমার কাছে মনে হচ্ছে চমৎকার গল্পের এ সিনেমা মুক্তি পেলে দর্শকের ভালো লাগবে। সাইমন ভাইয়ের সঙ্গে কাজ করে আমার ভালো লাগে, কারণ তিনি ভীষণ রকমের সহযোগিতাপরায়ণ। এ সিনেমা একটি মাল্টি কাস্টিং সিনেমা, যা এ সময়ে দেখাই যায় না। সিনেমাটিতে আরো আছেন মিলন ভাই, রোশান। সব মিলিয়ে এটি পরিপূর্ণ একটি সিনেমাই হচ্ছে।’ 

এর আগে সাইমন ও বুবলী জাকির হোসেন রাজু পরিচালিত ‘চাদর’ সিনেমার কাজ শেষ করেছেন। এছাড়া বুবলী এ সিনেমার শুটিং শুরুর আগে গুণী নির্মাতা চয়নিকা চৌধুরীর পরিচালনায় দ্বিতীয় সিনেমা ‘প্রহেলিকা’র শুটিং নিয়ে একটানা লম্বা সময় সিলেটে এবং এর আশপাশের অঞ্চলে ছিলেন। এতে তার বিপরীতে আছেন জনপ্রিয় টিভি অভিনেতা মাহফুজ আহমেদ। অন্যদিকে সাইমন সাদিকের প্রথম মুক্তিপ্রাপ্ত সিনেমা জাকির হোসেন রাজু পরিচালিত ‘জ্বী হুজুর’।

মোস্তাফিজুর রহমান মানিক পরিচালিত ‘জান্নাত’ সিনেমায় অভিনয়ের জন্য সাইমন জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেছেন। জনপ্রিয় অভিনেত্রী অপু বিশ্বাস প্রযোজিত ও সরকারি অনুদানপ্রাপ্ত ‘লাল শাড়ি’ সিনেমায়ও দেখা যাবে সাইমনকে।