বলিউড তারকা হৃতিক রোশন এবার নতুন ভূমিকায় হাজির হচ্ছেন। প্রথমবারের মতো ওয়েব সিরিজে নাম লেখালেও, ক্যামেরার সামনে নয়—পেছনে থেকে প্রযোজকের আসনে বসছেন তিনি। তার প্রযোজনা সংস্থা এইচআরএক্স ফিল্মস (ফিল্মক্রাফট প্রোডাকশনের একটি শাখা) থেকে আসছে প্রথম ওয়েব সিরিজ ‘স্টর্ম’।
সিরিজটি নির্মিত হচ্ছে অ্যামাজন প্রাইম ভিডিওর জন্য। এটি এক উচ্চঝুঁকিপূর্ণ থ্রিলার, যার কেন্দ্রে রয়েছে উচ্চাকাঙ্ক্ষা, গোপনীয়তা এবং টিকে থাকার লড়াইয়ের গল্প।
‘স্টর্ম’-এর স্রষ্টা ও পরিচালক অজিতপাল সিংহ, যিনি বাস্তবধর্মী গল্প বলার জন্য খ্যাত। তার পরিচালনায় হৃতিক নতুনভাবে প্রবেশ করছেন স্ট্রিমিং দুনিয়ায়।
এই সিরিজে অভিনয় করছেন একঝাঁক শক্তিশালী নারী শিল্পী—পার্বতী থিরুভোথু, আলায়া এফ, শৃষ্টি শ্রীবাস্তব, র্রামা শর্মা ও সাবা আজাদ। নারীকেন্দ্রিক এই কাহিনির চিত্রনাট্য লিখেছেন অজিতপাল সিংহ, ফ্রঁসোয়া লুনেল ও স্বাতী দাস।
হৃতিক রোশন বলেন, ‘স্টর্ম আমার কাছে বিশেষ এক কাজ। এটি আমার প্রযোজনা জীবনের প্রথম ওয়েব সিরিজ, যেখানে গল্পটি একইসঙ্গে জটিল এবং মানবিক। অজিতপালের নির্মাণজগৎ এত বাস্তব ও স্পর্শকাতর যে, আমি নিশ্চিত—এই গল্প শুধু ভারতের নয়, বিশ্বজুড়েই দর্শকের মনে দাগ কাটবে।’
‘স্টর্ম’-এর মাধ্যমে হৃতিকের নতুন যাত্রা শুধু প্রযোজনা জীবনের সূচনা নয়, বরং বলিউড তারকারা কন্টেন্ট-নির্ভর ওয়েব প্ল্যাটফর্মের দিকে ঝুঁকছেন—তারও এক অনন্য দৃষ্টান্ত।










