ম্যাট রিভসের ব্যাটম্যান মুক্তি পায় ২০২২ সালে। গথাম ও ব্যাটম্যানকে দর্শক চিনেছিল নতুন করে। ‘দ্য ব্যাটম্যান’ তখন শুধু একটি সুপারহিরো সিনেমায় সীমাবদ্ধ থাকেনি; বরং তা হয়ে উঠেছিল দুর্দান্ত এক ডার্ক ও সাইকোলজিক্যাল ক্রাইম থ্রিলার। ব্রুস ওয়েনের গোয়েন্দা রূপ এবং গথামের বিষণ্ন পরিবেশ দর্শক থেকে শুরু করে সিনেমা সমালোচক সবার মনেই গভীরভাবে রেখাপাত করেছিল।
প্রথম পর্বে সাফল্যের পর দর্শকের মনে যে তীব্র ব্যাকুলতা তৈরি হয়েছে, তার উত্তর দিতেই এবার ফিরে আসছে সিকুয়াল—‘দ্য ব্যাটম্যান: পার্ট টু’। ২০২৮ সালের ১৮ ফেব্রুয়ারি প্রেক্ষাগৃহে মুক্তি পেতে যাচ্ছে সিনেমাটি। দীর্ঘ ছয় বছরের এ দীর্ঘসূত্রতা নিয়ে ভক্তদের মনে কিছুটা অধৈর্য থাকলেও সম্প্রতি রবার্ট প্যাটিনসনের এক বক্তব্য ফের উদ্দীপনা জাগিয়ে তুলেছে।
সংবাদমাধ্যম ‘কোলাইডার’কে দেয়া এক সাক্ষাৎকারে প্যাটিনসন ইঙ্গিত দিয়েছেন, ‘প্রথম সিনেমার মতো এটি মোটেও গড়পড়তা কোনো অনুবৃত্তি হবে না। প্যাটিনসনের ভাষায়, প্রথম সিনেমাটি যেমন ব্যাটম্যান ফ্র্যাঞ্চাইজিতে এক ভিন্ন স্বাদ এনে দিয়েছিল, এবারো আমরা সম্পূর্ণ নতুন কিছু করতে যাচ্ছি। গল্পের মোড় এবার একেবারে অন্যদিকে ঘুরবে। অর্থাৎ, আগের সিনেমার আবহ কিছুটা বজায় থাকলেও দর্শক দেখতে পাবে একেবারে নতুন এক দ্যোতনা।’
ম্যাট রিভসের এ কিস্তিতে প্যাটিনসনের সঙ্গে যোগ দিচ্ছেন স্কারলেট জোহানসন ও সেবাস্টিয়ান স্ট্যান। পাশাপাশি থাকছেন চার্লস ড্যান্স, ব্রায়ান টাইরি হেনরি ও সেবাস্টিয়ান কখের মতো শক্তিশালী অভিনেতা। তবে রহস্যের চাদরে মুড়ে রাখা হয়েছে মূল কাহিনী। ২০২৫ সালের জুনেই চিত্রনাট্য শেষ হলেও সিনেমাটি মুক্তিতে কেন এত সময় লাগছে তা নিয়ে রয়েছে নানা জল্পনা-কল্পনা। কেননা ছয় বছর সিনেমার দুনিয়ায় সময়টা কম নয়। একটি চরিত্রের চেহারা বদলে যেতে পারে, দর্শকের রুচি বদলাতে পারে, এমনকি একটি ফ্র্যাঞ্চাইজির ভবিষ্যৎও নতুন পথে হাঁটতে পারে। এ বিষয়ে ব্যাখ্যা দিয়েছেন ডিসি স্টুডিওসের সহপ্রধান জেমস গান। তার মতে, বড় সিকুয়ালের পেছনে চার-পাঁচ বছর বা তার বেশি সময় নেয়া মোটেও অস্বাভাবিক নয়; বরং সঠিক রূপায়ণের জন্যই এ বিরতি।
গথামের অপরাধজগতের সঙ্গে লড়তে গিয়ে ব্রুস ওয়েন নিজেকে কীভাবে নতুন রূপে আবিষ্কার করবেন, তা দেখার জন্য বিশ্বব্যাপী সিনেপ্রেমীদের অপেক্ষার প্রহর গুনতে হচ্ছে। তবে প্যাটিনসনের রহস্যময় পূর্বাভাস আর তারকাদের উপস্থিতি ইঙ্গিত দিচ্ছে ‘দ্য ব্যাটম্যান: পার্ট টু’ শুধু একটি সাধারণ সিকুয়াল হতে আসছে না, বরং ডার্ক নাইট সিরিজের ইতিহাসে নতুন এক মাইলফলক হতে চলেছে, আর তা এখন থেকেই স্পষ্ট।
সূত্র: ভ্যারাইটি










