অভিনেতা ইলিয়াস কাঞ্চনের অসুস্থতার খবর ছড়িয়ে পড়তেই চলচ্চিত্র অঙ্গনে নেমে আসে গভীর বিষাদ। প্রিয় এ অভিনেতার দ্রুত আরোগ্য কামনায় বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতিতে অনুষ্ঠিত হয় বিশেষ দোয়া মাহফিল।

সমিতির সভাপতি মিশা সওদাগরের উদ্যোগে আয়োজিত এ দোয়া মাহফিলে অংশ নেন প্রবীণ ও নবীন শিল্পীরা। সবাই মিলে হাত তুলে দোয়া করেন—ইলিয়াস কাঞ্চন যেন দ্রুত সুস্থ হয়ে স্বাভাবিক জীবনে ফিরে আসেন।

দোয়া শেষে আবেগঘন কণ্ঠে মিশা সওদাগর বলেন, ইলিয়াস কাঞ্চন শুধু একজন অভিনেতা নন, তিনি আমাদের অনুপ্রেরণা। সমাজসচেতন নাগরিক ও মানবিক মানুষ হিসেবে তার অবদান অনন্য। তার অসুস্থতার খবর শুনে আমরা গভীরভাবে ব্যথিত। আল্লাহর কাছে তার পূর্ণ সুস্থতা কামনা করছি।

জানা গেছে, প্রায় দশ দিন আগে অভিনেত্রী রোজিনার কাছ থেকে প্রথম ইলিয়াস কাঞ্চনের অসুস্থতার খবর পান মিশা সওদাগর। পরিবারের অনুরোধে তখন বিষয়টি প্রকাশ না করলেও তিনি ব্যক্তিগতভাবে নিয়মিত দোয়া করে আসছিলেন। পরে কাঞ্চনের পরিবার আনুষ্ঠানিকভাবে বিষয়টি জানালে, শিল্পী সমিতি থেকে এ সম্মিলিত দোয়ার আয়োজন করা হয়।

দোয়া মাহফিলে উপস্থিত শিল্পীরাও আবেগাপ্লুত হয়ে প্রিয় সহকর্মীর দীর্ঘায়ু ও দ্রুত আরোগ্য কামনা করেন।

উল্লেখ্য, ইলিয়াস কাঞ্চন বর্তমানে লন্ডনের হার্লি স্ট্রিট ক্লিনিকে চিকিৎসাধীন। ব্রেন টিউমারের কারণে চলতি বছরের আগস্টে তার মাথায় অস্ত্রোপচার করা হয়। বর্তমানে অনকোলজিস্ট ভিনায়ার তত্ত্বাবধানে তিনি টার্গেট থেরাপি নিচ্ছেন।