নিজের কভিড আক্রান্ত এক বন্ধুর ছবি শেয়ার করে জেনিফার অ্যানিস্টোন সবাইকে মাস্ক ব্যবহারের আহ্বান জানিয়েছেন। মাস্ক পরা নিয়ে সচেতনতা তৈরিতে সক্রিয় ভূমিকা রাখছেন জেনিফার। তার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের ফলোয়ার সংখ্যা প্রায় সাড়ে তিন কোটি। এই অ্যাকাউন্ট ব্যবহার করে যুক্তরাষ্ট্রে করোনার সংক্রমণ হ্রাস করতে তিনি সবাইকে মাস্ক পরার অনুরোধ করছেন।করোনা পরিস্থিতির ভয়াবহতা বোঝাতে তিনি হাসপাতালে ভর্তি তার এক কভিড আক্রান্ত বন্ধুর ছবি শেয়ার করেছেন। সঙ্গে তিনি লিখেছেন তার এ বন্ধুর কোনো শারীরিক সমস্যা ছিল না। ‘ইনি আমাদের বন্ধু কেভিন। সুসাস্থ্যের অধিকারী একজন মানুষ। আর এখন তার এ অবস্থার পেছনে দায়ী কভিড। এটাই বাস্তবতা। এ সংকট এমনি আমরা অতিক্রম করতে পারব, এমন অবিবেচকের মতো ধারণা আমাদের থাকা উচিত নয়...যদি আমরা এর সমাপ্তি দেখতে চাই। আমরা এর শেষ দেখতে পারব যদি একটা ছোট কাজ করি, অনুগ্রহ করে মাস্ক পরুন।’

জেনিফার তার ভক্তদের স্মরণ করিয়ে দিয়ে বলেছেন, কভিড-১৯ সব বয়সের মানুষকেই ক্ষতিগ্রস্ত করতে পারে। ‘একবার তাদের কথা ভাবুন, যারা এ ভয়ানক ভাইরাসে আক্রান্ত হয়ে ভুগেছেন। আপনার পরিবারের জন্য মাস্ক পরুন, নিজের জন্যও। কভিড সবাইকে দুর্ভোগে ফেলছে।’

জেনিফার জানিয়েছেন, শেয়ার করা ছবিতে তার যে বন্ধুকে হাসপাতালের বেডে দেখা যাচ্ছে, তিনি কভিড থেকে সুস্থ হয়ে উঠেছেন।

ইনস্টাগ্রাম পোস্টে জেনিফার অ্যানিস্টোন তার ও কোর্টর্নি কক্সের একটি ছবি শেয়ার করেছেন, যেখানে তাদের দুজনকেই মাস্ক পরা অবস্থায় দেখা যাচ্ছে।

 

সূত্র: পিংকভিলা