সামাজিক যোগাযোগমাধ্যম থেকে শুরু করে সাংস্কৃতিক অঙ্গন—সর্বত্রই উঠে এসেছে মায়েদের অবদান ও ত্যাগের গল্প। এ বিশেষ দিনে আলোচনায় এসেছেন হলিউডের সেই সব তারকা মায়েরা, যারা শুধু সন্তানদের মানুষই করেননি, বরং তাদের ক্যারিয়ার গড়ে তুলতে থেকেছেন সবচেয়ে বড় সহযোদ্ধা হয়ে। বিনোদন জগতে এ ধরনের মায়েদের বলা হয় ‘মমেজার’, অর্থাৎ মা ও ব্যবস্থাপকের সমন্বিত ভূমিকা পালনকারী নারী। এমনই কয়েকজন মমেজার নিয়ে এ লেখা।

ক্রিস জেনার

হলিউডে মমেজার শব্দটিকে সবচেয়ে বেশি জনপ্রিয় করেছেন ক্রিস জেনার। পরিবারের বহুল আলোচিত রিয়ালিটি অনুষ্ঠান ‘কিপিং আপ উইথ দ্য কার্দাশিয়ান’ শুরুর আগেই তিনি তার সন্তান কিম কার্দাশিয়ান, কোর্টনি কার্দাশিয়ান, খোলে কার্দাশিয়ান, কেন্ডাল জেনার এবং কাইলি জেনারের কাজ ও ক্যারিয়ার দেখভাল করতেন। পরে তাদের পারিবারিক জীবনভিত্তিক তৈরি অনুষ্ঠান বিশ্বজুড়ে জনপ্রিয়তা পায়। এর মাধ্যমে কার্দাশিয়ান-জেনার পরিবার বিনোদন অঙ্গনের বড় একটি ব্র্যান্ডে পরিণত হয়। ক্রিস জেনারও মনে করেন, মমেজার শব্দটি জনপ্রিয় করার পেছনে তার বড় ভূমিকা রয়েছে।

টিশ সাইরাস

গায়িকা ও অভিনেত্রী মাইলি সাইরাস। তার মায়ের নাম টিশ সাইরাস। মাইলির ক্যারিয়ার গড়ে তোলার পেছনেও বড় ভূমিকা রেখেছেন তার মা টিশ সাইরাস। ২০০৬ সালে জনপ্রিয় টেলিভিশন ধারাবাহিক ‘হান্না মন্টানা’-র শুটিংয়ের জন্য মাইলি লস অ্যাঞ্জেলেসে গেলে টিশ তার পূর্ণকালীন ব্যবস্থাপকের দায়িত্ব নেন। পরে ছোট মেয়ে নোয়া সাইরাসের ক্যারিয়ারও দেখভাল করতে শুরু করেন। বর্তমানে তিনি টেলিভিশন ও চলচ্চিত্র প্রযোজনা প্রতিষ্ঠান হোপটাউন এন্টাটেইনমেন্টের মালিক ও প্রেসিডেন্ট। মা ও ব্যবস্থাপক এ দুই দায়িত্ব একসঙ্গে পালন করতে গিয়ে তাকে নানা কঠিন পরিস্থিতিরও মুখোমুখি হতে হয়েছে বলে বিভিন্ন সাক্ষাৎকারে জানিয়েছেন টিশ।

নিকি টেইলর

অভিনেত্রী ও গায়িকা তিয়ানা টেইলরের সাফল্যের পেছনেও রয়েছে তার মা নিকি টেইলরের অসাধারণ ত্যাগ। নিউইয়র্ক শহরের একজন ফ্যাশন স্টাইলিস্ট হিসেবে কাজ করতেন নিকি। কিন্তু মেয়ের স্বপ্ন পূরণের জন্য তিনি নিজের পেশাগত জীবন প্রায় ছেড়েই দেন। তিয়ানা মাত্র ১৫ বছর বয়সে সংগীতশিল্পী ও প্রযোজক ফ্যারেল উইলিয়ামসের স্টার ট্র্যাক এন্টারটেইনমেন্ট প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত হওয়ার পর থেকেই নিকি মেয়ের পূর্ণকালীন ব্যবস্থাপক হয়ে ওঠেন। তিনি ‘টেইলরমেড এন্টারপ্রাইজেস’ ও ‘টেইলরমেড ম্যানেজমেন্ট গ্রুপ’ নামে দুটি প্রতিষ্ঠানও গড়ে তোলেন।

শ্যারন পামার

অভিনেত্রী, গায়িকা ও উপস্থাপক কেকে পামারের ক্যারিয়ারের পেছনেও ছিলেন তার মা শ্যারন পামার। শিকাগোর একজন উচ্চ বিদ্যালয়ের শিক্ষিকা ছিলেন তিনি। মেয়ের প্রতিভাকে বিকশিত করতে স্বামী ল্যারি পামারকে নিয়ে পুরো পরিবারসহ হলিউডে পাড়ি জমান শ্যারন। এর পর থেকেই মেয়ের অভিনয় জীবনের প্রতিটি গুরুত্বপূর্ণ ধাপে পাশে থেকেছেন তিনি।

এ মায়েদের গল্প নতুন করে মনে করিয়ে দেয় সন্তানের সাফল্যের পেছনে একজন মায়ের অবদান কতটা গভীর হতে পারে। তারা শুধু সন্তানদের স্বপ্ন দেখতে শেখাননি, সে স্বপ্ন পূরণের পথও তৈরি করেছেন। কখনো ব্যবস্থাপক, কখনো পরামর্শদাতা, আবার কখনো সবচেয়ে বড় সাহস হয়ে পাশে থেকেছেন। হলিউডের এ মমেজার মায়েরা প্রমাণ করেছেন, ভালোবাসা আর ত্যাগ দিয়ে গড়ে তোলা যায় সন্তানের সাফল্যের সাম্রাজ্য।

সূত্র: হিন্দুস্তান টাইমস