যুক্তরাজ্যের শীর্ষ চলচ্চিত্র পুরস্কার বাফটা ফিল্ম অ্যাওয়ার্ডসে বড় জয় পেয়েছে পল থমাস অ্যান্ডারসন পরিচালিত ‘ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার’। সেরা চলচ্চিত্র ও সেরা পরিচালকসহ মোট ছয়টি বিভাগের পুরস্কার জিতেছে এ ডার্ক কমেডি ধাঁচের চলচ্চিত্র। খবর রয়টার্স।
তবে অন্য দুই শীর্ষ বিভাগে ‘ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার’কে টেক্কা দিয়েছে ‘হ্যামনেট’ ও ‘সিনার্স’। এর মধ্যে এবারের একাডেমি অ্যাওয়ার্ডসে রেকর্ডসংখ্যক মনোনয়ন পেয়েছে ‘সিনার্স’।
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রিন্স উইলিয়াম ও প্রিন্সেস অব ওয়েলস ক্যাথেরিন।
সেরা পরিচালকের পুরস্কার জেতা পল থমাস অ্যান্ডারসন বলেন, ‘আমাদের ছবিতে নিনা সিমোনের একটি লাইন ব্যবহার করেছি। তিনি বলেছিলেন, “আমি জানি স্বাধীনতা কী। এটা হলো ভয় না থাকা”। চলুন আমরা ভয় ছাড়াই কাজ করে যাই।’
সেরা অ্যাডাপ্টেড চিত্রনাট্য বিভাগেও অ্যান্ডারসন পুরস্কার জিতেছেন। অন্যদিকে সেরা পার্শ্ব অভিনেতার বিভাগে জেতেন একই চলচ্চিত্রের অভিনেতা শন পেন। তার সহ-অভিনেতা বেনিসিও দেল তোরো একই বিভাগে মনোনয়ন পেয়েছিলেন।
সমালোচক প্রশংসিত ‘ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার’ সেরা চিত্রগ্রহণ ও সেরা সম্পাদনা বিভাগেও পুরস্কার জেতে।
১৬টি অস্কার মনোনয়ন পাওয়া ‘সিনার্স’ পেয়েছে সেরা মৌলিক চিত্রনাট্য (লেখক ও পরিচালক রায়ান কুগলার), সেরা পার্শ্ব অভিনেত্রী (উনমি মোসাকু) এবং সেরা মৌলিক সঙ্গীতের পুরস্কার।
তবে আসরের সবচেয়ে বড় চমক ছিল রবার্ট আরামায়োর পুরস্কার জয়। ‘আই সোয়ার’ চলচ্চিত্রে টুরেট সিনড্রোম বিষয়ক প্রচারক জন ডেভিডসনের চরিত্রে অভিনয়ের জন্য সেরা অভিনেতার পুরস্কার জিতেছেন তিনি। এ বিভাগে আরো মনোয়ন পেয়েছিলেন টিমোথি শালামে, লিওনার্দো ডিক্যাপ্রিও, মাইকেল বি জর্ডান, ইথান হক ও জেসি প্লেমনস।
একই সন্ধ্যায় এটি ছিল রবার্ট আরামায়োর দ্বিতীয় পুরস্কার প্রাপ্তি। এর আগে তিনি ‘রাইজিং স্টার’ পুরস্কার জেতেন। অশ্রুসজল কণ্ঠে পুরস্কার গ্রহণ করে তিনি বলেন, ‘সত্যিই আমি বিশ্বাস করতে পারছি না।’
অন্যদিকে ‘হ্যামনেট’ চলচ্চিত্রে উইলিয়াম শেক্সপিয়ারের স্ত্রী অ্যাগনেসের চরিত্রে অভিনয়ের জন্য সেরা অভিনেত্রীর পুরস্কার জিতেছেন জেসি বাকলি। চলচ্চিত্রটি ম্যাগি ও’ফ্যারেলের উপন্যাস অবলম্বনে নির্মিত এবং পরিচালনা করেছেন অস্কারজয়ী ক্লোয়ি ঝাও।
সেরা ব্রিটিশ চলচ্চিত্রের পুরস্কারও পেয়েছে ‘হ্যামনেট’। তবে সেরা চলচ্চিত্রসহ প্রধান দুটি বিভাগে প্রত্যাশা থাকা সত্ত্বেও জয় পায়নি।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেছেন অ্যালান কামিং। চাচা অ্যান্ড্রু মাউন্টব্যাটেন-উইন্ডসরের গ্রেফতারের পর এটি ছিল উইলিয়াম ও কেটের প্রথম যৌথ প্রকাশ্য উপস্থিতি।










