এবারের বাফটা পুরস্কারে সব আলো কেড়ে নিয়েছে প্রথম বিশ্বযুদ্ধের এপিক অ্যাডাপ্টেশন ‘অল কোয়াইট অন দ্য ওয়েস্টার্ন ফ্রন্ট’। সেরা সিনেমাসহ সাতটি বিভাগ জিতে নিয়েছে নেটফ্লিক্সের আলোচিত এই নির্মাণ। খবর বিবিসি।

গতকাল রোববার (১৯ ফেব্রুয়ারি) রাতে লন্ডনের রয়্যাল ফেস্টিভ্যাল হলে জমকালো আয়োজনে অনুষ্ঠিত হয় ব্রিটিশ একাডেমি ফিল্ম অ্যাওয়ার্ডসের ৭৬তম আসর। জাতীয় ও আন্তর্জাতিক স্তরের সিনেমাকে মোট ২৪টি বিভাগে পুরস্কার দেয়া হয়।

‘অল কোয়াইট অন দ্য ওয়েস্টার্ন ফ্রন্ট’ আরো জিতেছে অ্যাডাপ্টেড স্ক্রিনপ্লে ও ইংলিশ নয় এমন ভাষার সেরা সিনেমার পুরস্কার। সেরা নির্মাতা হয়েছেন এডওয়ার্ড বার্গার, নিজের পুরস্কারটি ইউক্রেনের লড়াকুদের উদ্দেশ্যে উৎসর্গ করেন তিনি।

এর মাধ্যমে ইংলিশে নির্মিত নয় এমন সিনেমার ক্ষেত্রে সর্বোচ্চ পুরস্কারের রেকর্ড গড়ল এরিক মারিয়া রেমার্কের উপন্যাস অবলম্বনে নির্মিত এই ছবি।

এছাড়া আউটস্ট্যান্ডিং ব্রিটিশ ফিল্ম ও সেরা অভিনেতাসহ চারটি পুরস্কার জিতেছে ‘দ্য বানশিজ অব ইনিশেরিন’ ছবিটি। একই পরিমাণ পুরস্কার ঝুলিতে তুলে নিয়েছে বায়োপিক ‘এলভিস’।

‘টার’ চলচ্চিত্রের জন্য সেরা অভিনেত্রী হয়েছেন কেট ব্লানচেট। ‘এলভিস’ চরিত্রে সেরা অভিনেতার স্বীকৃতি পেয়েছেন অস্টিন বাটলার।

পার্শ্ব চরিত্রে সেরা হয়েছেন ‘দ্য বানশিজ অব ইনিশেরিন’ সিনেমার ক্যারি কনডন ও ব্যারি কিওগ্যান।

সেরা প্রামাণ্যচিত্র হয়েছে ড্যানিয়েলে রোহারের ‘নাভালনি’। সেরা অ্যানিমেটেড চলচ্চিত্রের স্বীকৃতি গেছে গুইয়ের্মো দেল তোরোর ‘পিনাকিও’ ছবির ঝুলিতে।