সঙ্গীতশিল্পী বাপ্পা মজুমদারের গান বরাবরই শ্রোতাদের হৃদয়ে আলাদা জায়গা করে নেয়। কথা, সুর আর আবেগের মিশেলে তার নির্মাণগুলো হয়ে ওঠে সময়ের সঙ্গী। সেই ধারাবাহিকতায় বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে তার নতুন গান ‘কোথায় যেন’ প্রকাশিত হয়েছে। গানে বাপ্পার সঙ্গে কণ্ঠ দিয়েছেন বিনতি। বিনতির অফিসিয়াল ইউটিউব চ্যানেলে শোনা যাচ্ছে গানটি।
গানটির ভিডিওতে মডেল হয়েছেন ছোটপর্দার জুটি পার্থ শেখ ও আইশা খান। মিউজিক ভিডিওটি পরিচালনা করেছেন রাজ ইসলাম এবং প্রযোজনা করেছে হোয়াইট ক্লাউড পিকচার্স। গানের দৃশ্যধারণ করা হয়েছে পুরান ঢাকার ঐতিহ্যবাহী লোকেশনগুলোয়, যেখানে ফুটে উঠেছে শহরের পুরোনো আবহ।
নতুন গান প্রসঙ্গে বাপ্পা মজুমদার বলেন, ‘পহেলা বৈশাখের আবহকে সামনে রেখে কোথায় যেন” গানটি তৈরি করা হয়েছে। আশা করছি গানটি দর্শকের হৃদয় ছুঁয়ে যাবে।’

শ্রোতাদের প্রতিক্রিয়াও বলছে, সেই প্রত্যাশা অনেকটাই পূরণ হতে চলেছে। শ্রোতাদের একজন মন্তব্য করেছেন, ‘গানটা সুন্দর। শেষ হয়ে যাওয়ার পরেও এটা আমার মনে রয়ে গেছে। সঙ্গীত সত্যিই সুন্দর কিছু এঁকে দেয়।’
আরেকজন লিখেছেন, ‘খুব সুন্দর হয়েছে গানটা।’ অন্য এক শ্রোতার ভাষায়, ‘খুব মিষ্টি একটা গান। মন ভালো করে দেয়ার মত অনুভূতি দেয়।’
গানটির কথা লিখেছেন শাহান কবন্ধ এবং সুর-সংগীত পরিচালনা করেছেন বাপ্পা নিজেই। ভালোবাসা, স্মৃতি ও আবেগের সূক্ষ্ম প্রকাশ গানটিকে করেছে আরও আবেদনময়।










